‘বড় ভাই’য়ের দায়িত্বে রবিনহো
২০০৪ কোপা আমেরিকার দলে সুযোগ পাননি, আন্তর্জাতিক ফুটবলে মাত্রই পা রেখেছিলেন বলে। প্রথম সুযোগ পেলেন ২০০৭-এ। তখনো রবিনহোর বয়স মাত্র ২৩ বছর। প্রথমবার কোপা খেলতে এসেই করলেন ৬ গোল। এর মধ্যে আছে চিলির বিপক্ষে হ্যাটট্রিকও। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তো হলেনই, পেয়ে গেলেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও।চার বছরে কত কিছুই না পাল্টে যায়! সেদিনের রিয়াল মাদ্রিদের রবিনহো যেমন ম্যানচেস্টার সিটি, সান্তোস ঘুরে এখন ঠিকানা বানিয়েছেন এসি মিলানকে। সেদিনের ২৩ বছর বয়সী দলের কনিষ্ঠ খেলোয়াড়দের একজন রবিনহো এখন ‘সিনিয়র’। ৮৪ ম্যাচ খেলেছেন, ব্রাজিলের এই দলে তাঁর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাত্র আর একজনই—ডিফেন্ডার লুসিও।রবসন ডি সুজা ভালো করেই জানেন, দলে তাঁর ভূমিকা কতটা পাল্টেছে। জানেন দলের ‘বড় ভাই’দের একজন হিসেবে বাকিদের দেখভাল করা, অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু বের করে দেওয়াও তাঁর দায়িত্ব। এবং নতুন এই ভূমিকায় মানিয়ে নিতে রবিনহো পুরোপুরি প্রস্তুত।মানো মেনেজেসেরও আস্থা আছে তাঁর ওপর। নতুন এই কোচের অধীনে বেশ কবার অধিনায়কের বাহুবন্ধনীও পরেছেন। কোচ ভালো করেই জানেন, বড় মঞ্চে কীভাবে নিজেকে মেলে ধরতে ভালোবাসেন সান্তোসের আবিষ্কার। ২০১০ বিশ্বকাপে তাঁর গোলে ১০ মিনিটেই হল্যান্ডের বিপক্ষে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। রবিনহোর ছোঁয়ায় দারুণ শুরু করা ব্রাজিল কোয়ার্টার ফাইনালটা জিতে নেবেই মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ওয়েসলি স্নাইডারের দাপুটে আবির্ভাব, জোড়া গোল তাদের ছিটকে দিল শেষ আট থেকে। বিশ্বকাপের সেই ব্যর্থতার জ্বালাও ঘুচিয়ে দেওয়ার তাড়না নিশ্চয়ই ভেতর থেকে টের পাচ্ছেন এই স্ট্রাইকার!২৭ গোল করে ব্রাজিলের এই দলটার মধ্যে সর্বোচ্চ গোলদাতাও তিনি। রবিনহো জানাচ্ছেন, বড় দায়িত্ব এলে কাঁধ পেতেই সেটি নিতে তিনি প্রস্তুত, ‘দলের সিনিয়র খেলোয়াড় হওয়ায় বাড়তি অনুপ্রেরণা পাই। কোপার শিরোপা জিততে হলে আমার যা করার প্রয়োজন তা-ই করব। ভালো খেলব, দলকে গোল এনে দেব।’এই রবিনহো আসলেই পরিণত। শুরুর দিকে তাঁর ড্রিবলিং, বল নিয়ে কারিকুরি খুবই আলোচিত ছিল। হয়তো এ কারণে খেলার মধ্যে একটু দেখনদারিও ছিল। অকারণে বল নিয়ে কারিকুরি করতেন বলে সমালোচনাও হতো। কিন্তু এখন ফিনিশিংয়ের দিকেই বেশি মনোযোগ। রবিনহো ভালো করেই জানেন, ফুটবলে শেষ পর্যন্ত গোলটাই আসল।পুরোদস্তুর স্ট্রাইকার হওয়ার এই শিক্ষা তিনি পেয়েছেন রোনালদোর কাছ থেকে। সদ্যই অবসর নেওয়া এই ব্রাজিল কিংবদন্তির কাছেও তাই তাঁর অশেষ ঋণ, ‘রোনালদো সব সময়ই আমাকে প্রচুর উপদেশ দিত। সে-ই আমাকে শিখিয়েছে কীভাবে গোল করতে হয়, যখন গোলের সামনে আমার সেই খুনে মানসিকতার ঘাটতি ছিল।’ রোনালদোর প্রতি ঋণ শোধ করতে এখন এই শিক্ষা তিনি তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে চান, ‘ও আমাকে ভালো যা কিছু শিখিয়েছে, সেসব নেইমার, লুকাস আর গানসোর মতো তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে চাই।’ এরই মধ্যে বড় ভাই-সুলভ একটা কাজও শুরু করেছেন। প্রচারের আলোর ঝলকানিতে যাতে নেইমারের চোখ না ধাঁধিয়ে যায়, সেটা দেখছেন। তাঁরই মতো সান্তোসের এই উঠতি তারকাকে আড়াল করার জন্য বললেন, নেইমার নতুন পেলে নয় মোটেও, ‘পেলে তো ফুটবলেরই রাজা। সান্তোসের প্রত্যেক কৃষ্ণবর্ণের তরুণ খেলোয়াড়কেই পেলে বলা হয়। কিন্তু পেলের মতো হওয়া কারও পক্ষে সম্ভব নয়। আরেকজন পেলের জন্ম কখনোই হবে না। প্রত্যেক খেলোয়াড়কে তার নিজেরই ইতিহাস তৈরি করতে হবে। নেইমার সেই পথে ভালো মতোই এগোচ্ছে। তুলনাটা আমাদের একপাশে ফেলে রেখে ফুটবলে মনোযোগ দিতে হবে।’ এএফপি, ওয়েবসাইট।