‘বয়স তো আর কমছে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ তাঁর শেষের শুরু। সর্বকালের অন্যতম সেরা স্পিনারদের একজন, সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরন শেষ টেস্ট খেলতে নামার আগে কথা বলেছেন নিজের ক্যারিয়ার, শ্রীলঙ্কার ক্রিকেট, বোলিং অ্যাকশন বিতর্কসহ অনেক বিষয় নিয়ে। ক্রিকইনফোকে দেওয়া সেই সাক্ষাৎকারের নির্বাচিত অংশ একটু কি নার্ভাস লাগছে?মুত্তিয়া মুরালিধরন: প্রতি টেস্টের আগেই একটু নার্ভাস লাগে। শেষ ম্যাচ বলে একটু বাড়তি চাপ আছে। কিন্তু চাপের মধ্যে খেলা আমার জন্য তো নতুন কিছু না। আমি স্রেফ ম্যাচটা উপভোগ করতে চাইছি। হ্যাঁ, ৮০০ উইকেট নিয়ে শেষ করতে পারলে দারুণ হয়। না হলেও কোনো সমস্যা নেই। অবসরের সিদ্ধান্ত নিলেন কেন?মুরালিধরন: অনেক ভালো তরুণ স্পিনার উঠে আসছে, এই সময় আমার আর নিজেকে টেনে নিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না। আমার বয়স তো আর কমছে না! আর আজকের দিনে এত খেলার মধ্যে টেস্ট খেলাটা খুবই কষ্টকর। আমি আরও কিছুদিন ক্রিকেট খেলতে চাই। কিন্তু টেস্ট খেলা চালিয়ে গেলে সেটা আর সম্ভব হবে না। শুরুর কথা বলুন। সেই ক্যান্ডি থেকে এসে এই বড় একটা শহরে মানিয়ে নেওয়া...নিজেকে প্রতিষ্ঠিত করা নিশ্চয়ই সহজ ছিল না।মুরালিধরন: আমি আসলে স্কুলে থাকতেই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলাম। তখনই নির্বাচকদের চোখে পড়ে যাই। তাই শুরুতে আমার খুব একটা সমস্যা হয়নি। সমস্যা ছিল কলম্বোতে নিজেকে মানিয়ে নেওয়া, পরিবার থেকে দূরে থাকা। আপনার আগে অফ স্পিন ব্যাপারটা শুধু আঙুলের কাজ ছিল। আর আপনি কবজি ব্যবহার করলেন। কবজি ব্যবহার করে অফ স্পিন করা কীভাবে শিখলেন?মুরালিধরন: ছোট থাকতে যখন সফট বলে খেলতাম, তখন মিডিয়াম পেস করতাম! আমরা নানা বয়সী ভাইয়েরা মিলে একটা বিস্কুট কারখানার গাড়ি পার্কিংয়ে ক্রিকেট খেলতাম। তখন আমাদের আইনকানুন ছিল খুব জটিল। ওখানেই কবজি শক্তিশালী করেছি। এরপর একদিন আমাদের একটা ম্যাচ ছিল কুরুনেগালাতে। দলে কোনো স্পিনার না থাকায় আমাকেই সেই দায়িত্ব নিতে হলো। মজার ব্যাপার, আমি ৫ উইকেট পেয়ে গেলাম। তারপর দলে জায়গা টিকিয়ে রাখতেই মিডিয়াম পেস ছেড়ে স্পিন বোলিং শুরু করে দিলাম। কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছেন?মুরালিধরন: না। কারণ, আমাদের ছোটবেলায় তো টেলিভিশনে খুব বেশি ক্রিকেট দেখানো হতো না। স্কুলে বসে আমার এক চাচাতো ভাইয়ের রেডিওতে ‘বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে’ কিছু ধারাভাষ্য শুনতাম। আপনার প্রিয় টেস্ট উইকেট...মুরালিধরন: ৭৯২টি উইকেট নিয়েছি। আর আপনি প্রিয় উইকেট মনে করতে বলছেন? বলা খুব কঠিন। তবে দুবার করে বিশ্বরেকর্ড ছাড়িয়ে যাওয়াটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। স্মরণীয় ম্যাচ?মুরালিধরন: এটাও তো মুশকিল! ৬৭ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছি, ২০ বার ১০ উইকেট। তার পরও ইংল্যান্ডের বিপক্ষে ওভালে ১৬ উইকেট নিয়ে খুব ভালো লেগেছিল। দুসরাটা কীভাবে এল? কত দিন ধরে এটা নিয়ে কাজ করছেন?মুরালিধরন: দুসরাকে ঠিকমতো কাজে লাগাতে প্রায় তিন-চার বছর সময় লেগেছিল। পিয়াল ওইজেতুঙ্গে নামের শ্রীলঙ্কান এক স্পিনার ছিল, ওর সঙ্গে ছোটবেলায় খেলেছি। সে এই বলটা করত। পরে সাকলাইন মুশতাককে এই ডেলিভারি দিতে দেখলাম। আমি বুঝতে পারছিলাম, এ রকম উল্টো ঘোরা একটা ডেলিভারি আমাকেও দিতে হবে। ১৯৯৬ সালে কাজ শুরু করার পর ১৯৯৯ সালে এসে আমি মাঠে ডেলিভারিটা দিলাম। আপনার অ্যাকশন নিয়ে অনেক সন্দেহ করেছে লোকে। তাদের সম্পর্কে কী ভাবেন?মুরালিধরন: আমি পাত্তা দিই না। আমি কেন তাদের পাত্তা দেব? জীবনটা হলো বাঁচার জন্য, বন্ধু তৈরি করার জন্য, উপভোগ করার জন্য। আমি ঘৃণা বয়ে বেড়াই না। অ্যাকশনে সমস্যা আছে—এটা প্রথম কবে বলা হলো?মুরালিধরন: ১৯৯৫ সালে, অস্ট্রেলিয়ায়, সেই বক্সিং ডে টেস্টে। অনেক দর্শকের সামনে প্রথমবারের মতো সন্দেহের মুখে পড়ে কেমন লাগছিল?মুরালিধরন: খুবই হতাশ লাগছিল, ভেঙে পড়েছিলাম। কিন্তু সৌভাগ্যজনকভাবে পুরো দল এবং ক্রিকেট বোর্ড আমার পাশে ছিল। তখন আমার বয়স কম ছিল। অ্যাকশন-বিতর্কের সময় ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন কখনো?মুরালিধরন: না, কখনোই ভাবিনি। অবশ্য লেগ স্পিন করব বলে ভাবছিলাম। নিজের ভবিষ্যৎ নিয়ে মনে একবারই প্রশ্ন জেগেছে—১৯৯১ সালে প্রথম ইংল্যান্ড সফরের পর। কোন ব্যাটসম্যানকে বল করা সবচেয়ে কঠিন?মুরালিধরন: যেদিন যে ভালো ব্যাট করে, তাকেই বল করা কঠিন হয়ে যায়। আর সামগ্রিকভাবে দেখলে আমার সময়ে দুই শ্রেষ্ঠ ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা। যেসব স্পিনারকে শ্রদ্ধা করেন...মুরালিধরন: আন্তর্জাতিক ক্রিকেট খেলেন, এমন প্রত্যেক ক্রিকেটারকেই শ্রদ্ধা করি। স্পিনারদের মধ্যে, বিশেষ করে, নব্বইয়ের দশকে শেন ওয়ার্ন, অনিল (কুম্বলে), মুশতাক (আহমেদ), ড্যানিয়েল ভেট্টোরি, আমি নিজে, সাকলায়েন (মুশতাক), হরভজন...একসঙ্গে এত ভালো ভালো বোলারকে পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। সবচেয়ে আনন্দের স্মৃতি কোনটা? সবচেয়ে বেশি মিস করবেন কী?মুরালিধরন: ১৯৯৬ বিশ্বকাপ জয় এবং ২০০০ ও ২০০১ সালে আমাদের টেস্টে অপরাজিত সময়টা। সবচেয়ে বেশি মিস করব ড্রেসিংরুম এবং ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠা খেলোয়াড়দের। অবসরের পর এখন টি-টোয়েন্টি খেলা ছাড়া আর কী করবেন?মুরালিধরন: আমাকে দলের প্রয়োজন হলে বিশ্বকাপটা খেলব। নির্বাচকেরা যদি মনে করেন আমাকে দরকার, তাহলে খেলব এবং দেশের জন্য দ্বিতীয় বিশ্বকাপ আনার চেষ্টা করব। ক্রিকেট ছাড়া?মুরালিধরন: পরিবারকে সময় দিতে চাই।