'ব্যালন উড' জিতলেন হ্যাজার্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইডেন হ্যাজার্ড
ইডেন হ্যাজার্ড

ব্যালন ডি’অর আর ‘ব্যালন উড’—দুটি জিনিসই দেখতে প্রায় একই রকম। আকার-আকৃতি, গায়ের রং অনেক দিক থেকেই মিল পাওয়া যায়। কিন্তু মিল যেমন আছে, তেমনি পার্থক্যটাও আকাশ-পাতাল। একটা ‘সোনার বল’, অন্যটা কাঠের। একটা উঠেছে বর্ষসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে। অপরটা পেয়েছেন ইডেন হ্যাজার্ড। হ্যাঁ, মজা করে চেলসির এই উইঙ্গারকে ব্যালন ডি’অরের মতো দেখতে একটা কাঠের স্মারকই উপহার দিয়েছেন সতীর্থরা। আর হ্যাজার্ডই সেটার নাম দিয়েছেন ‘ব্যালন উড’।

ব্যালন ডি’অর কার হাতে উঠবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই তুমুল হইচই হয়েছে পুরো ফুটবল বিশ্বে। নানাবিধ বিতর্ক-কথার লড়াইয়ের অবসান ঘটিয়ে শেষপর্যন্ত দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা হাতে তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কোনোভাবেই ছিলেন না হ্যাজার্ড। কিন্তু তাঁর চেলসি সতীর্থরা হয়তো ভেবেছেন, ‘সোনার বল’ না হোক, একটা ‘কাঠের বল’ তো পাওয়াই উচিত বেলজিয়ান এই তারকার। তাই এই অভিনব উদ্যোগ নিয়েছেন বন্ধুরা। কাঠের তৈরি বলটার উপরে নিজেদের সাক্ষরও দিয়েছেন হ্যাজার্ডের সতীর্থরা। পুরস্কারটা পেয়ে খুশি হয়েছেন হ্যাজার্ডও। হাসিমুখের একটা ছবি তুলে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সঙ্গে লিখেছেন, ‘এটা ব্যালন ডি’অর না। আমার জন্য এটা হলো ব্যালন উড। হা হা হা।’

আপাতত কাঠের বল নিয়েই সন্তুষ্ট থাকলেও ভবিষ্যতে হয়তো সত্যিকারের ব্যালন ডি’অরের জন্যই লড়তে দেখা যাবে ২৩ বছর বয়সী এ উদীয়মান তারকাকে।