'ব্রাজিলের আবহাওয়া আমাদের বাধা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়ি জীবনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন দলকে। ২০০৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার অধিনায়ক নিকো কোভাচ এবার ব্রাজিল বিশ্বকাপে যাচ্ছেন কোচ হয়ে। অনূর্ধ্ব-২১ দল থেকে গত অক্টোবরে হঠাৎই পেয়েছেন জাতীয় দলের দায়িত্ব। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকারে ৪২ বছর বয়সী সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার কথা বললেন ক্রোয়েশিয়ার বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে

নিকো কোভাচ
নিকো কোভাচ

 ব্রাজিলে কী অর্জন করতে পারে ক্রোয়েশিয়া?
নিকো কোভাচ: ইতিবাচক ফল পেতে চাই, তবে আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ হবে খেলায় উন্নতি করা। আমি পূর্বানুমান বা প্রতিশ্রুতি দেওয়া পছন্দ করি না। এই আত্মবিশ্বাস আমার আছে যে আমাদের ফুটবলাররা খেলাটা উপভোগ করে। আমাদের এমন একঝাঁক ফুটবলার আছে, ফিট থাকলে যাদের সবাই আরেকটি বাছাইপর্বে (২০১৬ ইউরো) অংশ নিতে পারবে।
 সংক্ষিপ্ত তালিকার জন্য ৩০ জন ফুটবলারের নাম কি ঠিক করে ফেলেছেন?
কোভাচ: প্রায় ১৫ জনের জায়গা মোটামুটি নিশ্চিত। ফিট থাকলে ব্রাজিলের বিমানে থাকবে তারা। বাকি সব জায়গা এখনো উন্মুক্ত। আমরা সবার খেলা দেখছি, খেয়াল রাখছি কারণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো মাস তিনেক সময় আছে (সাক্ষাৎকার নেওয়ার সময় থেকে)। দলে খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়াটা জানতে চাইলে বলি, প্রতিটি পজিশনের জন্য দুজন করে ফুটবলার রাখতে চাই আমি।
 আপনার স্কোয়াডের অনেক ফুটবলারই ইউক্রেনে খেলছে। এটা কি উদ্বেগজনক?
কোভাচ: আশা করি, ইউক্রেনের সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে। অতীতেও আমাদের এমন কিছু ফুটবলার ছিল, ক্লাবের হয়ে খেলতে গিয়ে যাদের কঠিন সময় পেরোতে হয়েছে। ইউক্রেনের অবস্থা সম্পর্কে যতদূর জানি, এটাকে খুব বড় সমস্যা বলে মনে করছি না।
 ব্রাজিলে আপনার দলে কিছু তরুণ ফুটবলার কি দেখা যাবে?
কোভাচ: বয়স বেশি হোক বা কম, কেউ ক্রোয়েশিয়ান জাতীয় দলের যোগ্য হলে বয়স কোনো ব্যাপার নয়। সম্ভব সেরা ও কার্যকর, এমন খেলোয়াড়দেরই আমরা বেছে নেব।
 গ্রুপ প্রতিপক্ষ ব্রাজিল সম্পর্কে অনেক কিছুই জানেন, কিন্তু মেক্সিকো ও ক্যামেরুন তো অনেকটাই অচেনা...
কোভাচ: আমাদের স্কাউট মারিও ভিতানোভিচ ও আন্দ্রেই পানাদিচের ফুটবল অভিজ্ঞতা অগাধ। বিশেষজ্ঞ হিসেবে আমি ওদের ওপরই নির্ভর করব। এ যুগের ফুটবল নিয়ে আমাদের সবার ধ্যানধারণা একই।
 ব্রাজিলের আবহাওয়া কি ক্রোয়েশিয়ার জন্য বাধা হবে?
কোভাচ: অবশ্যই। আমাদের গ্রুপে একমাত্র আমরাই এ ধরনের আবহাওয়ায় অভ্যস্ত নই। ব্রাজিল তো নিজ দেশেই খেলছে, মেক্সিকোও এই অঞ্চলের দল, ক্যামেরুন প্রায়ই এ ধরনের কন্ডিশনে খেলে থাকে। তবে বাজে খেললে আবহাওয়াকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না।
 কোচিংয়ে আপনার আদর্শ কে কে?
কোভাচ: আমি খুবই ভাগ্যবান যে বিভিন্ন অঙ্গনের, ভিন্ন ভিন্ন দেশের ও ভিন্ন ফুটবল ঘরানার বিশেষজ্ঞদের ট্রেনিং পেয়েছি। এ জন্যই অনেক অভিজ্ঞতা আমার সঙ্গী। আমার ফুটবল দর্শনের সঙ্গে মানিয়ে যায়, এমন সব অভিজ্ঞতাই আমি কাজে লাগাই। পাশাপাশি ফুটবলার হিসেবে কী কী অপছন্দ ছিল, সেসব থেকেও অনেক শেখা যায়। তবে আদর্শ হিসেবে কোনো একজনের নাম বলতে চাই না আমি।