‘বড় দলগুলোকে চমকে দিতে চাই’
আইসিসিকে যেন একটা জবাবই দিয়ে দিলেন ডাচ ক্রিকেট তারকা রায়ান টেন ডয়েসকেট। বিশ্বকাপের আগামী আসর থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা কমিয়ে দশে নিয়ে আসার যে চিন্তা-ভাবনা চলছে, সেটারই নীরব প্রতিবাদ জানালেন তিনি ক্রিকেটের জনক ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকিয়ে।যদিও সেঞ্চুরিটি ম্যাচের ফলে প্রভাব রাখতে পারেনি, জেতাতে পারেনি হল্যান্ডকে। কিন্তু এই সেঞ্চুরিটি ক্রিকেট বিশ্বকে জানিয়ে দিয়েছে, আইসিসি যাদের ‘সহযোগী সদস্যের’ তকমা দিয়ে অবজ্ঞা করছে, তারাও সুযোগ পেলে ক্রিকেটটা ভালোভাবেই খেলতে জানে। ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, সোয়ান, অ্যান্ডারসন, কলিংউডদের মতো বোলারদের বিপক্ষে দারুণ স্বাচ্ছন্দ্য, এই ডাচ তারকার ইনিংসটি আইসিসির সহযোগী সদস্য দেশগুলোকে নিয়ে নতুন করে ভাবনারও সুযোগ এনে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সামনে।ইংল্যান্ডের বিপক্ষে এই সেঞ্চুরির আলাদা এক গুরুত্ব থাকলেও ব্যাপারটি খুব একটা আলোড়ন তুলতে পারছে না খোদ ডয়েসকেটের মনে। প্রতিক্রিয়াও তাঁর খুবই সাদামাটা। গতকালের দিনটিকে ‘অন্য রকম’ একদিন হিসেবেই দেখছেন তিনি। যেদিন যেকোনো মানের ক্রিকেটারকেই বল ব্যাটে লাগাতে খুব একটা কসরত করতে হয় না। তবে, সেঞ্চুরিটি তাঁর মনে অবশ্যই দাগ কাটতে পারত, যদি তিনি সেঞ্চুরি দিয়ে হল্যান্ডকে এনে দিতে পারতেন এক ঐতিহাসিক জয়।রায়ান টেন ডয়েসকেটের জন্ম দক্ষিণ আফ্রিকায়। এ মুহূর্তে বিশ্ব ক্রিকেটে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে ডয়েসকেটের ব্যাটিং গড়ই সবার ওপরে। নাগপুরে ইংল্যান্ডের বিপক্ষে গতকালের ম্যাচে ডয়েসকেটের ১১৯ রানে ছিল নয়টি চার ও তিনটি ছয়ের মার। ইংলিশ বোলারদের তুলোধুনো করে খেলা এই ইনিংসের আগে বেশ কিছুদিন তিনি ফর্মে ছিলেন না। রান পাচ্ছিলেন না নিয়মিত। তবে, নাগপুরের ম্যাচ তাঁকে ফিরিয়েছে ফর্মে, পরিণত করেছে, টেস্ট ক্রিকেটের বাইরে অন্যতম সেরা তারকা হিসেবে।‘গত ছয় সপ্তাহ ধরেই আমার ব্যাটে ছিল নিদারুণ খরা। কোনোভাবেই রান পাচ্ছিলাম না। ফর্মে ফেরার জন্য প্রচণ্ড পরিশ্রম করে যাচ্ছিলাম।’ জানালেন ডয়েসকেট।‘এটা ছিল তেমনই একটা দিন, যেদিন সবকিছুই ব্যাটসম্যানের ইচ্ছামতো ঘটে।’ নিজের দুর্দান্ত ইনিংস সম্পর্কে ডয়েসকেটের সরল স্বীকারোক্তি।এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলা এই অলরাউন্ডার এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। কলকাতা তাঁকে দলে নিতে ব্যয় করেছেন এক লাখ ৫০ হাজার মার্কিন ডলার।ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ডয়েসকেট বলেন, ‘নাগপুরের উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য রীতিমতো স্বর্গতুল্য। এখানে ২৪০-২৫০ জয়ের জন্য যথেষ্ট হতো না। এমনটি আমাদের ২৯২ রানও শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট হয়নি।’দারুণ এক ইনিংস খেলেও ক্ষুধাটা মোটেও মেটেনি ডয়েসকেটের। আগামী ম্যাচগুলোতেও একই রকম ব্যাটিং করে যেতে চান তিনি। তিনি বলেছেন, ‘এভাবে খেললে আগামী ম্যাচগুলোতে আমরা বড় দলগুলোকে ঝামেলায় ফেলতে পারব।’ডয়েসকেটকে নিয়ে তাই একটু আলাদাভাবেই ভাবতে হচ্ছে বড় দলগুলোকে। ওয়েবসাইট।