বলছেন মার্সেলো লিপ্পি ২০০৬ বিশ্বকাপ জিতিয়েই সরে দাঁড়িয়েছিলেন। দলের দুর্দিনে আবার ফিরে এসে হাল ধরেছেন মার্সেলো লিপ্পি। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ইতালিকে নিয়ে এবারের বিশ্বকাপে তাঁর স্বপ্নের কথা—
‘বয়স কোনো সমস্যা নয়’
‘বুড়ো’দের এক দল নিয়ে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন। বিষয়টি নিয়ে কি আপনি চিন্তিত?মার্সেলো লিপ্পি: প্রতিযোগিতাটা যদি বছরখানেকের মতো লম্বা হতো, আমি হয়তো অন্যরকম দল গড়তাম। বিশ্বকাপ যেহেতু এক মাসের একটা টুর্নামেন্ট, এখানে তাই ‘বেশি বয়স’ কোনো সমস্যা নয়। খেলোয়াড়টির বয়স যতই ৩২, ৩১, ২৭ বা ২১ হোক, এটা কোনো ব্যাপারই নয়। আপনি যখন একজন খেলোয়াড়কে মূল্যায়ন করবেন, তখন শুধু তাঁর বয়স এবং টেকনিক্যাল বিষয় নিয়ে ভাবলেই চলবে না। আপনাকে তাঁর বুদ্ধিমত্তা, ক্যারিশমা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে অবদান রাখতে পারার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। এই এক মাসে ৩৫ বছর বয়সী একজন খেলোয়াড়ও ২৫ বছর বয়সী কারও চেয়ে বেশি কার্যকর হতে পারে। ইতিহাস বলে টানা বিশ্বকাপ জেতা কঠিন ব্যাপার। এবার ইতালির সম্ভাবনা কতটুকু?লিপ্পি: যদিও এই কীর্তিটা শুধু ব্রাজিল আর আমাদেরই আছে (ব্রাজিল ’৫৮ ও ’৬২-তে এবং ইতালি ’৩৪ ও ’৩৮-এ), এর পেছনে যুক্তিও আছে। বিশ্বকাপ জিততে আপনার লাগবে সেই একই মানসিক ও শারীরিক সামর্থ্য, যা চার বছর আগে আমাদের ছিল। এর সঙ্গে লাগবে সেই সংহতি, লক্ষ্যের প্রতি দলবদ্ধ একাগ্রতা এবং অবশ্যই ভাগ্যের সামান্য স্পর্শ। দল নির্বাচনের পথে অযাচিত উপদেশ পেয়েছেন, সেসব কীভাবে সামলেছেন?লিপ্পি: সব দেশেরই যন্ত্রণাদায়ক কেউ থাকে—এমন খেলোয়াড় থাকে যাদের সংবাদমাধ্যম এবং সমর্থকেরা ওপরে তুলতে চায়। ইতালিতে ছিল কাসানো। এখন লোকজন বালোতেল্লি এবং আর কয়েকজনের জন্য চাপ দিচ্ছে। ব্রাজিলে যেমন রোনালদিনহোসহ কয়েকজন আছে। তবে জাতীয় দলের কোচ সঠিক এবং যৌক্তিক নির্বাচনই করবে। বিশ্বকাপ জয়ের জন্য প্রয়োজনীয় শারীরিক ও মানসিক শক্তি আছে, এমন একটি দলই নির্বাচন করবেন তিনি। বিশ্বকাপ জিতবে কোন দেশ?লিপ্পি: সব সময়ই এটা হয়—যেখানেই যাবেন, শুনবেন লোকে বলছে ব্রাজিল বিশ্বকাপ জিতবে। এবার ব্রাজিলের সঙ্গে মানুষ স্পেনের নামও করছে। কারণ এ সময়ে দারুণ ভালো খেলছে স্পেন, ওরা ইউরো চ্যাম্পিয়ন এবং দলের আত্মবিশ্বাসটাও তুঙ্গে। বাস্তবতা হচ্ছে, ইংল্যান্ড, নেদারল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ইতালি; এ রকম পাঁচ-ছয়টা দেশ আছে যারা শুধু সংখ্যা বাড়াতেই বিশ্বকাপে যায় না, বিশ্বকাপ জিততেই যায়। এরা বিশ্বকাপ জিততেও পারে। আপনার প্রথম রাউন্ডের প্রতিপক্ষ দলগুলোকে কীভাবে মূল্যায়ন করছেন?লিপ্পি: প্যারাগুয়ে অবশ্যই সবচেয়ে এগিয়ে। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে দুই বছর ধরে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় খেলেছে। লম্বা সময় ধরে পয়েন্ট তালিকার শীর্ষেও ছিল। তারা গতিসমৃদ্ধ মসৃণ ফুটবল খেলে। তবে আমরা ওদের ভালো করেই জানি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা গত বছর দক্ষিণ আফ্রিকায় খেলেছি। ওরা শারীরিকভাবে শক্ত-সমর্থ, বাতাসে খুব শক্তিশালী, বিশেষ করে সেট-পিসে। তবে ওদের বিপক্ষে ভালো করব বলেই আশা। স্লোভাকিয়াও খুব ভালো। চিরাচরিত চেক ঘরানার ফুটবল খেলে ওরা। দলটি চৌকস, গতিময় এবং তরুণ প্রতিভায় পূর্ণ। নাপোলির হামসিকের মতো একজন দারুণ প্রতিভা আছে তাদের। সম্প্রতি ক্যামেরুনের সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচটি এবং ২০০৬ বিশ্বকাপের আগে জার্মানির বিপক্ষে ৩-১ গোলের জয়। দুটি ম্যাচ তুলনা করে মানুষ বলছে, এই ইতালি অনেক পিছিয়ে...লিপ্পি: এ রকম তুলনা করাটা ভুল। চার বছর আগের ওই ম্যাচে আমাদের মূল একাদশের সব খেলোয়াড়ই ছিল। আর ক্যামেরুনের বিপক্ষে মূল দলের ছয়-সাতজন খেলোয়াড়ই ছিল না। দুজনের অভিষেক ম্যাচও ছিল এটি। ওই ম্যাচটির দিকে তাকিয়ে সবাই বলছে, দল সেরা ফর্মের চেয়ে অনেক দূরে আছে। কিন্তু এই ম্যাচটা আসলে হিসাবে রাখার ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে, জুন মাসে ফিট, ভালো এবং সেরা ফর্মে থাকা। বিশ্বকাপে আফ্রিকান দলগুলোকে কীভাবে মূল্যায়ন করবেন? লিপ্পি: আইভরিকোস্ট ও ক্যামেরুনের মতো দলগুলো সত্যিই ভালো। আফ্রিকায় বিশ্বকাপ হচ্ছে, এতে উদ্বুদ্ধ হয়ে ওরা এবার অনেক দূর যেতেও পারে। তাহলে কী মনোভাব নিয়ে এবারের বিশ্বকাপে যাচ্ছেন?লিপ্পি: আমরা সবাই জানি, এবার বিশ্বকাপটা খুব কঠিন হবে। তবে একটা ব্যাপার বলি, আমার চার বছরের দায়িত্বকালে মাত্র একটি প্রতিযোগিতামূলক ম্যাচই হেরেছে ইতালি (স্লোভেনিয়ার কাছে, ০-১, ২০০৪, বিশ্বকাপ বাছাই)। তবে যখন আমরা সবাই এক মাসের জন্য একত্র হব, তখন ভালো একটা কিছু হবেই বলে বিশ্বাস।