‘ব্যাটিং তারকা ধ্বংস করে কোচিং’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার খেলোয়াড় তৈরির উৎসমুখ হামাগুড়ি দিচ্ছে। একটা প্রশ্নও উঠছে, তরুণ ব্যাটসম্যানদের আন্তর্জাতিক মানে গড়ে তোলার জন্য বিকল্প কী আছে?গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একটা ব্যাপার দেখে আমি অবাক হয়েছিলাম। মূল দেশগুলোর একটি ছাড়া সবারই ফাস্ট বোলাররা উন্নতির ধারায় ব্যাটসম্যানদের থেকে এগিয়ে। ব্যতিক্রম ছিল ভারত। ওদের কয়েকজন ব্যাটসম্যানের ছিল সহজাত ফুটওয়ার্ক। প্রতিপক্ষের বোলিংকে শাসন করার মতো শটও ছিল হাতে। আলাদা করে বলা যায় উন্মুক্ত চাঁদের কথা।১৭ বছর বয়সী রিকি পন্টিংকে যখন আমি ক্রিকেট একাডেমিতে দেখেছিলাম, মাত্র পাঁচটি মিনিটই যথেষ্ট ছিল। ওর প্রতিটি পদক্ষেপই বলছিল ও ভবিষ্যৎ আন্তর্জাতিক ক্রিকেটার। একমাত্র চাঁদ ছাড়া গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আর কাউকে দেখে আমার এমন কিছু মনে হয়নি।একজন তরুণ ব্যাটসম্যানের গড়ে ওঠার সময় এত এত সীমিত ওভারের ক্রিকেট খেলার বিষয়টি নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছে পন্টিং। ওর খুব আকর্ষণীয় একটা পর্যবেক্ষণ হলো, ওর গড়ে ওঠার সময়টায় ওকে আউট করতে হতো বোলারদের। নিয়মের ধরাবাঁধায় আউট হতে হতো না। সে বলেছে, ‘কেউ আউট না করা পর্যন্ত আমি ব্যাটিং করে যেতাম। তাতে যদি এক সপ্তাহ লেগে যেত, তবে সপ্তাহজুড়েই ব্যাটিং করতাম।’আধুনিক ক্রিকেটের উপযোগী ব্যাটসম্যান গড়ে তোলার শ্রেয়তর পদ্ধতি উদ্ভাবনের জন্য, ভবিষ্যতের কথা ভেবে অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি কতটা যৌক্তিক। পন্টিংয়ের গড়ে ওঠার সময়ের উদাহরণের সঙ্গে অতীতের আরও দুই উল্লেখযোগ্য দৃষ্টান্ত গ্যারি সোবার্স ও জাভেদ মিয়াঁদাদ। ভিন্ন স্টাইলের দুই ব্যাটসম্যান, যারা তরুণ বয়সে প্রচুর গলির ক্রিকেট খেলেছে।সোবার্সকে থাই প্যাড ছাড়া ব্যাটিং করার কারণ জিজ্ঞেস করলে বলেছিল, বেড়ার লাঠিকে ব্যাট বানিয়ে টেপ প্যাঁচানো পাথরের বলে এবড়োখেবড়ো রাস্তায় খেলে সে বড় হয়েছে। শচীন টেন্ডুলকারের বেড়ে ওঠার উদাহরণ তো আছেই। মুম্বাইয়ে মাঠে-ময়দানে সে শত শত ম্যাচ খেলেছে। এসবের সঙ্গে কাঠামোগত নেট সেশন কিংবা নেটে বোলিং মেশিনে খেলা এখনকার তরুণদের তুলনা করুন!তরুণ বয়সে ভালো কোচিংয়ের সুবিধা পাওয়া একজন হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার বিল ও’রিলির লেখা পড়ে মর্মাহত হয়েছি। ও’রিলি লিখেছে, ‘কোনো কোচকে আসতে দেখলে দৌড়ে গাছের আড়ালে লুকিয়ে যাও।’ আমার সিদ্ধান্ত, ভালো কোচিং পাওয়ার চেয়ে একেবারেই না পাওয়া ভালো। ও’রিলির মতো আরও অনেক অস্ট্রেলিয়ান গ্রেট উঠে এসেছে জঙ্গলে খেলে, খেলা শিখেছে ঘণ্টার পর ঘণ্টার নিজেদের মতো করে অপ্রথাগত অনুশীলন করে। এই দলে আছেন ডন ব্র্যাডম্যান, স্ট্যান ম্যাককে ও ডগ ওয়াল্টার্স। শিশুশিক্ষা নিয়ে সুগত মিত্রের ২০১৩ টেড টক এই ব্যাপারটাকেই সমর্থন করে। খ্যাতিমান এই অধ্যাপক পরামর্শ দিয়েছেন শিশুদের সামনে প্রশ্ন রাখতে, সমাধানটা ওদের নিজেদেরই বের করে নিতে। ব্র্যাডম্যান, সোবার্স, টেন্ডুলকার, মিয়াঁদাদরা এই কাজটাই করেছে ভিন্ন ভিন্নভাবে। কম বয়সেই পরিণত বয়সীদের সঙ্গে খেলেও তারা উপকৃত হয়েছে, দ্রুত গড়ে ওঠার যেটা নিশ্চিত একটা পন্থা।এখন খেলাটায় কোচ অনেক বেশি, কিন্তু ব্যাটিং-শিল্পী কম। আধুনিক পদ্ধতি বেশির ভাগ সময়ই পাওয়ার হিটারদের বের করে আনে। বেশির ভাগ ক্ষেত্রেই এটি ভুল পদ্ধতি।