'বড়'রা আসছে আজ থেকে
আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা হয়ে গেছে কাল। আগের দিন চার-চারটি প্রস্তুতি ম্যাচও হয়ে গেছে। আজ হচ্ছে আরও চারটি প্রস্তুতি ম্যাচ। বাতাসে আনন্দের অনুরণন, চারপাশে উৎসবের আমেজ। তার পরও কোথায় যেন একটু খামতি থেকে গেছে। টি-টোয়েন্টির বিশ্ব আসর শুরু হয়েও যেন ঠিক শুরু হয়নি। ‘বড়’ দলগুলোই যে এখনো পা রাখেনি বাংলাদেশে!
গোলটা বাধিয়েছে ওই প্রাথমিক পর্ব। আগের চার আসরে প্রাথমিক পর্বের বালাই ছিল না। সব দলকে নিয়ে একসঙ্গেই শুরু হতো টুর্নামেন্ট। এবার আটটি দলকে নিয়ে আগে হচ্ছে প্রাথমিক পর্ব। ‘বড়’ দলগুলো তাই আসছে রয়েসয়ে। আজ বাংলাদেশ-আয়ারল্যান্ড-আফগানিস্তান যখন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে, তখন ঢাকায় পা রাখবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। এই দলগুলো যখন প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে, তত দিনে বাংলাদেশ কিংবা আফগানিস্তানের টুর্নামেন্টই একরকম শেষ হয়ে যেতে পারে!
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে ১৬ মার্চ থেকে শুরু প্রাথমিক পর্ব। বাস্তবতা বলছে, প্রথম ম্যাচটিই আসলে গ্রুপ ফাইনাল। ওই ম্যাচে হেরে যাওয়া দল পরদিন যখন ভগ্নহূদয়ে চট্টগ্রামের পথে থাকবে, মিরপুরে তখন প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান-নিউজিল্যান্ড ও ভারত-শ্রীলঙ্কা। ১৮ মার্চ ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ বাংলাদেশ ‘এ’।
বিশ্ব আসরগুলোর অন্যতম আকর্ষণ কিন্তু এই প্রস্তুতি ম্যাচগুলোও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাই মনে করুন। ভারত-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ নিয়ে সে কী হইচই! টিভিতে সরাসরি সম্প্রচার করাও হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি। এবার ভারত-পাকিস্তান একই গ্রুপে বলে প্রস্তুতি পর্বে দেখা হচ্ছে না তাদের। ২১ মার্চ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াইগুলোর একটি দিয়েই শুরু হবে মূল পর্ব। ৫০ ওভারের বিশ্বকাপের মতো টি-টোয়েন্টির বিশ্ব আসরেও কখনো ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে কয়েক দিন আগে এশিয়া কাপে ভারতকে হারিয়ে টগবগ করে ফুটতে থাকা পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ দেশ ছাড়ার আগে বলেছেন, ‘প্রথম ম্যাচে ভারতকে পেয়েই আমরা খুশি!’
প্রস্তুতি ম্যাচে ভারত-পাকিস্তান না থাকলেও আকর্ষণের কমতি নেই। ১৯ মার্চ যেমন দেখা যাবে ট্রান্স-তাসমান লড়াই, ফতুল্লায় মুখোমুখি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। একই দিন দেখা যাবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ‘পুনর্মঞ্চায়ন’। মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ১৯ মার্চ প্রস্তুতি ম্যাচের শেষ দিনে আছে আরও দুটি ম্যাচ। সন্ধ্যায় মিরপুরে ইংল্যান্ডের প্রতিপক্ষ ভারত, ফতুল্লায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে পাকিস্তান।
২১ মার্চ যখন মূল পর্ব শুরু হবে, তত দিনে দেশের পথে থাকবে ছয়টি দল! ২৬ দল নিয়ে যেটিকে বলা হচ্ছে আইসিসি ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট, সেটির মূল পর্বে আদতে তাই থাকবে ২০ দল। তার পরও এটি বিশাল এক মহাযজ্ঞ। এখন শুধু ক্ষণগণনার পালা।