স্বাধীনতা কাপের ফাইনালে গোলবারের নিচে দাঁড়িয়ে একটা পেনাল্টিও রুখতে পারেননি। তবে পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কার হিসেবে তাঁর হাতে উঠেছে টুর্নামেন্ট-সেরার পুরস্কার। তবে শিরোপাটা হাতে উঠলেই বেশি খুশি হতেন ফেনী সকার ক্লাবের গোলরক্ষক মোহাম্মদ নেহাল

টুর্নামেন্ট-সেরার পুরস্কার নিয়েও মুখে হাসি নেই কেন?
মোহাম্মদ নেহাল: আসলে খুবই হতাশ আমি। আমার দল চ্যাম্পিয়ন হলে খুশি হতে পারতাম।
কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলকে টাইব্রেকারেই হারিয়েছিল ফেনী সকার। এই ম্যাচেও কি আশাবাদী ছিলেন?
নেহাল: ওই দিন আমি কোনো শট ঠেকাতে পারেনি। ওরাই দুটি শট বাইরে মেরেছিল। তবে আজ অনেক আশাবাদী ছিলাম। কারণ ম্যাচের শুরু থেকেই যেভাবে ভাগ্য আমাদের সহায় হচ্ছিল ভাবছিলাম টাইব্রেকারে গেলেও ভাগ্য পক্ষে থাকবে। কিন্তু দুর্ভাগ্য, দল হেরে গেছে। টাইব্রেকারটা সব সময়ই ফিফটি-ফিফটি। আমি চেষ্টা করেছি। কিন্তু পারিনি। যেদিকে ঝাঁপিয়েছি সেদিকে বল পাইনি।
আপনারা তো ফাইনালে উঠেছিলেন আন্ডারডগ হিসেবে...
নেহাল: এটাও আমাদের জন্য একটা বড় অর্জন। আমি ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সমর্থক। কদিন আগে এফএ কাপে দেখেছি ম্যান সিটি কীভাবে উইগানের মতো ছোট দলের কাছে হেরে গেল। ওই ম্যাচের শেষে আমি উইগান খেলোয়াড় এবং সমর্থকদের উল্লাস দেখেছিলাম। বড় দলের বিপক্ষে ছোট দলের যে আনন্দ, সেটা দেখে মনে হয়েছিল আমরাও জিতে যেতে পারি। কিন্তু ভাগ্য আজ আমাদের পক্ষে ছিল না।
টুর্নামেন্ট শুরুর আগে কি ফেনী সকার ক্লাবকে স্বাধীনতা কাপের ফাইনালিস্ট ভাবতে পেরেছিলেন?
নেহাল: না। কখনোই এতটা আশা করিনি। এই ফল আমাদের মতো ছোট দলের জন্য অনেক বড় ব্যাপার। এটা আমাদের দলগত অর্জনের ফসল। আমাদের কোচ খুবই ভালো মানের। উনি আমাদের যেভাবে প্র্যাকটিস করিয়েছেন তাতেই এমন ফল এসেছে। লিগে আমাদের যে বিদেশিরা ছিল, সেখান থেকে শুধু একজন খেলেছে। বাকিদের পরে গাম্বিয়া থেকে আনা হয়েছে। এই বিদেশি তিনজন এবং স্থানীয় খেলোয়াড়দের সমন্বয়েই এসেছে এমন ফল।
ফাইনাল টাইব্রেকারে গড়ানোর পর আপনি মনে হয় একটু চাপে পড়ে যান?
নেহাল: জাতীয় পর্যায়ের কোনো টুর্নামেন্টের ফাইনালে এই প্রথম পেনাল্টি শ্যুটআউটে দাঁড়াই আমি। তাই একটু ভয়ে ছিলাম।
টাইব্রেকারে যাওয়ার আগে কোচ কী বলেছিলেন?
নেহাল: কোচ শুধু আমাকে বলেছিলেন বলের ওপর ভালোভাবে নজর রাখতে। কোচের কথামতো আমি চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। এ জন্যই বেশি হতাশ।
টাইব্রেকার শুরু হওয়ার পর এবং ম্যাচ শেষে সতীর্থরা কী বলেছে?
নেহাল: টাইব্রেকার শুরুর সময় দলের সবাই আমাকে খুব উৎসাহ দিচ্ছিল। সাহস জোগাচ্ছিল। হেরে গেলেও ম্যাচ শেষে সবাই আমাকে উৎসাহিত করেছে। বলেছে, ঠিক আছে। ফুটবলে এটা হতেই পারে।
আপনি কি গোলরক্ষকই হতে চেয়েছিলেন?
নেহাল: ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আমি গোলরক্ষক হব। আমাদের পাড়া-মহল্লায় যখন খেলতাম, সবাই ওপরে খেলার জন্য ব্যস্ত হয়ে পড়ত। কিন্তু আমি গিয়ে গোলপোস্টের নিচে দাঁড়াতাম। একদিন আমার এলাকার বড় ভাই জাতীয় দলের সাবেক গোলরক্ষক সাইদুর রহমান আমার উৎসাহ দেখে জিজ্ঞেস করলেন, তুই কি গোলরক্ষকই হবি? আমার সম্মতি আছে দেখে প্রতিদিন বাসা থেকে ডেকে নিয়ে প্র্যাকটিস করাতেন। আমার গোলরক্ষক হওয়ার পেছনে তাঁর বড় অবদান।
আপনার আদর্শ গোলরক্ষক কে?
নেহাল: আগেই বলেছি আমি ম্যানচেস্টার সিটির সমর্থক। আমার আদর্শও ম্যান সিটির ইংলিশ গোলরক্ষক জো হার্ট। আর দেশে আমিনুল ভাই।