
এবার নিয়ে চতুর্থবার কোচ হলেন ব্রাদার্সের। শুধু এ কারণেই সৈয়দ নইমুদ্দিন বলতে পারেন, ব্রাদার্সকে নিজের বাড়ির মতোই লাগে। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে কাল মুক্তিযোদ্ধার কাছে অবশ্য হেরে গেছে ব্রাদার্স। তবে হতাশ নন ভারতের দ্রোণাচার্য কোচ
ফেডারেশন কাপের সেমিতে যাওয়া হলো না। এই টুর্নামেন্ট থেকে কোনো ইতিবাচক দিক কি খুঁজে পেলেন দলের জন্য?
সৈয়দ নইমুদ্দিন: অবশ্যই পেয়েছি। ইতিবাচক দিক হলো, মুক্তিযোদ্ধার মতো একটা সংগঠিত দলের বিপক্ষে আমার ছেলেরা পরিশ্রম করেছে। তবে এটা যথেষ্ট নয়। আরও অনেক দূর যেতে হবে। পরিশ্রমের বিকল্প নেই।
আপনি মাত্রই কদিন হলো এসেছেন। দলে কী ধরনের সমস্যা দেখছেন?
নইমুদ্দিন: দেখুন, আমরা একটা অনুশীলন ম্যাচও খেলিনি। আমি মাত্র ছয় দিন পেয়েছি অনুশীলন। কাজেই এত অল্প সময়ে দলটাকে ভালোভাবে তৈরি করা সম্ভব নয়। সমস্যা অনেক। কোনটা রেখে কোনটা বলব।
বড় সমস্যাগুলো কী?
নইমুদ্দিন: প্রথমত বলব, সব খেলোয়াড়কে সুযোগ দিয়ে দেখতে হবে। এই ফেডারেশন কাপের তিনটি ম্যাচে যতটা পেরেছি খেলোয়াড়দের সুযোগ দিয়েছি। কিন্তু আরও খেলোয়াড় আছে, যাদের আমার দেখতে হবে। দলের বোঝাপড়া, সমন্বয় এগুলো বাড়াতে আমার অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আজ এগুলো ঠিকঠাক হয়নি বলেই হারতে হলো।
ব্রাদার্সকে আপনি হাতের তালুর মতো চেনেন। এবার এসে কোনো পরিবর্তন কি দেখলেন?
নইমুদ্দিন: ২০০৩-০৪-তে প্রথমবার এসে খুব ভালো দল পেয়েছিলাম। দল চ্যাম্পিয়ন হয়েছে সেবার। দ্বিতীয়বার থেকেই দেখছি, ব্রাদার্স তরুণদের তুলে আনতে চাইছে। সেটার দরকারও আছে। সে অর্থে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল তো গড়ছে না ব্রাদার্স।
কিন্তু কোচ হিসেবে নিশ্চয়ই আপনি সাফল্য চান?
নইমুদ্দিন: সাফল্য সব সময় জরুরি নয়। সাফল্য পেলে ভালো, সেটা কে না পেতে চায়। আমিও চাই। তবে আমার হাতে কী ধরনের টিম আছে, দেখতে হবে। আমি তাই সাফল্য নিয়ে সেভাবে চিন্তিত নই। আমি চাই ব্রাদার্স দলটাকে দাঁড় করাতে। ভবিষ্যতের ভালো খেলোয়াড় বের করাও আমার লক্ষ্য।
আপনি বাংলাদেশের ফুটবলের সঙ্গে অনেক দিন থেকেই পরিচিত। ১০ বছর আগের ফুটবল আর এখানকার ফুটবল আপনার চোখে কেমন?
নইমুদ্দিন: আগের চেয়ে ভালো ম্যাচ হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়েছে। দলগুলো অনেক দিন ধরে অনুশীলন করছে, যদিও ব্রাদার্স সেটা এবার পারেনি। দলগুলো ভালো বিদেশি খেলোয়াড় আনছে। স্থানীয় খেলোয়াড়েরাও ভালো খেলছে। সব মিলিয়ে উন্নতির দিকেই বলব।
লিগে ব্রাদার্সকে নিয়ে আপনার প্রত্যাশা কী?
নইমুদ্দিন: যতটা সম্ভব ওপরের দিকে থাকা। আমাদের অনুশীলন-ঘাটতির কারণে খেলোয়াড়দের ফিটনেস পুরো আসেনি। খেলোয়াড়েরা মানসিকভাবে সেভাবে তৈরি হতে পারেনি। আশা করছি, লিগের আগের সপ্তাহ দুয়েক সময় কাজে লাগিয়ে আমরা প্রস্তুত হব।
কোচ হিসেবে আপনি শারীরিক পরিশ্রমের ওপর বেশি জোর দেন জানি। আপনার পরিশ্রমতত্ত্বটা কি নিতে পারছেন খেলোয়াড়েরা?
নইমুদ্দিন: আমার মূল কথা হলো, পরিশ্রম করো। হারের আগে হেরে যেয়ো না। অল অ্যাটাক, অল ডিফেন্স। আমি ভারতের একমাত্র কোচ হিসেবে অর্জুন ও দ্রোণাচার্য দুটি পুরস্কারই পেয়েছি। দেশের সেরা খেলোয়াড়, সেরা কোচসহ ৩৫টি পুরস্কার আমার শোকেসে। এগুলো পরিশ্রমেরই ফল। কাজেই আমি পরিশ্রমকেই সবকিছুর আগে রাখি।
বারবার ব্রাদার্সে আসছেন, বিশেষ কোনো কারণ আছে?
নইমুদ্দিন: ব্রাদার্স আমার ঘরের মতো। এখানে সবাই আমাকে অনেক সম্মান করেন। খোকা ভাই, লাভলু ভাই, সেলিম ভাই, মহি ভাই, আমের সবাই খুব ভালো। তাঁদের কারণেই আসা।