গত বিশ্বকাপে ইংল্যান্ডকে নিয়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। ফিরতে হয়েছিল খালি হাতে। এবার ফ্যাবিও ক্যাপেলোর কাঁধে রাশিয়ার দায়িত্ব। রোমা, রিয়াল মাদ্রিদ ও মিলানের এই সাবেক কোচ ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকারে বললেন বিশ্বকাপে তাঁর দলের লক্ষ্যের কথা

কোন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি মনে করছেন?
ফ্যাবিও ক্যাপেলো: কনফেডারেশনস কাপে ব্রাজিলকে যেভাবে খেলতে দেখেছি তাতে ওরাই আমার ফেবারিট। প্রতিটি ম্যাচে ওরা উন্নতি করেছে এবং এখন ওরা খুবই শক্তিশালী দল। হয়তো চিরাচরিত ব্রাজিলিয়ান কিংবদন্তি খেলোয়াড়দের মতো কেউ নেই, কিন্তু দলটা খুবই ভারসাম্যপূর্ণ এবং শারীরিকভাবেও শক্তিশালী। গুণগত দিক বিচার করলে ব্রাজিলের পরই আসবে আর্জেন্টিনা। মেসি সব সময় ব্যবধান গড়ে দিতে পারে। চমক দেখাতে পারে কলম্বিয়া। সুয়ারেজ আর কাভানিকে নিয়ে গড়া উরুগুয়ে হতে পারে ভয়ংকর প্রতিপক্ষ। এর বাইরে ইউরোপ থেকে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের কথা বলব। একটা দল কী অবস্থায় বিশ্বকাপে যায় সেটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। ইংল্যান্ড সব সময়ও ক্লান্ত থাকে কারণ ওরা অনেক বেশি ম্যাচ খেলে। আমি আশা করছি রাশিয়া সতেজ থাকবে।
পরের বিশ্বকাপে রাশিয়া স্বাগতিক। এই কথাটা মাথায় রেখে এই বিশ্বকাপে আপনার মূল লক্ষ্যটা কী? ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপ, দুটিকেই মাথায় রাখা কি কঠিন হয়ে যাচ্ছে?
ক্যাপেলো: আমরা ১২ বছর পর বিশ্বকাপ খেলতে যাচ্ছি। সুতরাং অভিজ্ঞতা সঞ্চয় করাটা খেলোয়াড়দের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। ২০১৮ বিশ্বকাপ নিয়ে প্রত্যাশা আসলে অনেক বেশি। আমাদের ১২টি নতুন স্টেডিয়াম বানাতে হবে। এ ছাড়া অবকাঠামো আর অন্যান্য ব্যাপার তো আছেই। সবকিছু মিলিয়ে এক বিশাল কর্মযজ্ঞ।
আপনি ইংল্যান্ডের কথা বললেন। গত বিশ্বকাপে আপনার দল নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আপনি কি মনে করেন সব সমালোচনা সঠিক ছিল?
ক্যাপেলো: নাহ। আমার দলে কোনো সমস্যা ছিল না। আপনি যখন জিতবেন তখন সব ঠিক, আর যখন হারবেন তখন সব ভুল। এটাই ফুটবলের নিয়ম। কিন্তু সবাই বলবে, দক্ষিণ আফ্রিকাতে আমরা সম্ভাব্য সেরা দলটাই নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমরা ভালো খেলতে পারিনি। রেফারিও একটা বড় ভুল করেছিলেন। কিন্তু দলে কোনো সমস্যা ছিল না।
দক্ষিণ আফ্রিকা থেকে এমন কোনো অভিজ্ঞতা কি পেয়েছেন, যেটা এই বিশ্বকাপে রাশিয়ার কাজে লাগবে?
ক্যাপেলো: আমি ব্রাজিল গিয়েছিলাম দলের জন্য একটা অনুশীলন ক্যাম্প ঠিক করতে। ভাগ্য ভালো যে দারুণ একটা জায়গা পেয়েছি এবং আয়োজকেরা জার্মানির পরই আমাদের সেখানে জায়গা দিয়েছে। সেখানে জার্মানির জন্য একেবারে নতুন করে একটা ক্যাম্প করা হয়েছে। আমরা খুব ভাগ্যবান, কারণ অবস্থান, বিমানবন্দর থেকে দূরত্ব এসব বিবেচনা করলে এটা অন্যতম সেরা ক্যাম্প। আমরা খুবই খুশি৷