‘ব্যালন ডি’অরই সবকিছু নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর নাম তো আছেই। কিন্তু এই পুরস্কারের মালিক এই পর্তুগিজ হবেন কি না, সেটা জানতে অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিন। ফুটবলের এই বিশ্বসেরা পুরস্কার হাতে পেতে রোনালদোকে লড়াই করতে হচ্ছে লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে। বিশ্বের এই তিন সেরা ফুটবলার যেখানে একটি পুরস্কারের জন্য লড়ছেন, সেখানে শেষ পর্যন্ত শেষ হাসিটা কার হবে, সেটা নিয়ে চূড়ান্ত কিছু বলা রীতিমতো অসম্ভব। তবে ক্রিস্টিয়ানো রোনালদো নিজে ব্যাপারটি নিয়ে ভেবে একেবারেই সময় নষ্ট করতে চান না। তাঁর কথা, ‘পুরস্কারটি না পেলে কোনোকিছুই আটকে থাকবে না। ব্যালন ডি’অরই সবকিছু নয়।’ ২০০৬ সালের পর চারবার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম রাখতে পেরেছেন রোনালদো। ২০০৮ সালে একবার হাতে তুলেছিলেন এই পুরস্কার। এবারের ব্যালন ডি’অরও রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের এই তারকার হাতে উঠতে পারে বলে মনে করেন অনেকেই। তবে ওটা ভবিষ্যতের হাতে তুলে রেখে রোনালদো বলেছেন, ‘যে যা-ই বলুক, ব্যাপারটি নিয়ে আমি খুব একটা মাথা ঘামাতে চাই না। অবশ্যই পুরস্কারটি আমি পেতে চাই। কারণ, এটি আমাকে ভবিষ্যতের প্রেরণা জোগাবে।’রোনালদো আরও বলেন, ‘একটি ব্যক্তিগত পুরস্কার না পেলে জীবন থেমে যাবে না। একজন ফুটবলারের ক্যারিয়ার নিজের ব্যক্তিগত অর্জন দিয়ে বিবেচিত হয় না; বিবেচিত হয় সামগ্রিক দলীয় অর্জন দিয়ে।’আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ২০১২ সালের বর্ষসেরা ফুটবলারের নাম। ইএসপিএন।