‘ব্যাটিংটা সব সময়ই উপভোগ করি’
ভারতের চরম ব্যর্থতার সিরিজে উজ্জ্বল ব্যতিক্রম তিনি। ৩ সেঞ্চুরিতে ৪৬১ রান করে হয়েছেন ভারতের সিরিজ-সেরা। ইংল্যান্ডের মাটিতে ধারাবাহিক সাফল্য, ব্যাটিং-দর্শন, ওয়ানডে দলে ফেরা ও অবসর, ক্যারিয়ার ভাবনা—ভারতের একটি ওয়েবসাইটের সঙ্গে সাক্ষা ৎ কারে মনের জানালা খুলে দিলেন রাহুল দ্রাবিড় ইংল্যান্ডে ভারতের বিপর্যয়ের বড় কারণ ধরা হচ্ছে প্রস্তুতির অভাবকে। ওয়ানডে দলে না থাকায় আপনাকে অনেক সময় লম্বা বিরতির পর খেলতে হয়। তার পরও সফল হলেন, আপনি কীভাবে প্রস্তুতি নেন?রাহুল দ্রাবিড়: সত্যি বলতে, লম্বা বিরতির পর মাঠে নামা আমার জন্য একটা চ্যালেঞ্জ। ওয়ানডে না খেলায় শুরুর দিকে লম্বা বিরতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হতো। বুঝতাম না এই বিরতিতে ব্যাটিং অনুশীলন করা উচিত নাকি ফিটনেস ট্রেনিং। এখন ভালোই মানিয়ে নিতে শিখেছি। কিছু প্রথম শ্রেণীর ম্যাচ খেলাটা সাহায্য করে। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আমি আইপিএল খেলেছি। এরপর নিজেকে ফিট রাখতে জাতীয় ক্রিকেট একাডেমিতে গেছি। এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল শারীরিক ও মানসিকভাবে তরতাজা থাকা। আইপিএলে আমি বলে প্রচুর হিট করেছি, অনুশীলনে-ম্যাচে। ভিন্ন সংস্করণ হলেও বলে হিট করলে ছন্দে থাকা যায়। ওয়েস্ট ইন্ডিজ সফরও সাহায্য করেছে, এতে ইংল্যান্ডে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পেরেছি। অভিষেক থেকেই ইংল্যান্ডে আপনার পারফরম্যান্স দুর্দান্ত। এর রহস্য কী?দ্রাবিড়: ইংল্যান্ডে আমার অনেক সুখস্মৃতি আছে—অভিষেক সিরিজ, ১৯৯৯ বিশ্বকাপ, ২০০২ সিরিজ। এই উইকেট ও কন্ডিশনে আগে ভালো করায় আত্মবিশ্বাসী ছিলাম। আমার মনে হয় না আলাদা কিছু করেছি। তবে এখানে খেলতে আমার ভালো লাগে। দেশটাকেও আমার ভালো লাগে। ভালো লাগে লন্ডন শহর, এখানে হেঁটে বেড়াতে। টেস্ট ক্রিকেটকে এখানে এতটা সমর্থন দেওয়া হয়, এই ব্যাপারটা আমি খুব পছন্দ করি। এখানে টেস্ট খেলা উপভোগ করি কারণ মাঠে প্রচুর দর্শক আসে। এই সিরিজে নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল? অনেকেই বলাবলি করছিল আপনার সময় শেষ...দ্রাবিড়: কোনো সন্দেহ নেই, আমি শেষের কাছাকাছি চলে এসেছি। এটা বুঝি। এই সফরে নির্দিষ্টসংখ্যক রান করব, এমন কোনো লক্ষ্য ঠিক করিনি। তবে অবশ্যই আমি ভালো করতে ব্যাকুল ছিলাম। তবে সেটা সব সফর সম্পর্কেই বলা যায়, ভালো তো সব সময়ই করতে চাই। নিজের চোখে আপনার সবচেয়ে শক্তিশালী দিক কোনটি? ধৈর্য, মনোযোগ, নিবেদন, না টেকনিক?দ্রাবিড়: আমার পক্ষে বলা কঠিন, তবে ছোট থেকেই আমার টেম্পারামেন্ট ভালো ছিল। আরও বেশি শেখা এবং নিজেকে এক ধাপ এগিয়ে নেওয়ার ইচ্ছা সব সময়ই ছিল। সব সময়ই উন্নতি করার ইচ্ছাটা আন্তর্জাতিক ক্রিকেটে খুব দরকার। নির্দিষ্ট কোনো শক্তিশালী দিক বলতে পারব না, তবে ব্যাটিংটা আমি উপভোগ করি, উইকেটে সময় কাটাতে ভালো লাগে। কখনো কি মনে হয়, আপনি প্রাপ্য কৃতিত্ব ও প্রশংসা পুরোপুরি পান না?দ্রাবিড়: লোকে অনেক সময় বলে আমি প্রাপ্য স্বীকৃতি পাই না। আমার ধারণা, অনেক বেশি-ই পাই। ভারতের ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর ভালো করছে এমন ক্রিকেটারদের দিকে যখন তাকাই, আর কোনো অভিযোগ থাকতে পারে না। ক্রিকেটের বাইরেও সংগ্রামমুখর প্রচুর মানুষ প্রাপ্য কৃতিত্বের ছিটেফোঁটাও পায় না। ভারতে আমার চেয়েও অনেক সুবিধাবঞ্চিত মানুষ আছে, সেসব দেখলে এসব ছোটখাটো ব্যাপারে অভিযোগ থাকে না। আপনার পক্ষে কথা বলার জন্য রেকর্ডই তো আছে...দ্রাবিড়: রেকর্ড দারুণ। কিন্তু আমি দীর্ঘদিন ধরে খেলছি, এত বছর ধরে খেললে সংখ্যা বাড়বেই। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারতীয় ক্রিকেটে এত লম্বা সময় ধরে টিকতে পেরেছি। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, খুব খারাপ সময়ের মধ্য দিয়েও গেছি। কিন্তু আমি লড়াই করে টিকে গেছি। ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ সদস্য থেকে হঠা ৎ করেই বাইরে চলে যাওয়া, ২০১১ বিশ্বকাপ মিস করা, এসবে কি হতাশ হননি?দ্রাবিড়: এ ব্যাপারটার দিকে আঙুল তোলা কঠিন। ২০০৮ সালটা আমার খুব খারাপ কেটেছে। নিজের খেলায় উন্নতি হবে ভেবে আমি ২০০৭ সালে অধিনায়কত্ব ছেড়ে দিয়েও ভালো করতে পারছিলাম না। ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত সব সময় রান করে আসছিলাম, এরপর এমন দুঃসময় মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। নিজের সামর্থ্য নিয়ে সংশয় জাগছিল। আমি নানান কিছু চেষ্টা করে গেছি। আগে যেভাবে সাফল্য পেয়েছি, সেসব করার চেষ্টা করেছি। কিন্তু তা-ও কাজে লাগেনি। এখন পেছন ফিরে তাকিয়ে ভাবি, কখনো কখনো এসব মেনে নিতে হয়। ক্রিকেটের শিক্ষা হলো, সব সময়ই শীর্ষে থাকা যায় না। সব মিলিয়ে ওই কঠিন সময়টা আমাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করেছে। আমি শিখেছি, ব্যর্থতা আসবেই, কিন্তু এটাই সবকিছুর শেষ নয়। জীবন এগিয়ে যায়। একটা সেঞ্চুরি করতে না-পারা বা ভারতীয় দল থেকে বাদ পড়লেই জীবনের সব শেষ নয়। এখন আবার ওয়ানডে দলে ফিরেই অবসর নিয়ে নিলেন!দ্রাবিড়: প্রায় দুই বছর ওয়ানডে দলে সুযোগ পাইনি, ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু তখন যদি অবসর নিতাম, লোকে বলত ‘তুমি তো দলেই নেই, অবসর নেওয়ার কী মানে!’ নির্বাচকেরা আমার ওপর আস্থা রেখেছেন, আমি তা মূল্যায়ন করি। কিন্তু আমি নিজের শরীরটাকেও জানি, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে যা বেশি উপভোগ করি, সেটাই করতে চাই। টেস্ট ক্রিকেটই আমি বেশি উপভোগ করছি। কম ক্রিকেট খেলব কিন্তু ভালো খেলব।