‘ভবিষ্যতে ওরা ভালো করবেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার সকার স্কুলে শুরু হয়ে গেছে এয়ারটেল রাইজিং স্টারস কর্মসূচি থেকে উঠে আসা ১২ জন খুদে ফুটবলারের প্রশিক্ষণপর্ব। এই স্কুলে সারা বছরই চলে এমন প্রশিক্ষণ ক্যাম্প। কাল সকালে ছেলেরা শিখল ফুটবলারদের দৈহিক ও মানসিক চাপ নিয়ন্ত্রণের বিশেষ উপায়। দুপুরে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের বিশেষ ফুটবল সিলেবাস নিয়ে পড়াশোনা চলল তাদের। সন্ধ্যায় ওরা পেল নানা দেশের খুদে ফুটবলারদের সঙ্গে সময় কাটানোর সুযোগ। মোট কথা, ফুটবলময় এক দিন।রাজ্যের বিস্ময় আর স্বপ্নের ঘোর কাটিয়ে লাল ইউনিফর্ম পরে কাল প্রথম দিনের প্রশিক্ষণে অংশ নেয় বাংলাদেশের ১২ জন কিশোর ফুটবলার। কেমন লাগছে? ‘বলে বোঝানো যাবে না’—বলল রিপন। ‘এমন মসৃণ মাঠে আগে খেলিনি। আমরা তো খানাখন্দে ভরা মাঠে খেলতে অভ্যস্ত।’ প্রশিক্ষণে আর কী ছিল—জানতে চাইলে নারায়ণগঞ্জের ছেলে মিঠু জানায়, ‘কী করে মাথা ঠান্ডা রেখে ৯০ মিনিট মাঠে থাকা যায়, সেটা শিখলাম! শিখলাম ধীরে ধীরে কীভাবে দম বাড়ানো যায়।’ ওদের ব্যাপারে কোচদের একজন লি বার্ক বললেন, ‘ওদের প্রচন্ড জীবনীশক্তি। শেখার আগ্রহ ওদের চোখেমুখে। অদম্য ইচ্ছাশক্তি আর মেধার জোরে ভবিষ্যতে ওরা ভালো করবেই।’