'ব্যাটালিয়নে থাকা তো সম্ভব নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারমিন আক্তার (রত্না)
শারমিন আক্তার (রত্না)

বাংলাদেশ আনসার তাদের সব খেলোয়াড়কে সফিপুরে আনসার একাডেমিতে যোগ দিতে বলেছে। এটা সম্ভব নয় ধরে নিয়ে আনসার থেকে কাল পদত্যাগ করেছেন শারমিন আক্তার (রত্না)। এ নিয়েই কাল কথা বললেন কমনওয়েলথ শ্যুটিংয়ের সোনাজয়ী শ্যুটার

l শুনলাম, আপনি আনসার ছেড়েছেন। এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কী?

শারমিন আক্তার: সবচেয়ে বড় কারণ, আনসার বলেছে সব খেলোয়াড়কে সফিপুরে গিয়ে থাকতে হবে। আমার পক্ষে তো ব্যাটালিয়নে গিয়ে থাকা সম্ভব নয়। তাই আজ (কাল) পদত্যাগপত্র দিয়ে এলাম।

l ব্যাটালিয়নে থাকা সম্ভব নয় মনে করছেন কেন?

শারমিন: দেখুন, এত দিন আমরা আগে খেলোয়াড় তারপর আনসারের সদস্য ছিলাম। কিন্তু এখন নিয়ম করা হয়েছে, আগে সবাইকে আনসার হতে হবে। মানে, আনসারের প্রাতিষ্ঠানিক ট্রেনিং নিতে হবে। আমি একজন খেলোয়াড়, খেলাটাই আমার কাছে আগে। তাই আনসারের এমন নির্দেশ পালন করা অসম্ভব হয়ে পড়েছে আমার জন্য।

l এটা তো সত্য, আপনার এগিয়ে চলার পথে আনসারের বিরাট অবদান আছে...

শারমিন: অবশ্যই, আমি তা স্বীকারও করি। আমি ২০০৫ সালে নিজের প্রথম ন্যাশনালটাই খেলেছি আনসারের হয়ে। পরের বছর চাকরি হয় আনসারে। প্রথম থেকেই আমি ঘরোয়া শ্যুটিংয়ে আনসারের পক্ষে খেলে এসেছি। কিন্তু এখন তো তারা সবকিছুই ফেরত নিয়েছে।

l সবকিছু মানে, কী ফেরত নিয়েছে?

শারমিন: আনসারের টাকায় আমি প্রায় পাঁচ লাখ টাকার শ্যুটিং সরঞ্জাম কিনেছিলাম। রাইফেলসহ সেসবই তারা ফেরত নিয়েছে। এগুলো পেতে আমাকে অনেক ঘাম ঝরাতে হয়। বেশ কিছুদিন আগে ডিজি মহোদয় প্রতিশ্রুতি দেওয়ার পরও আমাকে রাইফেল দেওয়া হচ্ছিল না। আমি তাই পদত্যাগও করেছিলাম। ডিজি মহোদয় সেটি গ্রহণ করেননি। পরে আমাকে টাকা দেওয়া হয় সরঞ্জাম কেনার জন্য।

l এখন তাহলে কী করবেন?

শারমিন: আমার তো চাকরির অভাব হবে না। আমি অন্য দল থেকে আগেও প্রস্তাব পেয়েছি। এখন তো পাবই। আমার চিন্তা হচ্ছে অন্য খেলোয়াড়দের নিয়ে, যাদের কাছে আনসারের চাকরিটা খুব দরকার। তারা এখন ব্যাটালিয়নে গিয়ে থাকতে না পারলে বাধ্য হয়ে হয়তো চাকরি ছাড়বে। যেটা দেশের গোটা ক্রীড়াঙ্গনেই নেতিবাচক প্রভাব ফেরতে পারে।

l আনসার কর্তৃপক্ষ বলেছে, সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে আনতেই এই সিদ্ধান্ত। আপনি এটাকে কীভাবে দেখেন?

শারমিন: তারা কী চায় বা কী বলেছে, সেটার চেয়ে বড় কথা, খেলোয়াড়েরা ক্ষতিগ্রস্ত হবে। একজন খেলোয়াড়ের পক্ষে তো সফিপুর গিয়ে আনসারের ট্রেনিং নেওয়া কঠিন। এটা বুঝতে হবে। যখনই কেউ যেতে পারবে না, তখন তার সামনে বিকল্প হলো চাকরি ছাড়া। আর চাকরি ছাড়া মানে তো খেলার ওপরও একটা প্রভাব পড়া। এটাই সবচেয়ে হতাশার।

l এমনিতে অন্য খেলোয়াড়েরা কী বলছেন?

শারমিন: সবাই আক্ষেপ করছে। শুনেছি, কোনো কোনো খেলোয়াড়কে নাকি পার্বত্য এলাকায় পাঠানো হয়েছে। এখন বলেন, এভাবে কি খেলাধুলা হয়? বাংলাদেশের খেলাধুলায় আনসারের অনেক অবদান রয়েছে। অনেক খেলোয়াড় একটা ঠিকানা পেয়েছে আনসারকে অবলম্বন করে। এখন জানি না কী হবে? আমি তো পদত্যাগ করলাম, হয়তো আমার মতো অনেকে সরে যেতে পারে আনসার খেকে। এমনকি ক্রীড়াঙ্গনই ত্যাগ করতে পারে খেলোয়াড়দের একটা অংশ।