
২০০৬ বিশ্বকাপে ইকুয়েডরকে নকআউট পর্বে তুলে রীতিমতো জাতীয় নায়কই বনে গিয়েছিলেন। লুইস ফার্নান্দো সুয়ারেজ এখন মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের কোচ। আরেকটি বিশ্বকাপ অভিযানের আগে ওয়ার্ল্ড সকার-এর সঙ্গে কথা বলেছেন হন্ডুরাসের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে
হন্ডুরাসের জন্য ভালো একটা বিশ্বকাপ আপনার চোখে কেমন?
লুইস ফার্নান্দো সুয়ারেজ: ফল ও আমাদের খেলার মান বিচার করেই আমরা আসলে এদিকে তাকাতে চাই। আগের বিশ্বকাপে যা করেছে, সেটা থেকে অনেক বেশি উন্নতি করার সুযোগ আছে হন্ডুরাসের সামনে। বাছাইপর্ব থেকে উত্তীর্ণ হওয়াটা বিশাল আনন্দের তো বটেই। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্বিতীয় রাউন্ডে যাওয়া। তবে সেটা করতে না পারলে সব শেষ হয়ে যাবে, এ রকম কিছু আমি মনে করছি না। আমাদের নিজেদের খেলার দিকে তো তাকাতে হবে। আমি যেটা বলতে চাই, দ্বিতীয় রাউন্ডে যেতে পারলে হন্ডুরাসের মানুষের জন্য সেটি হবে দারুণ রোমাঞ্চকর৷
ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে লাতিন আমেরিকায় খেলাটা কি বাড়তি সুবিধা দেবে?
সুয়ারেজ: লাতিন আমেরিকার কোথায় খেলা হবে সেটার ওপরও নির্ভর করছে। যেমন পোর্তো আলেগ্রেতে শীতটা বেশি, তেমন আর্দ্রতাও নেই। সেখানে ফ্রান্সের সঙ্গে ম্যাচে খুব একটা সুবিধা পাব বলে আমি মনে করি না। তবে মানাউসে সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচে আমরা সুবিধা পাব। সেখানে অনেক বেশি আর্দ্রতা থাকবে।
আপনি ইকুয়েডরকে নিয়ে ২০০৬ বিশ্বকাপে জার্মানিতে নিয়ে গিয়েছিলেন। ইকুয়েডর নকআউট পর্বেও গিয়েছিল। ব্রাজিলে ওরা আপনার গ্রুপে আছে, এটা কি আপনাদের সুবিধা দেবে?
সুয়ারেজ: এই দলে আমার চেনা চার-পাঁচজন আছে। তাই ওদের সম্পর্কে অন্যরা যা জানে, আমিও তাই জানি।
বিশ্বকাপে যেখানে আপনারা শিবির করবেন সেটি নিয়ে কি আপনি খুশি?
সুয়ারেজ: অবশ্যই। আমরা পুয়ের্তো ফেলিজকে বেছে নিয়েছি, যেটার মানে ‘সুখী বন্দর’। সাও পাওলো থেকে সেটি দুই ঘণ্টার পথ। আমরা ১৬ থেকে ১৭টি জায়গা দেখে এটা বেছে নিয়েছি। অন্য যেকোনো জায়গার সঙ্গে তুলনা করে পুয়ের্তো ফেলিজই আমাদের পছন্দ হয়েছে৷ এটা ছোট্ট একটা শহর। এখানে একটা স্পোর্টস কমপ্লেক্স, পাঁচটি অনুশীলনের মাঠ আছে। হোটেলটাও শুধু আমাদের জন্যই। ফুটবলে মনঃসংযোগ করতে কোনো ব্যাঘাত ঘটবে না আমাদের।
দ্বিতীয় রাউন্ডে উঠলে তো আর্জেন্টিনার সঙ্গে খেলতে হবে আপনাদের?
সুয়ারেজ: যার সঙ্গেই খেলি না কেন অবস্থার তেমন হেরফের হবে না। আপনি যদি ধরে নেন, আমরা পরের পর্বে চলে যাব, তাহলে আমাদের অনেক কঠিন প্রতিপক্ষের বাধা টপকাতে হবে। আমাদের গ্রুপে ফ্রান্স, ইকুয়েডর, সুইজারল্যান্ডের মতো তিনটি কঠিন দল আছে। এরপর আরও অনেক ঐতিহ্যবাহী দল আসবে। পরের পর্বে যেতে পারাটাকে আমাদের উন্নতির সবচেয়ে সেরা সুযোগ হিসেবেই মানব। হন্ডুরাসের ধরনটা এ রকমই। আমাদের সতর্ক থাকতে হবে৷ গত পাঁচ-ছয় বছরে, হয়তো আরও বেশি সময়ে হন্ডুরাস অনেক উন্নতি করেছে। মধ্য আমেরিকায় সবাই এ জন্য তাদের সমীহও করে। কিন্তু আমি জানি, বিশ্বে হন্ডুরাস ফুটবল দল সম্পর্কে খুব কম মানুষই জানে। মধ্য আমেরিকায় সবাই যেটা দেখেছে, গোটা বিশ্বকে সেটা দেখাতে পারলে তো ভালোই।
কে জিতবে বলে মনে করেন?
সুয়ারেজ: নিরঙ্কুশ ফেবারিট বললে ব্রাজিলের নামই নিতে হবে। শুধু নিজেদের মাঠে খেলছে বলেই নয়, আবহাওয়া, তাদের খেলার ধরন, কোচ এসব মিলিয়েও। ইউরোপিয়ানদের মধ্যে আমি জার্মানির নাম বলব। আগে ওদের খেলার ধরন অন্য রকম ছিল, কিন্তু এখন তারা টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি অনেক স্বয়ংসম্পূর্ণ। ওদের আমার পছন্দ।
২০১১ থেকে হন্ডুরাসের দায়িত্বে আছেন। বিশ্বকাপের পরও এখানেই থাকবেন?
সুয়ারেজ: আমার চুক্তি বিশ্বকাপ পর্যন্ত । অন্য কোনো জাতীয় দল ও ক্লাবের হয়ে কাজ করতে আমার আপত্তি নেই। কী রকম প্রস্তাব পাই সেটার ওপর নির্ভর করছে।