‘এ’ দল তো নয়, ৩ আগস্ট যেন বাংলাদেশ জাতীয় দলই যাবে ইংল্যান্ডে! ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তিনটি এক দিনের ম্যাচের আগে বিভিন্ন কাউন্টি দলের বিপক্ষে আরও পাঁচটি ম্যাচ খেলবে দলটা। প্রতিপক্ষ কঠিন, কন্ডিশনও সহজ নয়। দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় থাকার পরও তাই সফরটাকে চ্যালেঞ্জিং বলছেন অধিনায়ক জহুরুল ইসলাম এ’ দলের ছায়ায় তো প্রায় জাতীয় দলই ইংল্যান্ডে যাচ্ছে। অধিনায়ক হিসেবে কেমন লাগছে আপনার?জহুরুল ইসলাম: আমি আসলে অধিনায়কত্বকে বেশি গুরুত্ব দিচ্ছি না। নিজের প্রস্তুতিটা মূলত ব্যাটসম্যান হিসেবেই নিচ্ছি। তবে এ ধরনের দলের অধিনায়কত্ব করা তুলনামূলক সহজ। সবাই অভিজ্ঞ খেলোয়াড়, প্রয়োজনে সাহায্য করে। আপনাদের জন্য তো ইংলিশ কন্ডিশন বরাবরই কঠিন। ‘এ’ দলের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে পারে এই সফর?জহুরুল: ইংল্যান্ড লায়ন্স গতবার আমাদের দেশে এসে এক দিনের ক্রিকেটে সিরিজ হেরে গেছে। টি-টোয়েন্টি ড্র করেছে। ওরা নিশ্চয়ই চাইবে প্রতিশোধ নিতে। এই মৌসুমে ওদের উইকেট একটু ফ্ল্যাট থাকলেও আমাদের জন্য হয়তো বাড়তি বাউন্স আর মুভমেন্টের ব্যবস্থা করবে। সেদিক দিয়ে সহজ হবে না সিরিজটা। ইংল্যান্ড লায়ন্স যেকোনো মূল্যে সিরিজ জিততে চাইবে। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলার আগে তো কাউন্টি দলগুলোর বিপক্ষে পাঁচটা প্রস্তুতি ম্যাচও খেলবেন...জহুরুল: হ্যাঁ, প্রতিটা দলই ভালো। সবাই খেলার মধ্যে আছে এখন। ইংল্যান্ডে আগেও গিয়েছি আমি। আমার অভিজ্ঞতা বলে, ইংল্যান্ড ‘এ’ দলের সঙ্গে কাউন্টি দলগুলোর খুব বেশি পার্থক্য থাকে না। সিরিজে আপনাদের মূল লক্ষ্য কী?জহুরুল: লক্ষ্য অবশ্যই ইংল্যান্ড লায়ন্সকে সিরিজ হারানো। তবে আমরা আসলে এই সফরকে শেখার অংশ হিসেবেই নিচ্ছি। ওই কন্ডিশনে যারা ভালো খেলবে, তাদের আত্মবিশ্বাস বাড়বে। সামনে নিউজিল্যান্ড সিরিজ। দলের অনেকের জন্য এই সফর টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। ইংল্যান্ডে ভালো করা খেলোয়াড়েরা জাতীয় দলে অটোমেটিক চয়েজ হয়ে যেতে পারে। দলের শক্তি ও দুর্বল জায়গাগুলো কী?জহুরুল: বোলিং নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট। তবে হরতাল আর বৃষ্টির কারণে ব্যাটসম্যানদের প্রস্তুতি তেমন ভালো হয়নি। লম্বা ফিটনেস ক্যাম্প করলেও সে তুলনায় স্কিল ট্রেনিং হয়েছে কম। আমাদের ইচ্ছা ছিল আরও দু-একটা প্রস্তুতি ম্যাচ খেলার। সে অনুযায়ী আগামীকাল (আজ) ও ১ তারিখে দুটি ম্যাচ ছিল। কিন্তু মাঠে কাজ চলায় ম্যাচ দুটি হবে না। প্রস্তুতিতে তাহলে ঘাটতি থেকেই যাচ্ছে...জহুরুল: আমার মনে হয়, ওখানে গেলে সব ঠিক হয়ে যাবে। এটা মূলত মানিয়ে নেওয়ার ব্যাপার। অনেক ভালো ব্যাটসম্যানও নতুন জায়গায় মানিয়ে নিতে পারে না। সফরের প্রথম দুটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হলে পরেও ধারাবাহিকতা থাকে, তার প্রমাণ তো এশিয়া কাপ ক্রিকেটই। খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের ক্ষেত্রেও একই কথা বলব। আপনার ব্যক্তিগত লক্ষ্য কী এই সফরে?জহুরুল: কিছুদিন থেকে আমি সেট হয়ে আউট হয়ে যাচ্ছি। ভালো শুরুটা ধরে রাখতে পারছি না। সমস্যাটা দূর করে বড় ইনিংস খেলতে চাই। জাতীয় দলের বাইরে চলে গেছেন যেসব খেলোয়াড়, ‘এ’ দলের হয়ে তাঁরা কীভাবে নিচ্ছেন সফরটাকে?জহুরুল: সবাই খুব সিরিয়াস। ইমরুল কায়েস, নাঈম...কিংবা আমার কথাও যদি বলেন। সবাই খুব চাচ্ছি এই সফরে পারফর্ম করতে। আমরা জানি, ইংল্যান্ডে ভালো খেললে নিউজিল্যান্ড সিরিজে সুযোগ পাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। সবাই তাই এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি।