
ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলার লক্ষ্য পূরণ করেছেন। বিসিএলেও দুই ম্যাচে ভালো করে দুই বছর পর আবার ডাক পেলেন জাতীয় দলে। শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রথম দিনের অনুশীলন শেষে ইমরুল কায়েস বলছেন, তিনি এখন বদলে যাওয়া ব্যাটসম্যান
অনেক দিন পর আবার জাতীয় দলের অনুশীলনে, কেমন লাগল?
ইমরুল কায়েস: অনেক, অনেক ভালো লেগেছে। আরও ভালো লাগবে যদি টেস্ট খেলার সুযোগ পাই ও ভালো করতে পারি।
নির্বাচকেরা বলেছেন, গত কিছুদিনে আপনার ভালো খেলার পুরস্কার দলে ডাক পাওয়া। ঢাকা লিগ বা বিসিএলে নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল?
ইমরুল: প্রিমিয়ার লিগে আমি ভালো করতে চেয়েছিলাম। জানতাম, ঢাকা লিগের পারফরম্যান্সকে নির্বাচকেরা সব সময় গুরুত্ব দেন। তাই লক্ষ্য ছিল, প্রিমিয়ার লিগে ভালো করতেই হবে। সেই লক্ষ্যে সফল হয়েছি (দেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৬৫৫ রান)। বিসিএল নিয়ে সত্যি বলতে ভাবনা খুব বেশি ছিল না। জাতীয় লিগে খুব ভালো করতে চেয়েছিলাম। কিন্তু বিসিএলে রান করার পরই সুযোগটা এসে গেল।
ফর্মে ফেরার পেছনের কারণ কী? কোনো পরিবর্তন এনেছেন ব্যাটিংয়ে?
ইমরুল: টেকনিক্যালি কিছু পরিবর্তন করেছি। তবে মানসিক পরিবর্তনটা ছিল বেশি গুরুত্বপূর্ণ। টেস্ট ম্যাচের জন্য যে ধরনের মানসিকতা থাকতে হয়, সেটিতে উন্নতি করেছি বলে বিশ্বাস আমার। অনেক পরিশ্রম করেছি।
টেকনিক্যাল পরিবর্তনগুলোর কথা একটু নির্দিষ্ট করে বলবেন?
ইমরুল: আসলে এটা তো ব্যাট-বলের ব্যাপার সব সেভাবে বোঝানো মুশকিল। ফাহিম স্যারের সাথে (বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন) অনেক কাজ করেছি ব্যাটিং নিয়ে। ব্যালান্সসহ টুকটাক কিছু সমস্যা ছিল। ফাহিম স্যার এসব দেখিয়ে দিয়েছেন, আমিও অনুশীলন করে ঠিক করার চেষ্টা করেছি। এ জন্য ব্যাটিং করে এখন অনেক মজা পাই। ব্যাটিংটা অনেক সহজও মনে হয়।
বাইরে থাকার সময়টা কতটা হতাশার ছিল?
ইমরুল: যেকোনো খেলোয়াড়ের জন্যই এর চেয়ে হতাশার আর কিছু নেই। আমি যখন টিভিতে অন্যদের খেলা দেখতাম, খুব খারাপ লাগত। ভাবতাম আবার কবে আমি খেলব! অনেক ভাবনা মাথায় ঘুরপাক খেত। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর মনে হয়েছে এই অনুভূতিটা আমি জানি (২০১০ সিরিজে ছিলেন দলে)। এবার মিস করেছি আনন্দটা। তবে নিজেকে বুঝিয়েছি, মানুষের জীবনে উত্থান-পতন আসেই। সব সময় আশা ছিল ফিরবই।
বাদ পড়ার আগে ১৬ টেস্ট খেলেও আপনার পারফরম্যান্স খুব ভালো ছিল না (১৭.১৫ গড়ে রান ৫৪৯, ১টি ফিফটি)। সে সময় পারেননি কেন বলে মনে হয়?
ইমরুল: টেস্ট ক্রিকেট খুব কঠিন জায়গা। ওয়ানডের মতো রিল্যাক্সড থাকার সুযোগ নেই। সব দিকেই একদম নিখুঁত থাকতে হয়। আর মানসিক ব্যাপারটা টেস্টে খুবই গুরুত্বপূর্ণ। মানসিকভাবে শক্ত না হলে টেস্ট ক্রিকেটে টিকে থাকা কঠিন।
দলে এখন অনেক প্রতিযোগিতা। ভালো করতে না পারলে আগের মতো বেশি সুযোগ পাবেন না। এটা কি ভাবাচ্ছে?
ইমরুল: দল এখন অনেক বদলে গেছে। অনেক ধারাবাহিক, অনেক ভালো খেলছে। জায়গা নিয়ে প্রতিযোগিতাও অনেক বেড়েছে। তবে ভাবনাটা আমি আমার মাথায় ঢুকতে দিতে চাই না। চাপ নিলে কাজের কাজ কিছু হয় না। আমি নির্ভার থাকতে চাই। দুই বছর বাইরে ছিলাম, কষ্ট লেগেছে। কিন্তু দিন তো কেটেছে, সময় চলে গেছে। সুযোগ পেলে ঘরোয়া ক্রিকেটের মতোই নিজের স্বাভাবিক খেলা খেলতে চাই।