‘ব্রাজিল টনিকের’ খোঁজে পাহেইরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় দলগুলোর সঙ্গে ব্রাজিলের খেলার তফাত্ কমে গেছে অনেক। তার পরও ছোট ছোট পাসের সুন্দর ফুটবলের শেষ কথা বিশ্বকাপ ফুটবলের পেন্টা চ্যাম্পিয়ন লাতিন দেশটির খেলা। ওটিতেই বাফানা বাফানাখ্যাত ফুটবল দলকে দীক্ষা দিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে হাজির করতে চান তাদের ব্রাজিলিয়ান কোচ কার্লোস আলবার্তো পাহেইরা।কাজও শুরু করে দিয়েছেন। মাসব্যাপী দলের প্রস্তুতি ক্যাম্প চলছে ব্রাজিলের তেরেসোপোলিস অনুশীলন কেন্দ্রে, যেখানে পদধূলি পড়েছে অনেক ব্রাজিলিয়ান গ্রেটেরই। পাহেইরা আশায় আছেন এটা দক্ষিণ আফ্রিকান ফুটবলারদের উজ্জীবিত করবে, ‘তাঁদের এখানে আনার কারণ, ব্রাজিলই হলো বিশ্ব ফুটবলের সূতিকাগার। ব্রাজিলের বিশ্ব চ্যাম্পিয়ন সব ফুটবলার যাঁরা জাতীয় দলের হয়ে খেলেছেন, এখানেই অনুশীলন করেছেন। আমি চাই, এটা খেলোয়াড়দের অনুপ্রেরণা হোক।’চাইলেও কাজটা সহজ নয়। পাহেইরা দক্ষিণ আফ্রিকা দলের দায়িত্ব নেওয়ার আগে অনেক কোচের অধীনে খেলেছে দক্ষিণ আফ্রিকা। একেকজন ফুটবলার খেলেন একেক ক্লাবে, স্টাইলও ভিন্ন। ব্যাপারটা স্বীকার করেন পাহেইরাও। তবে আশা, ব্রাজিলে মাসখানেকের প্রস্তুতি ক্যাম্প দলের খেলার একটা ধরন ঠিক করে দেবে। ব্রাজিল ছাড়ার আগে ক্রুজিরো, ফ্লুমিনেন্স, বোটাফোগো, স্যান্টোস, পালমেইরাসের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ‘ব্রাজিলের বড় গুণ তারা বল মাটিতে রেখে খেলে। ব্রাজিলের মাটিতে ব্রাজিলিয়ান দলগুলোর বিপক্ষে খেলার চেয়ে তাই ভালো (প্রস্তুতি) কিছু আর হতে পারে না’—বলছেন পাহেইরা।প্রস্তুতি ক্যাম্পের ২৯ জন ফুটবলারের মধ্যে ১৫ জনকে বাছাই করে ফেলেছেন কোচ, যাঁরা নিশ্চিতভাবেই থাকবেন ২২ জনের চূড়ান্ত বিশ্বকাপ দলে।বাফানা বাফানাদের নিয়ে অনেক বড় প্রত্যাশা ২০১০ বিশ্বকাপের স্বাগতিক সমর্থকদের। পাহেইরা সেটা বুঝতে পারেন, তারা দলকে সেমিফাইনালে, ফাইনালে দেখতে চায়। ফিফা র্যাঙ্কিংয়ে দলের অবস্থান কোথায় সেটা দেখতে চায় না, দেখতে চায় শুধু ফল।’ পাহেইরার প্রথম লক্ষ্য অবশ্য মেক্সিকো, উরুগুয়ে ও ফ্রান্সের গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় রাউন্ডে তোলা।ওই লক্ষ্য পূরণ না হলে যে আয়োজক হিসেবে একটা লজ্জা মাথায় নিতে হবে দক্ষিণ আফ্রিকাকে। এ পর্যন্ত বিশ্বকাপের সব আয়োজক দেশই প্রথম রাউন্ডের বাধা উতরেছে। দক্ষিণ আফ্রিকা না পারলে লজ্জা পেতে হবে যে ১৯৯৪ সালে ব্রাজিলকে চতুর্থ শিরোপা জেতানো কোচকেও! ওয়েবসাইট।