‘ব্যাটিংটা মন্দ নয়, কিন্তু বোলিং...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেট তিনি সব দলের বিপক্ষেই পেয়েছেন। তবে বাংলাদেশের বিপক্ষে তা পেয়েছেন মুড়িমুড়কির মতো। ১১ টেস্টে ৮৯ উইকেট, গড় মাত্র ১৩.৩৭। টেস্টে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি নিয়ে যখন দুজনের দ্বৈরথ চলছে, শেন ওয়ার্ন এ নিয়ে খোঁচা দিতেও ছাড়েননি। কিন্তু গলের ওই ‘রাজপথের মতো’ উইকেটেও কি কিছু করতে পারতেন মুত্তিয়া মুরালিধরন? এই সিরিজেই স্পিন বোলিং উপদেষ্টা হিসেবে শ্রীলঙ্কা দলে যোগ দেওয়া অফ স্পিনার কাল প্রেমাদাসায় কথা বললেন বাংলাদেশের চার-পাঁচজন সাংবাদিকের সঙ্গে  গলে তো আপনি ছিলেন না। টেলিভিশনে দেখেছেন খেলা?মুত্তিয়া মুরালিধরন: দেখেছি ছাড়া ছাড়াভাবে।  বাংলাদেশের পারফরম্যান্সে কি বিস্মিত?মুরালিধরন: না, বিস্মিত হইনি। ওরা কিছুটা উন্নতি করেছে। উইকেটেরও অবশ্য ভূমিকা ছিল। একেবারে ফ্ল্যাট উইকেট, বোলারদের জন্য কিছুই ছিল না। এটা ছিল বোরিং ড্র। আশা করি, এখানে অন্য রকম একটা টেস্ট ম্যাচ দেখব। উইকেটের কথা বলছেন, কিন্তু এর আগেও তো বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে এমন উইকেটে খেলেছে। চামিন্ডা ভাস পর্যন্ত যেখানে সেঞ্চুরি করেছেন, বাংলাদেশ অলআউট হয়ে গেছে দুই শ রানেই। গলের ড্রটা কি তাহলে বাংলাদেশের উন্নতির প্রমাণ নয়?মুরালিধরন: হ্যাঁ, ওরা অনেক উন্নতি করেছে। আমি যখন খেলতাম, ওরা ওয়ানডেতে ভালো ছিল, টেস্টে একদমই নয়। টেস্টে তো দাঁড়াতেই পারত না। তবে সম্প্রতি বাংলাদেশের একটু উন্নতি হয়েছে। তবে আমি মনে করি, টেস্ট ক্রিকেটে ওদের বোলিং এখনো ভালো নয়, ব্যাটিংটা অবশ্য মন্দ নয়। টেস্ট ম্যাচ জিততে হলে বোলিং আরও ভালো হতে হবে। বলা হতো, আপনি নাকি কাচের ওপরও বল ঘোরাতে পারতেন। কী মনে হয়, গলের ওই উইকেটে কি করতে পারতেন?মুরালিধরন: আমি যেকোনো উইকেটেই বল করতে পারতাম। তবে গলে থাকলে কী করতে পারতাম কীভাবে বলি! আমি বলছি না যে, যারা খেলেছে ওরা খারাপ। রঙ্গনা হেরাথ ছিল। অজন্তা মেন্ডিস দারুণ এক বোলার, তার পরও ঘটনা হলো, ওরা উইকেট নিতে পারেনি। মোহাম্মদ আশরাফুলকে তো আপনি সেই শুরু থেকেই দেখে আসছেন। আপনার সঙ্গে অনেক দ্বৈরথও হয়েছে। গলে আশরাফুলকে এত ভালো করতে দেখে কী মনে হলো?মুরালিধরন: হ্যাঁ, শ্রীলঙ্কার বিপক্ষে ও সব সময়ই ভালো করে। আমাদের বিপক্ষে ও ৫টা সেঞ্চুরি করেছে। তবে ওকে সব দলের বিপক্ষেই পারফর্ম করতে হবে। ওর অ্যাভারেজও তো ভালো নয়। অন্য সব দলের বিপক্ষেও ভালো খেলতে পারলেই না ওর অ্যাভারেজটা ভালো হবে।  দ্বিতীয় টেস্ট নিয়ে আপনার ভবিষ্যদ্বাণী কী?মুরালিধরন: বলা কঠিন। দুই দলই তাদের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী। তবে হোম অ্যাডভান্টেজের কারণে আমি শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখব।  আন্তর্জাতিক ক্রিকেট কি মিস করেন? মুরালিধরন: পেছনে ফিরে তাকানোর কোনো মানে হয় না। ক্রিকেট তো আর কম খেলিনি। আমি বিশ্বজুড়ে টি-টোয়েন্টি খেলছি। বাংলাদেশেও খেলেছি, যদিও ওখানে আর যাব না (বিপিএলের প্রথম মৌসুমে খেলে চিটাগং কিংসের কাছ থেকে পাওনা টাকা পাননি বলে অভিযোগ করেছেন আগেই)। ভারত-ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি খেলছি। খুব উপভোগও করছি। আশা করি, আরও এক-দুই বছর খেলতে পারব। টি-টোয়েন্টি কি আসল ক্রিকেট, এটি খেলে কি ক্রিকেটের আসল মজা পান?মুরালিধরন: সব ক্রিকেটই আসল ক্রিকেট। আমি টি-টোয়েন্টিও খুব উপভোগ করি। টি-টোয়েন্টি খেললে এত টাকা! এটাও বোধ হয় উপভোগ করার একটা কারণ, তাই না?মুরালিধরন: (হাসি)।  কিন্তু কখনো কি মনে হয়, আরও কিছুদিন টেস্ট খেলে যেতে পারতেন?মুরালিধরন: আর কত! তরুণদের সুযোগ দিতে চেয়েছি। রঙ্গনা (হেরাথ) ভালো করছে। আশা করি, ও আরও ভালো করবে। ‘৮০০’ সংখ্যাটাও (মুরালির টেস্ট উইকেট) তো দারুণ!মুরালিধরন: (হাসি) একদিন হয়তো এই রেকর্ড কেউ ভেঙে দেবে। আপনি সত্যি মনে করেন, এই রেকর্ড ভাঙা সম্ভব?মুরালিধরন: কেন নয়, অসম্ভব বলে কিছু নেই।