'বড় যুদ্ধের' জন্যও প্রস্তুত সাব্বির

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দুয়ো শুনলেন ক্যাচ ফেলে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বড় হাততালিটাও পেলেন দারুণ এক ক্যাচ ধরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের গুলবাদিন নায়েবের তোলা সেই ক্যাচ ফেলা আর পরের বলেই ক্যাচ নেওয়ার কথা নিশ্চয়ই ভুলে যাননি এত তাড়াতাড়ি। ভাবলে অবাক হবেন, ক্রিকেটের এই ‘ক্যাচ’ ব্যাপারটা সাব্বির রহমানের সঙ্গে আছে সেই ছোটবেলা থেকেই।
বয়স তখন ১২-১৩। রাজশাহীর পাড়ার ক্রিকেটে সাব্বির শুধু ফিল্ডার। বড় ভাইদের সঙ্গে ক্রিকেট খেলায় বোলিং-ব্যাটিং বলতে গেলে পেতেনই না। তবে সাফল্যের সিঁড়িটা ধরতে ওটার দরকারও পড়ল না। একদিন ওই ফিল্ডিং করতে গিয়েই ধরে ফেললেন অসাধারণ এক ক্যাচ। সেটা দেখে সাব্বিরকে অনুশীলনে ডেকে নিলেন স্থানীয় এক কোচ। সাব্বিরের ভাষায়, ‘আমার ক্রিকেটার হওয়ার কাহিনি এক দিনেই বলে শেষ করা যাবে না। রাজশাহীতে আমার এক কোচ ছিলেন, রশীদ ভাই। ক্যাচ দেখে তিনি আমাকে অনুশীলনে ডাকেন। এভাবেই শুরু...।’
এরপর ঢাকায় এসে হেলভেশিয়া কাপে ব্রাদার্সের হয়ে খেলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে দৃষ্টি কেড়ে হলেন টুর্নামেন্ট-সেরা। ডাক পেলেন অনূর্ধ্ব-১৩ দলে। ফিল্ডার আর বোলার সাব্বির তখন শুধু ব্যাটসম্যান। তবে জাতীয় দলে আসার পর লক্ষ্যটা এখন অলরাউন্ডার হওয়ার, ‘ছোটবেলায় বোলার ছিলাম। লেগ স্পিন করতাম। অনূর্ধ্ব-১৩-তে আসার পর আমাকে ব্যাটসম্যান করে দেওয়া হলো। তবে এখন আবার লেগ স্পিনটা করতে চাই। চাই ভালো অলরাউন্ডার হতে।’
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে এই চট্টগ্রামেই অভিষেক টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ২৬ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ব্যাটিং করতে হয়নি। সর্বশেষ নেপালের বিপক্ষে ম্যাচে অপরাজিত ২১ রানে। এ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে এই তিন ম্যাচেরই অভিজ্ঞতা। তবে ঘরোয়া টি-টোয়েন্টিতে নিয়মিত ভালো করায় টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে সাব্বিরের খ্যাতি আগে থেকেই। সাব্বির নিজেও বলছিলেন, ‘সবাই বলে আমি নাকি টি-টোয়েন্টির খেলোয়াড়। তবে আমি চেষ্টা করব টি-টোয়েন্টি থেকে ওয়ানডে এবং ওয়ানডে থেকে টেস্টে যেতে। ইচ্ছা আছে বাংলাদেশ দলের হয়ে তিন ফরম্যাটেই খেলার।’
টি-টোয়েন্টি বিশেষজ্ঞ বলা হলেও সাব্বিরের ব্যাটিংয়ের ধরনে নেমেই তেড়েফুঁড়ে মারার ব্যাপারটা নেই। ২০ ওভারের ক্রিকেটেও একটু সময় নেন উইকেটে থিতু হতে, ‘আমার চেষ্টা থাকে শুরুতে একটু ধীরে খেলে আস্তে আস্তে মেরে খেলা। প্রথমে এসেই কেউ ওভাবে মারতে পারে না। তবে পরিস্থিতি যদি রান দাবি করে সেটা ভিন্ন কথা। নইলে চেষ্টা করি আগে কিছু বল ফেস করে পরে সেটা পুষিয়ে নিতে।’ কিন্তু ছোট সংস্করণের ক্রিকেটে এটা নিজের ওপরই চাপ নিয়ে নেওয়া নয় কি? সাব্বিরের দর্শন ভিন্ন, ‘আমি ক্লিন হিট করতে পারি। চেষ্টা করি মারার বল পেলে মারতে। পরে তাই পুষিয়ে ফেলতে পারি। তাড়াহুড়া পছন্দ করি না। যেটা ১-এর বল সেটাতে ১ নিই, যেটা মারার বল সেটা মেরে দিই।’
শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হলেও পরের দুটি ম্যাচই সাব্বির খেলেছেন ছোট দলের সঙ্গে। বড় দলের বিপক্ষে আসল পরীক্ষায় পড়বেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে। তাতে কী! সাব্বির নিজেকে প্রস্তুত মনে করছেন বড় যুদ্ধের জন্যও, ‘দুই ম্যাচে ব্যাটিং করেছি দুই রকম পরিস্থিতিতে। বড় দলের বিপক্ষেও পরিস্থিতি বুঝে নিজের খেলাটাই খেলব।’