বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন। ছিলেন জাতীয় ক্রিকেট দলের নির্বাচক। আপাতত জাতীয় দলের সঙ্গে না থাকলেও খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন প্রতিটি ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে বলেছেন নাঈমুর রহমান বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ কেমন দেখলেন?নাঈমুর রহমান: ম্যাচ হিসেবে বেশ ভালো হয়েছে। ফল নিয়ে না ভাবলে বলতে পারতাম, খুবই উপভোগ করেছি। ব্যাটে-বলে ভালো লড়াই হয়েছে। টি-টোয়েন্টির স্বভাব অনুযায়ীই শেষ পর্যন্ত টেনশনটা ছিল। কিন্তু শেষমেশ যেহেতু আমরা হেরেছি, তাই ভালো লাগাটা আর নেই। ম্যাচ শেষে হারের কষ্টটাই মনের মধ্যে জায়গা পেল বেশি। জয় হাতছাড়া হলো, এমন কি মনে হচ্ছে?নাঈমুর: তা তো বটেই। হেরে গেছি অল্পের জন্য। বোলিং বা ব্যাটিংয়ে একটু এদিক-ওদিক হলেই ম্যাচটা জিতে যাই। সবচেয়ে বড় কথা, ম্যাচের প্রায় শেষ সময় পর্যন্ত মনে হয়েছে, বাংলাদেশ জয়ের পথে আছে। বাংলাদেশ ম্যাচটা ঠিক কোন জায়গাটায় হারল?নাঈমুর: এভাবে বলা মুশকিল। কিছু রান নিঃসন্দেহে বেশি দেওয়া হয়েছে। আমাদের স্পিনাররা প্রত্যাশা অনুযায়ী বল করতে পারেনি। আবার মনে রাখবেন, টি-টোয়েন্টিতে বোলারদের দোষ দেওয়াটা একেবারেই অন্যায়। এখানে ব্যাটসম্যানদেরই দাপট। আবার ব্যাটিংটা যদি ভাবেন, তাহলে আমাদের শুরুটা ভালো হয়নি; যেটা টি-টোয়েন্টিতে খুবই জরুরি। আবার আশরাফুল-সাকিব ভালো একটা অবস্থা এনে দেওয়ার পরও ম্যাচ ফিনিশ করা গেল না। ফলে হারের জন্য নির্দিষ্ট কোনো জায়গা চিহ্নিত করা কঠিন। অনেকে বলছেন, পাকিস্তানের ইনিংসেই আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি। আপনার কি মনে হচ্ছে?নাঈমুর: একদমই না। পাকিস্তানের রান হয়তো আরও কম হতে পারত। কিন্তু ওই রান তো আমরা তাড়া করছিলাম। আমাদের যে ব্যাটিং লাইনআপ, তাতে ১৭৩ রান করা খুব কঠিন কিছু না। আর ব্যাটসম্যানরা তো সেই পথে ছিলই। ভালো শুরু করতে না পারার পরও আশরাফুল-সাকিব জয়ের পথে নিয়ে গিয়েছিল। টিম কম্বিনেশনটা কি ঠিক ছিল বলে মনে হয়?নাঈমুর: স্পিনারদের প্রাধান্য দিয়ে একাদশ করা হয়েছে। আমাদের শক্তি তো ওখানেই। আমার কাছে একাদশ ঠিকই মনে হয়েছে। তবে ব্যাটিং-অর্ডারে হয়তো কিছু এদিক-ওদিক হতে পারত... যেমন? নাঈমুর: ওই যে ১৩ বলে ৩৩ রান লাগবে, এ সময়ে মুশফিককে না পাঠিয়ে, মাশরাফিকে পাঠানো যেত। আমি একটা সম্ভাবনার কথা বলছি। এটাও ঠিক, মাশরাফি এখন কেমন ব্যাটিং করছে, তা অনেক দিন তো দেখা হয় না। তাই হয়তো... না, মাশরাফি এনসিএলেও তো কয়েকটা ছোট ছোট ঝোড়ো ইনিংস খেলেছেন...নাঈমুর: হ্যাঁ। ওটাই পয়েন্ট। মাশরাফি এসব সময় ব্যাট হাতে ম্যাচের চেহারা বদলে দিতে পারে। তাই তাকে দিয়ে একটা চান্স নেওয়া যেত। এটা স্রেফ একটা সম্ভাবনা। সব মিলিয়ে তাহলে এই ম্যাচ থেকে কী পেল বাংলাদেশ?নাঈমুর: সবচেয়ে বড় পাওয়া আশরাফুলের রান। ও রানে থাকলে যে কাউকে হারানো যায়। ফলে ও রানে ফিরেছে, এটা বিরাট সুখবর। এখন আশাটা বড় করা যায়। তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের আশা করেন?নাঈমুর: নিশ্চয়ই। টি-টোয়েন্টিতে যে কারও বিপক্ষে জয়ের আশা করি। কিন্তু টেস্ট-ওয়ানডেতে কিছু উন্নতি হলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশের তো কোনো ভালো ফলই আসছে না...নাঈমুর: ফল না এলেও দল কিন্তু উন্নতি করছে। এক ম্যাচ থেকে আরেক ম্যাচে উন্নতি করছে। আবার সেই কথা বলতে হয়, খেলোয়াড়দের দোষ দিয়ে লাভ নেই। ওরা যা কিছু উন্নতি করার সুযোগ পাচ্ছে জাতীয় দলে এসে। এখানেই প্রস্তুতি নিতে হচ্ছে। জাতীয় দলের বাইরে তো ক্রিকেট-কাঠামো খুবই খারাপ। তাই যেটুকু উন্নতি হচ্ছে সেজন্য খেলোয়াড়দের ধন্যবাদ দিতে হয়।