‘ব্যাটসম্যান’ সাজেদুলের দিনে ‘বোলার’ জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াউর রহমান যেন ফিরে পেলেন নিজের বোলার সত্তা! শীতের সকালে বিসিবি উত্তরাঞ্চল তাতে আক্ষরিক অর্থেই জমে গেল। ফরহাদ, জহুরুল, নাঈমকে ফেরানোর পর নাসিরকেও এলবিডব্লিউ করে দেখালেন ড্রেসিংরুমের পথ। ৫২ রানে পঞ্চম উইকেটের পতন। মধ্যাহ্ন বিরতিটা তখনই দিয়ে দেওয়ায় নন স্ট্রাইকিং এন্ডে থাকা উত্তরাঞ্চলের অধিনায়ক মুশফিকুর রহিমও নাসিরের পিছু পিছু মাঠ ছাড়লেন। মুখে নিকষ কালো অন্ধকার।ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে দুই ব্যাটসম্যানের ফিরে আসা দেখছিলেন সাজেদুল ইসলাম। পেস বোলার, ব্যাটিং করেন ১০ নম্বরে। ব্যাটসম্যানেরা কেন এভাবে আউট হয়ে ফিরছেন, সেটার ব্যাখ্যা তিনি আর কী দেবেন! তার পরও ‘এই অবস্থা কেন’ প্রশ্নে অভিজ্ঞ ব্যাটসম্যানের মতো বললেন, ‘বলে প্রচুর মুভমেন্ট হচ্ছে। প্রথম দুইটা ম্যাচই বগুড়ায় খেলেছি তো, ওখানে ফ্ল্যাট উইকেটে খেলে এসে এখানে মুভমেন্টে সমস্যা হচ্ছে।’ব্যাটসম্যানের মতো কথাই বললেন না শুধু, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল সত্যি সত্যিই ব্যাটসম্যান হয়ে গেলেন সাজেদুল। উইকেট বা বোলিং কোনোটাই তখন খুব কঠিন মনে হলো না। ৫২ রানে নাসিরের আউটের পর অষ্টম উইকেট পর্যন্ত ব্যাটিং বিপর্যয়ের মধ্য দিয়েই এগোনো উত্তরের ইনিংস যেন নতুন করে শুরু হলো নবম উইকেট জুটিতে। সানজামুল-সাজেদুলের ফিফটির সুবাদে এই জুটিতেই এল ১২৭ রান।চার ছক্কা আর নয় বাউন্ডারিতে ৭৫ বলে ৭৬, প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের সর্বোচ্চ ইনিংসটা সাজেদুল খেললেন পুরোই ওয়ানডে মেজাজে। দুবার জীবন পেলেন, আউটের ধরনও ওয়ানডেসুলভ। সেঞ্চুরির সম্ভাবনা যে উঁকি দিচ্ছে, সেটা দেখেও যেন দেখলেন না। তাপস ঘোষকে বের হয়ে মারতে গিয়ে স্টাম্পড। ২০০৮ সালে জাতীয় লিগে খুলনার বিপক্ষে বরিশালের হয়ে ক্যারিয়ার-সর্বোচ্চ ৭৫ রানের ইনিংসটা মাত্রই পেরিয়েছেন তখন।শেষ উইকেটে সানজামুল-সাকলাইন সজীব যোগ করেছেন আরও ৩৯। ১৩৮ বলে ৭৩ রান (৮টি চার) করে শাফাক আল জাবেরের বলে কট বিহাইন্ড হয়েছেন সানজামুল। দলের রানটা ৩০০-তে নিতে পারলে একটি বোনাস পয়েন্ট পাওয়া যেত। তবে ২৯১-যে হলো, সাজেদুল-সানজামুল জুটির আগে সেটাও সম্ভবত আশা করেনি উত্তরাঞ্চল। ওপেনার জহুরুলের ২৯ আর অধিনায়ক মুশফিকের ৩৬ ছাড়া টপ ও মিডল অর্ডারে কেবলই ব্যর্থতার হাহাকার। মূল ধাক্কাটা দিয়েছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের পেসার জিয়া। প্রথম পাঁচ উইকেটের চারটিই জিয়ার। সাজেদুলের ব্যাটসম্যান হয়ে ওঠার মতো জিয়ার বোলার হয়ে ওঠাটাও এ ম্যাচের একটা বিশেষ ঘটনা। কারণ জিয়া মূলত পেস বোলার হলেও ঘরোয়া ক্রিকেটের ব্যাটিং পারফরম্যান্সের জন্য সাম্প্রতিক সময়ে তাঁকে ব্যাটসম্যান হিসেবেই চিনতে শুরু করেছিল সবাই। সেই জিয়ার এমন বোলিং দেখে প্রধান নির্বাচক আকরাম খানও রসিকতা করলেন, ‘জিয়া দেখি বোলার হয়ে গেছে!’