‘বড় উদ্যাপনটা কেপটাউনেই হবে!’
বিরুদ্ধ পরিস্থিতিতে আরও একবার দলকে এনে দিয়েছেন লড়ার মতো রান। সেই ভিত্তিকে কাজে লাগিয়ে দলকে স্মরণীয় এক জয় এনে দিয়েছে বোলাররা। ডারবান টেস্টের ম্যাচ-সেরা ভিভিএস লক্ষ্মণ ম্যাচ শেষের পরদিন সকালে কথা বলেছেন দ্য টেলিগ্রাফ-এর সঙ্গে... সিরিজের মাঝে পুরো একটা দিন বিশ্রাম খুব বেশি পাওয়া যায় না। সকালে ঘুম থেকে উঠে অন্যরকম কোনো অনুভূতি হয়েছে?ভিভিএস লক্ষ্মণ: (হেসে) অবশ্যই, ঘুম থেকে ওঠার পর থেকেই খুব ভালো লাগছে। ডারবান টেস্ট এখন ইতিহাস, তবে আমাদের জয়ে আমার ভূমিকা আমি অবশ্যই মনে রাখব। দলের জয়ে অবদান রাখার মতো কিছু আর হতে পারে না। আপনার ইনিংসটার গুরুত্ব কখন খুব ভালো করে বুঝতে পারলেন?লক্ষ্মণ: আজ সকালে...আমি যা করেছি, তার চেয়েও বেশি ভালো লাগছে দল দুর্দান্ত পারফরম্যান্স দেখানোয়...বিশেষ করে বোলাররা ছিল অসাধারণ। কিংসমিডের পারফরম্যান্সে প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সেরা দশে এসেছেন। রেকর্ড বা র্যাঙ্কিং নিয়ে আপনি কতটা ভাবেন?লক্ষ্মণ: র্যাঙ্কিং আমি খুব একটা খেয়াল করি না, পরিসংখ্যানেরও খুব বড় ভক্ত নই....তবে আমার মনে হয় কঠোর পরিশ্রম করলে র্যাঙ্কিংয়ে এর প্রতিফলন পাওয়া যায়। সেঞ্চুরিয়ন টেস্টে দু ইনিংস মিলিয়ে করেছিলেন ১৫। ওই টেস্টের পর কী করেছিলেন?লক্ষ্মণ: নেটে পরিশ্রম করেছি এবং জহির খানের বল অনেক খেলেছি...সেঞ্চুরিয়নে খেলেনি বলে সেও ছন্দে ফিরতে চাইছিল। এটাও আমাকে সাহায্য করেছে। টেকনিক্যাল কোনো দিক..লক্ষ্মণ: সেঞ্চুরিয়নের ভুল নিয়ে আমি কাজ করেছি। বুঝতে পেরেছিলাম যে শট খেলার সময় মাথার-অবস্থান নিয়ে আমার কাজ করা উচিত, আমি সেটাই করেছি। আর মানসিক কোনো দিক?লক্ষ্মণ: কোনটা ভুল হয়েছিল আর কোনটা হয়নি, সেদিকে খেয়াল রাখা খুব গুরুত্বপূর্ণ। মানসিকভাবে প্রস্তুত হওয়া এবং ইতিবাচক থাকাটা খুব জরুরি। আত্মবিশ্বাসটাও খুব বড় ব্যাপার। আমাদের সব ব্যাটসম্যানের বিপক্ষেই মনে হয় ডেল স্টেইন মনস্তাত্ত্বিকভাবে একটু এগিয়ে থাকে। দক্ষিণ আফ্রিকা আসার আগে তাঁর বোলিং নিয়ে গবেষণা করেছেন?লক্ষ্মণ: অবশ্যই। ব্যাটসম্যানরা বোলারদের এবং বোলাররা ব্যাটসম্যানদের নিয়ে গবেষণা করে, এটা প্রস্তুতিরই অংশ। স্টেইনের গতি আছে, বাউন্স পায়, সুইংও করাতে পারে। ওকে এবং মরনে মরকেলকে খেলা ছিল বড় একটা চ্যালেঞ্জ। ভালো লাগছে যে ওদের সহায়ক এমন কন্ডিশনে ভালো করতে পেরেছি। দ্রুতগতির বোলরদের খেলার মন্ত্রটা কী?লক্ষ্মণ: চিন্তার ধরণটা সবচেয়ে বড় ভূমিকা রাখে। কারণ খেলার জন্য সময় খুবই কম পাওয়া যায়, এজন্য মাথাটা পরিষ্কার থাকা জরুরি। মাথা এলোমেলো বা চিন্তা ভাবনা বিক্ষিপ্ত হলে সমস্যা হয়ে যাবে। গত কয়েক বছরে ভারত ওয়ান্ডারারর্সে , ওয়াকায় জিতেছে। এবার ডারবানেও জয় এলো, এতেই কী প্রমাণ হয় না প্রাণবন্ত উইকেটেও ভারত জিততে পারবে?লক্ষ্মণ: অবশ্যই, আমার মনে হয় ২০০২ সালে হেডিংলির দারুণ জয়টা (সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে) দিয়েই এই প্রক্রিয়া শুরু হয়েছিল। পেছন ফিরে তাকিয়ে ২০১০ সালটাকে কীভাবে মূল্যায়ন করবেন?লক্ষ্মণ: স্তুতির অনেক কিছুই আছে। দারুণ প্রতিদ্বন্দ্বিতার মাঝেও আমরা ১ নম্বর স্থানটা ধরে রাখতে পেরেছি। এটা মোটেও কোনো ছোটো অর্জন নয়। বছরে তিনবার আমরা পিছিয়ে পরেও সিরিজে ফিরে এসে আমাদের শক্ত মানসিকতার প্রমাণ দিয়েছি। ভুলে যাবেন না আমরা কঠোর পরিশ্রম করছি এবং প্রস্তুতি খুব ভালো হচ্ছে। এটার পুরস্কারই পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ?লক্ষ্মণ: কন্ডিশন যতোই প্রতিকূল হোক, ধারাবাহিক হওয়া। দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেপটাউন টেস্ট জিতে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে সিরিজে হারানো। আশা করি, বড় উদ্যাপনটা কেপটাউনেই হবে।