'ব্রাজিলকে থামাতে জানে ক্রোয়েশিয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনী লড়াইয়ের আগে নিজেদের তৈরি করছে ক্রোটরা ছবি: রয়টার্স
উদ্বোধনী লড়াইয়ের আগে নিজেদের তৈরি করছে ক্রোটরা ছবি: রয়টার্স

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার শুরুটাই হয়েছিল চমক দেখিয়ে। ১৯৯৮ সালে প্রথমবারের মতো অংশ নিয়েই চলে গিয়েছিল সেমিফাইনাল পর্যন্ত। এরপর অবশ্য বলার মতো কোনো সাফল্য নেই ক্রোটদের। পরের দুটি আসরেই বিদায় নিতে হয়েছিল প্রথম রাউন্ড থেকে। গতবার তো তারা চূড়ান্ত পর্বেই খেলতে পারেনি। তবে এবার উদ্বোধনী ম্যাচেই সবাইকে চমকে দেওয়ার ফন্দি আঁটছে দলটি।
বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে স্বাগতিক ব্রাজিলকে তেমন হুমকিই দিয়েছেন ক্রোয়েশিয়ার কোচ নিকো কোভাচ। তারকাখাচিত ব্রাজিল দলকে রুখে দেওয়ার কৌশল নাকি ভালোমতোই জানা আছে তাদের।
উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার পক্ষে বাজি ধরার মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। ইতিহাস, শক্তিমত্তা—সবদিক দিয়েই এগিয়ে আছে ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসে কখনোই হার দিয়ে শুরু করতে হয়নি কোনো স্বাগতিককে। ২০০২ সালের বিশ্বকাপেও ক্রোয়েশিয়াকে হারের স্বাদ দিয়েছিল সেলেসাওরা। নেইমার-অস্কার-থিয়াগো সিলভাদের নিয়ে গড়া ব্রাজিল দলটাও দুর্দান্ত। স্বাগতিকদের রুখে দেওয়ার কাজটা যে খুবই কঠিন, সেটা যে কেউই স্বীকার করবেন। কিন্তু ক্রোয়েশিয়া যে সহজে ছাড় দেবে না, সেটাও সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন কোচ কোভাচ, ‘নেইমার ও ব্রাজিলকে কীভাবে থামাতে হয়, সেটা আমরা জানি। ব্রাজিল মানেই শুধু নেইমার না। তাঁদের দলটা খুবই ভালো। কিন্তু ক্রোয়েশিয়ারও অনেক দারুণ খেলোয়াড় আছে। দলের সবাই জানে ক্রোয়েশিয়ার জার্সি গায়ে খেলতে পারাটা কী দারুণ ব্যাপার। মাঠে আমরা জানপ্রাণ দিয়েই খেলব।’
ক্রোয়েশিয়ার অধিনায়ক দারিও সরনাও গলা মিলিয়েছেন কোচের সঙ্গে। খুব বড় কিছু করে ফেলার প্রতিশ্রুতি দেননি। তবে সমর্থকদের মন জয় করে নেওয়ার মতো খেলা উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি, ‘আমি এটা বলতে পারি না যে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হব বা ব্রাজিলকে হারাব। কিন্তু মাঠে আমরা নিজেদের সর্বশক্তি দিয়েই লড়ব। ক্রোয়েশিয়ানরা নিশ্চয়ই গর্ববোধ করবে।’ রয়টার্স