‘ভবিষ্যতে সতর্ক থাকব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক করেছিলেন আইপিএলের প্রথম চারটা ম্যাচ হলেও খেলবেন। কিন্তু ডান হাতের বৃদ্ধাঙ্গুলের চোট শ্রীলঙ্কা সিরিজ থেকেই শুধু নয়, তাকে বাইরে রাখতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শুরুতেও। দেশে ফিরে কাল তামিম ইকবাল জানালেন, বাদ দিচ্ছেন আইপিএলের চিন্তাও হাতের অবস্থা এখন কেমন?তামিম ইকবাল: আজ (গতকাল) এয়ারপোর্ট থেকে সোজা অ্যাপোলো হাসপাতালে গিয়ে সিটি স্ক্যান ও এক্স-রে করলাম। আশঙ্কা ছিল হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। কিন্তু রিপোর্টে দেখা গেছে সাধারণ ফ্র্যাকচার। বিশ্রাম নেওয়া ছাড়া আপাতত কিছু করার নেই। কত দিন লাগবে সুস্থ হতে? জিম্বাবুয়ে সফরে যেতে পারবেন?তামিম: সাত দিন কিছুই করতে পারব না। এরপর এক্স-রে করে যদি দেখি অবস্থা ভালোর দিকে, তাহলে পুনর্বাসন শুরু হবে। তবে চার সপ্তাহের আগে ব্যাট হাতে নেওয়ার কোনো সুযোগ নেই, ছয় সপ্তাহও লাগতে পারে। সে ক্ষেত্রে জিম্বাবুয়ে সফরের প্রথম টেস্টে আমার খেলার সম্ভাবনা খুবই কম। সব ঠিক থাকলে দ্বিতীয় টেস্ট থেকে হয়তো খেলতে পারব। সেঞ্চুরি করার পর পরই হাতের আঙুলে চোট পেয়ে সিরিজের বাইরে। মন তো নিশ্চয়ই খুব খারাপ...তামিম: ভালো সময় মানুষের জীবনে সব সময় আসে না। আমার ভালো সময় মাত্র শুরু হলো, তখনই ইনজুরিতে পড়লাম। তবে এটাও ঠিক, এসব মানুষের হাতে নেই। সান্ত্বনা একটাই—ইনজুরির আগ পর্যন্ত ভালো খেলছিলাম। আমার ফর্মটা ছিল। এতক্ষণ ব্যাটিং করার পর হঠাৎ পয়েন্টে ফিল্ডিং করতে গেলেন কেন?তামিম: আমি আসলে ছিলাম শর্ট ফাইন লেগে। দিলশান ১ রান নিলে স্ট্রাইকে আসে কুশাল পেরেরা। ও বাঁহাতি বলে আমি আর জায়গা না বদলে পয়েন্টেই দাঁড়িয়ে যাই। এর পর তো যা হওয়ার হলো। তবে ভবিষ্যতে এসব ব্যাপারে সতর্ক থাকব (হাসি)। শ্রীলঙ্কা সফরের আগে থেকেই চোট-আঘাতে জর্জরিত দল। শ্রীলঙ্কা গিয়েও শুনতে হয়েছে একটার পর একটা দুঃসংবাদ। সাকিব বলেছেন অনেক বেশি ম্যাচ খেলাতেও এটা হয়ে থাকতে পারে...তামিম: আমি আমারটা বলতে পারি। আমি কয়টা ম্যাচ খেলেছি তার ওপর নির্ভর করে আমার ইনজুরিটা হয়নি। এটা দুর্ঘটনা—আঙুলে বল লেগেছে। ইনজুরির কারণে আসলে কাউকেই দোষ দেওয়ার কিছু নেই। তবে এ থেকে অনেক কিছু শেখার আছে সবার। খেলোয়াড়েরা নিশ্চয়ই আরও সতর্ক থাকার চেষ্টা করবে। চোট-আঘাত থেকে মুক্ত থাকতে খেলোয়াড়েরা আসলে কতটা সচেষ্ট, তা নিয়েও প্রশ্ন উঠছে এখন।তামিম: আমাদের ফিজিও বিভব সিং খুবই পেশাদার। আমি অনেক ফিজিও দেখেছি, কিন্তু ওর মতো কাউকে দেখিনি। ফিজিও প্রতিটি খেলোয়াড়কে তার করণীয় বুঝিয়ে দেয়। এখন সে অনুযায়ী যদি আমি কাজ না করি, দোষটা তো আমারই। তবে আমার মনে হয় খেলোয়াড়েরা আগের চেয়ে এখন ১০ গুণ বেশি সতর্ক এসব ব্যাপারে। সামনে তো আইপিএলও আছে। সেখানে খেলা নিয়ে কী চিন্তা ছিল?তামিম: প্রথম চারটা ম্যাচ খেলার জন্য হয়তো বোর্ডের অনুমতি চাইতাম। জিম্বাবুয়েতে প্রথম টেস্ট ১৭ এপ্রিল থেকে, আইপিএলে প্রথম ৪টি ম্যাচ হয়ে যেত ১৩ তারিখের মধ্যে। ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও সে রকম কথাবার্তা চলছিল। কিন্তু বোর্ডকে জানানোর আগেই তো ইনজুরিতে পড়ে গেলাম। আগের যেকোনো বারের তুলনায় শ্রীলঙ্কা সফর এবার ভালো কাটছে। রহস্যটা কী?তামিম: শ্রীলঙ্কার বিপক্ষে আমরা কখনোই ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি না। এবার সেটার ব্যতিক্রম হয়েছে। যেকোনো পরিস্থিতিতেই হোক—সুযোগ এলে কাজে লাগাতে হবে, আমার মনে হয় সবার এই মানসিকতাই এবার দলটাকে বদলে দিয়েছে। আগে দেখা যেত শুরুতে ৩-৪ উইকেট হারালে আমরা ১৬০-১৭০ রানে অলআউট হয়ে যেতাম। এবার কিন্তু আমরা ২৫৯ রান করেছি। শ্রীলঙ্কা বাংলাদেশ দলের এই পরিবর্তনকে কীভাবে দেখছে?তামিম: আমার তো মনে হয় এবার আমরা একটু বেশিই সম্মান পাচ্ছি। এর আগে ২০০৭ সালের শ্রীলঙ্কা সফরে আমি ওয়ানডে দলে ছিলাম। সে তুলনায় এবার ওরা আমাদের ব্যাপারে অনেক বেশি সতর্ক। খেলার আগের দিন আমরা যেমন জানি না কাল কে জিতবে, তারাও সেটা জানে না।