ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটির জন্ম পিঠাপিঠি। ম্যানইউর জন্ম ১৯৭৮ সালে। একই শহরে দুই বছর পর আবির্ভাব সিটির। বয়সে কাছাকাছি হলেও সাফল্যে ‘বড় ভাই’ ম্যানইউর চেয়ে যোজন যোজন পিছিয়ে ‘ছোট ভাই’ সিটি।শুরু থেকেই ম্যান সিটি ম্যানইউর ছায়ায় ঢাকা। তবে এবার ম্যানচেস্টারবাসীর কাছে মনে হচ্ছে ম্যান সিটি নামে আরেকটি ক্লাব আছে। শুধু মানুষ নয়, ঘাড়ে গরম নিঃশ্বাস পেয়ে বড় ভাই ম্যানইউও বুঝতে পারছে—সিটি আছে!লিগের এ পর্যায়ে শিরোপা লড়াইয়ের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ম্যানইউ আর ম্যান সিটিই। পয়েন্ট দুই দলের সমান, ৩৮ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ম্যানইউ। এ অবস্থা নিয়ে নতুন বছর শুরু করছে দুই দল। নিজেদের মাঠে সিটি খেলবে ব্ল্যাকপুলের বিপক্ষে। আর ম্যানইউর ম্যাচ ওয়েস্টব্রমের মাঠে।নতুন মৌসুমের মতো নতুন বছরটাও ভালোভাবে শুরু করার প্রত্যয় ম্যান সিটিতে। কোচ রবার্তো মানচিনি আর সহকারী কোচ ব্রায়ান কিড দেখছেন ম্যানইউকে পেছনে ফেলে শিরোপা জয়ের স্বপ্ন। ‘শিরোপার দাবিদার আমরাও’—মানচিনির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন কিডও।সিটিকে এত দিন যেমন পাত্তা দেয়নি, ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস পড়ার পরও ম্যানইউ তাদের পাত্তা দিতে রাজি নয়। সিটির শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে সেখানে চলছে ঠাট্টা-মশকরা! ম্যানইউর ড্যারেন ফ্লেচার তো ব্রায়ান কিডের নামের সঙ্গে মিলিয়ে এই স্বপ্নকে কৌতুককর নাম দিয়েছেন ‘কিডোলজি’। ‘লিগ এখনো প্রাথমিক পর্যায়ে। অনেক দলই মনে করবে তারা শিরোপা জিততে পারে’—বলেছেন ম্যানইউর স্কটিশ খেলোয়াড়।তবে অনেক দলের মধ্যে নিশ্চিত করেই লিভারপুল নেই। লিভারপুল কোচ রয় হজসন আকাশকুসুম ভাবতেও পারেন না। একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট তালিকার ১২তম স্থানে ‘অল রেড’রা। শিরোপা-টিরোপা নয়, আজ নিজেদের মাঠে বোল্টনের বিপক্ষে একটা জয়ের প্রার্থনা নিয়ে নামছে তারা। সর্বশেষ দুই ম্যাচে নিউক্যাসল ও উলভারহ্যাম্পটনের কাছে হারের পর একটা জয় যে খুব প্রয়োজন হজসনের দলের। কাল থেকে ফের স্প্যানিশ লিগ: বড়দিনের ছুটির পর আগামীকালই শুরু হওয়ার কথা স্প্যানিশ লিগ। তবে এ নিয়ে খানিক শঙ্কা ছিল। পেশাদার ফুটবল লিগের (পিএফএল) সঙ্গে স্প্যানিশ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের নাকি চুক্তি হয়েছিল, ২৩ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত কোনো ম্যাচ হবে না। তবে পিএফএল ২ জানুয়ারি (আগামীকাল) ম্যাচ রাখে। প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর প্রতিবাদ করা হয়। এ নিয়ে আদালত পর্যন্তও গিয়েছিল তারা। কিন্তু আদালতে তাদের আবেদন গৃহীত হয়নি। তাই ২ জানুয়ারি যে ম্যাচগুলো হওয়ার কথা, সেগুলো হচ্ছে।আগামীকাল স্প্যানিশ লিগে বার্সেলোনা নিজেদের মাঠে খেলবে লেভান্তের বিপক্ষে। আর রয়েছে ভ্যালেন্সিয়া-এসপানিওল ম্যাচ। এএফপি।