‘ব্রাডম্যানের চেয়ে এগিয়ে শচীন’
স্যার ডন ব্রাডম্যান, নাকি শচীন টেন্ডুলকার—কে সেরা? বিতর্কটা দীর্ঘদিনের। এই বিতর্কে শচীনকেই এগিয়ে রাখলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান হানিফ মোহাম্মদ।‘ক্রিকেট মাঠে শচীন যা অর্জন করেছেন, তা অবিস্মরণীয়। অনেকে ব্রাডম্যানকে সেরা মনে করেন। তবে ক্রিকেটীয় অর্জনের দিক থেকে আমার কাছে শচীনই এক ধাপ এগিয়ে।’ আজ শনিবার দিল্লিতে সাংবাদিকদের বলেছেন হানিফ।একসময় টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন হানিফ। সেই রেকর্ডটা এখন শচীনের দখলে। শুধু টেস্ট কেন, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান, সেঞ্চুরি সবই লিটল মাস্টারের দখলে।গত মাসে দীর্ঘ ২৩ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ইতি টানেন শচীন। বয়স ৪০ এর দিকে এগিয়ে চলেছে। অবসর নেওয়ার জন্য বয়সটা যথেষ্টই। তবে হানিফ মোহাম্মদ মনে করেন, সময়টা অবসরের জন্য যথার্থ ছিল না। ‘শচীনের অবসরে দল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত-পাকিস্তান সিরিজের ঠিক এক দিন আগে অবসর ঘোষণা দেওয়ায় অনেকের মতো আমিও অবাক হয়েছি। এটা ছিল ভুল সিদ্ধান্ত।’ বলেছেন ৭৮ বছর বয়সী হানিফ।হানিফ মোহাম্মদের বিশ্বাস, শচীনের অবসরটা স্বতঃস্ফূর্ত ছিল না। বিশেষ পরিস্থিতিতে ঘোষণাটা দিতে হয়েছে তাঁকে। তাঁর ভাষায়, ‘ওয়ানডে অবসরের পেছনে অবশ্যই কিছু একটার প্রভাব ছিল। আমরা সেই পরিস্থিতিটা জানি না। তাঁর অবসরের সময়টা সঠিক ছিল না।’ সূত্র: এনডিটিভি।