প্রথম ওয়ানডে সেঞ্চুরিটা পেয়েছিলেন খুলনায় ২০১২ সালে। সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। এনামুল হক (বিজয়) নিজের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পেলেন পরশু পাকিস্তানের বিপক্ষে। ৩২৬ রানের পাহাড় গড়া বাংলাদেশ দলের জন্য এ ম্যাচে জয় আরও বেশি প্রত্যাশিত ছিল। কিন্তু পারেনি বাংলাদেশ। সেঞ্চুরি করেও তাই সেটি উপভোগ করতে পারছেন না দলের এই ওপেনার

ও রকম অসাধারণ একটা সেঞ্চুরির পরও ম্যাচ জিততে পারলেন না। নিশ্চয়ই খুব খারাপ লাগছে?
এনামুল হক: কষ্ট তো লাগবেই। সেঞ্চুরি করার চেয়ে ম্যাচ জিতলেই সবচেয়ে বেশি খুশি হতাম। দলের সবাই আমার ব্যাটিংয়ের প্রশংসা করেছে, সাপোর্ট দিয়েছে। সেদিক দিয়ে ভালো লেগেছে। তার পরও, জয় তো জয়ই।
৩২৬ রান করার পর একবারের জন্যও ভাবতে পেরেছিলেন ম্যাচটা হেরে যাবেন?
এনামুল: কখনোই না। আমি তো আরও মাঠের মধ্যে পরিকল্পনা করছিলাম ম্যাচ জিতলে কী করব, কীভাবে আনন্দ করব। চিন্তাভাবনা বরাবরই ইতিবাচক ছিল। মনেও আসেনি আমরা এ ম্যাচ হেরে যেতে পারি। কিন্তু আফ্রিদি নামার পর সব এলোমেলো হয়ে গেল।
এমন একটা হারের পর দলের অবস্থা কেমন?
এনামুল: দলের অবস্থা আগেও ভালো ছিল, এখনো ভালো। বলব না যে, এই ম্যাচের পর আমরা আরও উজ্জীবিত হয়ে গেছি। আমরা আগেও ভালো খেলার চেষ্টা করেছি, এই ম্যাচেও সেই চেষ্টা ছিল। আগের ম্যাচগুলোতে যা পাইনি, এ ম্যাচে তা পেয়েছি। এটাই পার্থক্য।
এর আগে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। কোনটাকে এগিয়ে রাখবেন?
এনামুল: সবকিছুর পর জয়টাই বড়। আগের সেঞ্চুরি দিয়ে আমরা ম্যাচ জিতেছিলাম। তাই ওটাকেই এগিয়ে রাখব। তবে কাল (পরশু) ব্যাটিং করে অনেক মজা পেয়েছি। ইমরুল কায়েস ভাই অনেক সাহায্য করেছেন। জুটিটা খুব ভালো হয়েছে ওনার সঙ্গে। আমার কাজ অনেক সহজ করে দিয়েছেন।
আফ্রিদির ব্যাটিংয়ের সময় কি খুব অসহায় মনে হচ্ছিল নিজেদের?
এনামুল: সে রকম কিছু নয়। ও খুব ভালো মারছিল। তবে উইকেটের পেছনে দাঁড়িয়ে আমার বারবার মনে হচ্ছিল, এই বুঝি আউট হয়ে যাবে। কিন্তু হচ্ছিল না। আসলে আফ্রিদি যেদিন খেলে এভাবেই খেলে। কারও কিছু করার থাকে না। ফিফটি করে সে আউট হয়ে গেছে। কিন্তু যা করার তা আগেই করে দিয়েছে।
ম্যাচ হারার পর ড্রেসিংরুমের অবস্থা কী ছিল?
এনামুল: সবারই মন খারাপ ছিল। এত বড় স্কোর করেও হেরে গেলে মন তো খারাপ হবেই। পাকিস্তান যা করেছে, সেটি যেকোনো দলের জন্যই কঠিন। আসলে ভাগ্য আমাদের সহায় ছিল না। আমরা টুকটাক কিছু ভুলও করেছি। কিন্তু ৩২৬ করার পর সেসব ভুলে ম্যাচ হারার কথা নয়। ম্যাচ হেরেছি আফ্রিদি আর ভাগ্যের কাছে।
কোচ-অধিনায়ক কী বলেছেন খেলা শেষে?
এনামুল: শ্রীলঙ্কার সঙ্গে শেষ ম্যাচটা ভালো খেলতে বলেছেন তাঁরা। এই টুর্নামেন্টে আমাদের আর ফাইনালে যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু শ্রীলঙ্কাকে হারাতে পারলে আত্মবিশ্বাস কিছুটা ফিরে পাব। সামনে বিশ্বকাপে ভালো করতে এশিয়া কাপের শেষ ম্যাচে জয় খুব গুরুত্বপূর্ণ। আমাদের আর হারানোর কিছু নেই। জেতার জন্যই আমরা খেলব এই ম্যাচ।
শুনেছি, অধিনায়ক মুশফিকুর রহিম আজ (গতকাল) আপনাদের সঙ্গে বসেছিলেন। কী বললেন তিনি?
এনামুল: এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারব না।