'ব্রাজিলের যোগ্য প্রতিপক্ষ চিলি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচে গ্যালারিতে ডিয়েগো ম্যারাডোনা
ইরানের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচে গ্যালারিতে ডিয়েগো ম্যারাডোনা

পর পর দুই ম্যাচে দারুণ নৈপুণ্য, বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বিদায় করে দেওয়া। চিলির দিকে এখন বিস্ময়সূচক প্রশংসার দৃষ্টিতে তাকানো মানুষের অভাব নেই। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও আছেন এঁদের মধ্যে। ১৯৮৬ বিশ্বকাপের নায়ক এবার প্রশংসায় ভাসালেন প্রতিবেশী দলটিকে। দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে চিলি। আর এই চিলির ফুটবলে ম্যারাডোনা এতটাই মজেছেন যে হোর্হে সামপাওলির দলকে বলছেন দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক ব্রাজিলের যোগ্য প্রতিপক্ষ। বলছেন, লড়াইটা সমান তালেই লড়বে চিলিয়ানরা। চিলিয়ানরা অবশ্য আজ ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে হল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এড়াতে চাইছে। কিন্তু ম্যারাডোনা চিলির দৈনিক এল মারকুরিওকে বললেন, ‘পরের রাউন্ডে ব্রাজিলের সামনে পড়লে তারা (চিলি) যোগ্য প্রতিপক্ষই হবে।’
চিলিকে ব্রাজিলের যোগ্য প্রতিপক্ষ ভাবার সংগত কিছু ব্যাখ্যাও দিয়েছেন ম্যারাডোনা, ‘আমি তাদের খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গিটা পছন্দ করি। হল্যান্ড ম্যাচের পর স্প্যানিশরা নিজেদের দুর্বলতাগুলো খঁুজে না পেলেও তারা কিন্তু (চিলি) ঠিকই খঁুজে বের করেছে।’
১৯৬২, ১৯৯৮ ও ২০১০ এই তিন বিশ্বকাপেই চিলির বিদায়ঘণ্টা বেজেছে ব্রাজিলের হাতে। সেই ইতিহাস মনে রেখেও ম্যারাডোনা বলছেন এবারের চিলিকে ওই দলগুলোর সঙ্গে মেলালে চলবে না, ‘মনে হচ্ছে বিয়েলসা (চিলির সাবেক কোচ) খেলোয়াড়দের মগজটা ভালোই ধোলাই করে গেছেন, আমি এটা ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই বলছি। এখন তো সবাই চিলিকে সমীহ করে। তাদের এখনই আর্তুরো ভিদাল ও আলেক্সিস সানচেজের মতো বড় ক্লাবে খেলা খেলোয়াড় আছে। কিন্তু স্পেনের বিপক্ষে মনে হলো তাদের সবাই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলোয়াড়।’ তথ্যসূত্র: বিদেশি পত্রিকা৷