১৯৯৬ সালের বিশ্বকাপের সবচেয়ে প্রার্থিত আর আকর্ষণীয় ছিল ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি। হাইভোল্টেজ টেনশন, উত্তেজনা, বিতর্ক—সবই ছিল সে ম্যাচের অনুষঙ্গ। শুধু দক্ষিণ আফ্রিকা ছাড়া গ্রুপ পর্বের অন্য সব প্রতিপক্ষকে ধরাশায়ী করেও কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে ভারতের কাছে ৩৯ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল হট ফেবারিট পাকিস্তানকে। আর নভজোত্ সিং সিঁধু ও অজয় জাদেজার ব্যাটের ওপর ভর করে নিজ দেশের হাজারো দর্শককে আনন্দে উন্মত্ত করে দিয়ে ভারত স্থান করে নিয়েছিল সেমিফাইনালে। আর প্রতিপক্ষ পাকিস্তান হওয়ায় সেই ম্যাচের স্মৃতি আলাদা হয়েই জমা হয়েছে ভারতীয় সমর্থকদের মণিকোঠায়।ব্যাঙ্গালুরুর সেই ম্যাচটি শুরু হওয়ার আগেই তৈরি করেছিল বিতর্ক। পাকিস্তানের অধিনায়ক ওয়াসিম আকরাম নিজেকে আনফিট ঘোষণা করে ম্যাচের আগেই চক্ষুশূলে পরিণত হন পাকিস্তানি সমর্থকদের কাছে। তাঁকে ‘গাদ্দার’ বলতেও বাধেনি অনেকের। সব মিলিয়ে শুরু হওয়ার আগেই উত্তেজনার পারদ চড়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যকার সেই কোয়ার্টার ফাইনালটিতে।খেলায় প্রথমে ব্যাট করে ভারত সে ম্যাচে গড়ে তুলেছিল ২৮৭ রানের বিরাট সংগ্রহ। নভজোত্ সিং সিঁধুর দুর্দান্ত ৯৩ ও শেষদিকে অজয় জাদেজার ঝোড়োগতির ২৫ বলে ৪৪ ভারতকে তুলে দিয়েছিল রান পাহাড়ের চূঁড়ায়। ওয়াকার ইউনুস সে ম্যাচে তাঁর করা শেষ দুটো ওভার মনে রাখবেন আজীবন। তাঁর সেই মনে রাখা কোনো এক রাতের দুঃস্বপ্ন হিসেবেই রইবে তাঁর স্মৃতির পাতায়। কারণ জাদেজা তাঁর শেষ দুটো ওভারেই ৪২ রান তুলে নিয়ে পাকিস্তানকে অনেকটাই ছিটকে দিয়েছিলেন ম্যাচ থেকে।এর পরও আমির সোহেল, সাঈদ আনোয়ার, ইজাজ আহমেদ, ইনজামাম-উল-হক, সেলিম মালিক ও জাভেদ মিয়াঁদাদের সমন্বয়ে গড়া পাকিস্তানের তারকাখচিত ব্যাটিং লাইন-আপ ভারতের পাহাড়সম সংগ্রহকে দারুণভাবেই চ্যালেঞ্জ জানিয়েছিল। এই চ্যালেঞ্জে নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান আমির সোহেল ও সাঈদ আনোয়ার। প্রথম উইকেট জুটিতে এঁরা দুজন মিলে ৮৪ রান তুলে ফেলেছিলেন স্বল্পতম সময়েই। সাঈদ আনোয়ার ৩২ বলে ৪৮ রান করে আউট হয়ে গেলে আমির সোহেল ইজাজ আহমেদকে সঙ্গী করে গড়ে তোলেন আরও একটি চমত্কার জুটি। দলের রান যখন ১১৪, ঠিক তখনই ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদের সঙ্গে আমির সোহেলের এক ‘দ্বৈরথ’ আজও অমর হয়ে রয়েছে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে।পাকিস্তানের দলীয় ১০৯ রানের সময় বল করছিলেন ভেঙ্কটেশ প্রসাদ। প্রসাদকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে চার মারলেন আমির সোহেল। পৌঁছে গেলেন নিজের অর্ধশতকে। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম তখন শোকস্তব্ধ। এত রান করেও বোলিং ব্যর্থতায় হারের কথা চিন্তা করে ভারতীয় সমর্থকদের অবস্থা তখন তথৈবচ। এ সময়ই টেম্পারামেন্টের খেলা ক্রিকেটে এক মহা ভুল করে বসলেন দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা আমির। প্রসাদকে উদ্দেশ করে এক্সট্রা কাভারের দিকে ব্যাট তুলে বললেন, ‘ওই জায়গাটা তো খালি রেখে দিয়েছ। ওখানে একটা ফিল্ডার রাখো!’ কথাটা খুব সাধারণ হলেও সোহেলের বলার ভঙ্গি ছিল যুদ্ধংদেহি। ব্যাট তুলে কমপক্ষে দুবার প্রসাদকে উদ্দেশ করে কথাটি বলেন তিনি। মার খেয়ে আহত প্রসাদ মাথা ঠান্ডা করে নিজের বোলিং মার্কে ফিরে গেলেন। বল করলেন, আমির ব্যাটও চালালেন। কিন্তু ততক্ষণে প্রসাদের হাত থেকে বেরিয়ে আসা বলটি আমির সোহেলকে ফাঁকি দিয়ে সরাসরি ভেঙে দিয়েছে তাঁর স্ট্যাম্প। প্রতিশোধ নিতে পেরে উত্তেজনায় ফেটে পড়লেন প্রসাদ। মুখ থেকে বেরিয়ে যায় গোটা কয়েক অশ্রাব্য খিস্তি। উন্মত্ত উল্লাসে মাতিয়ে দেন তিনি গোটা স্টেডিয়ামকে। আর আমির সোহেল ততক্ষণে মাথা নিচু করে প্যাভেলিয়নের দিকে হাঁটা শুরু করেছেন। ব্যাঙ্গালুরুর ছোট্ট অথচ উত্তেজনাময় সেই মুহূর্তটি কিছুটা গড়ে দিয়েছিল ম্যাচের ভাগ্য। কারণ আমির সোহেলের ঘটনাটি পাকিস্তান দলের মনোসংযোগও তছনছ করে দিয়েছিল, যার ফলে খুব দ্রুতই তিনটি উইকেট হারিয়ে ম্যাচ থেকে বেরিয়ে যায় পাকিস্তান।৯৬-এর বিশ্বকাপের এই ম্যাচটি অনেক দিক দিয়েই আলোচিত ও বিতর্কিত হয়ে আছে। ভারত ও পাকিস্তানের চিরন্তন উত্তেজনার কিছু নমুনা এই ম্যাচের পর কাঁপিয়ে দিয়েছিল ক্রিকেট দুনিয়াকে। পাকিস্তান ম্যাচটি হেরে যাওয়ার পর লাহোরের এক ক্রিকেট পাগল সমর্থক নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। ওয়াসিম আকরাম ও তাঁর পরিবারকে এই ম্যাচ না খেলার মূল্য দিতে হয়েছিল। হারের শোকে উন্মত্ত পাকিস্তানিরা তাঁর কুশপুত্তলিকায় আগুন দিয়েই ক্ষান্ত হয়নি, তাঁর বাড়িতে একদল ‘হিজড়া’ জড়ো করে পারিবারিক পরিবেশকে করেছিল বিব্রত। আর এই ম্যাচেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ৬৪ বলে ৩৮ রানের ইনিংস খেলে পাকিস্তানি কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ সমাপ্তি ঘোষণা করেছিলেন তাঁর তিন দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের।