বিশ্বকাপ বাছাইপর্বে স্পেনের সবচেয়ে কঠিন ম্যাচ আগামী পরশু। প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এই ম্যাচটিই ‘আই’ গ্রুপের চ্যাম্পিয়নশিপ নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস। ‘অতিগুরুত্বপূর্ণ’ এই ম্যাচের জন্য প্রত্যাশার চেয়েও ভালো প্রস্তুতি হলো স্পেনের। পরশু পেদ্রো রদ্রিগেজের হ্যাটট্রিকে স্পেন বেলারুশকে হারাল ৪-০ গোলে। বিশ্বকাপ বাছাইয়ে এই রাতটা ইউরোপের অন্য সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদেরও ভালোই গেছে।চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ৩-১ গোলে হারিয়েছে আর্মেনিয়াকে। ডাবলিনে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি স্বাগতিক আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। ওয়েম্বলিতে ইংল্যান্ড দুর্বল স্যান মেরিনোকে গুঁড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। নিজেদের মাঠে হল্যান্ড অ্যান্ডোরাকে হারিয়েছে ৩-০ গোলে। ‘বড়’দের মধ্যে হেরেছে কেবল পর্তুগাল। নিজেদের মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে ১-০ গোলে হারিয়েছে রাশিয়া। জাতীয় দলের জার্সি গায়ে রোনালদোর ৯৯তম ম্যাচটি কাটল হতাশায়। আর ফ্যাবিও ক্যাপেলো এই নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি ম্যাচেই জেতালেন রাশিয়াকে। বিশ্বকাপ বাছাই সব বড় দল আর ‘তারকা’ খেলোয়াড়দের সামর্থ্য প্রমাণের লড়াই। রোনালদো, রুনি বা ইব্রাহিমোভিচের মতো পাদপ্রদীপের আলোয় থাকেন না পেদ্রো। সেই পেদ্রোই করলেন হ্যাটট্রিক। হ্যাটট্রিক করেছেন অখ্যাত ইসরায়েলের টমার হেমেদ। হ্যাটট্রিকের কল্যাণে তাঁর দল ইসরায়েলও লুক্সেমবার্গোকে হারিয়েছে ৬-০ গোলে। রুনি, ইব্রাহিমোভিচ, পিরলো, ক্লোসা, রিউস, ক্রুসরাও আলো কেড়েছেন। শুধু গোল করতে পারেননি এই সময়ের সেরা দুই খেলোয়াড়ের একজন রোনালদো।মিনস্কে ভিয়া-তোরেসকে বেঞ্চে রেখে পেদ্রোকে প্রথম একাদশে নামিয়েছিলেন দেল বস্ক। কোচের আস্থার প্রতিদান দিতে বার্সেলোনা উইঙ্গার হ্যাটট্রিকই শুধু করেননি, দলের বাকি গোলটিতেও রেখেছেন অবদান। ১২ মিনিটে তাঁর পাসেই দলকে প্রথম এগিয়ে দেন স্পেনের ইউরো-আবিষ্কার জর্ডি আলবা। পরের গল্পটা শুধুই পেদ্রোর। পেশাদার ক্যারিয়ারেই ২৫ বছর বয়সী উইঙ্গার প্রথম হ্যাটট্রিক করলেন। এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট হলো স্পেনের। দুই ম্যাচে ফ্রান্সের পয়েন্টও ৬। গোল-ব্যবধানে এগিয়ে স্পেন।ইয়েরেভানে ইতালির ৩-১ গোলের জয়টি পিরলো, ডি রোসি ও অসভালদোর গোলে। এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে ইতালি। ডেনমার্কের সঙ্গে ১-১ গোলে ড্র করেও দুইয়ে বুলগেরিয়া (৫)। মাল্টাকে ৩-১ গোলে হারিয়ে চেক প্রজাতন্ত্র (৪) তিনে।ডাবলিনে আয়ারল্যান্ডকে নিয়ে জোয়াকিম লো-র দল করেছে ছেলেখেলা। জোড়া গোল করেছেন রিউস ও ক্রুস। ওজিলের পেনাল্টি গোলের পাশে ক্লোসাও গোল তালিকায় নাম তুলেছেন। অতিরিক্ত সময়ে একটি গোল শোধ করেছেন কিওগ। কিন্তু তার আগেই নিজেদের মাটিতে সবচেয়ে বড় ফুটবল-লজ্জায় ডুবেছে আয়ারল্যান্ড। এখন আয়ারল্যান্ডের ইতালিয়ান কোচ ত্রাপাত্তোনির চাকরিটাই বুঝি যায়! পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে শীর্ষে জার্মানি।পরশুই ইংল্যান্ডের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে রুনি নামেন অধিনায়কের বাহুবন্ধনী পরে। দিনটা স্মরণীয় করে রাখলেন জোড়া গোল করে। ইংল্যান্ডের সর্বকালের গোলদাতার তালিকার পঞ্চম স্থানে এখন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার। জোড়া গোল করেছেন ড্যানি ওয়েলবেকও। অক্সলেইড-চেম্বারলেইন পেয়েছেন তাঁর প্রথম আন্তর্জাতিক গোল।রটারডামে রবিন ফন পার্সিকে মাঠেই নামাননি হল্যান্ড কোচ লুইস ফন গল। তবে দল ঠিকই জিতেছে ফন ডার ভার্ট, ইয়ান ক্লাস-হান্টেলার ও অভিষিক্ত রুবেন শাকেনের গোলে। ফারো দ্বীপপুঞ্জের বিপক্ষে সুইডেনকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন ইব্রাহিমোভিচ। ৭৫ মিনিটে গোল করে পিএসজির তারকা প্রথমে পিছিয়ে পড়া সুইডেনকে এনে দিয়েছেন জয় (২-১)। এএফপি, রয়টার্স।