‘ভাগ্য ভালো যে এটা ফিরে পেয়েছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুইয়ান ক্রিকেটের বড় একটা অধ্যায় জুড়ে আছেন বিল ফ্লাওয়ারের দুই ছেলে। ১৯৯২ সালে অভিষেক টেস্ট থেকে শুরু করে প্রায় এক যুগ দুই ভাই প্রতীক হয়ে ছিলেন জিম্বাবুয়ে দলের। টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের আগে অভিষেক টেস্টের স্মৃতি, বড় ভাইয়ের ইংল্যান্ড-জয় এবং আরও নানা প্রসঙ্গে গ্রান্ট ফ্লাওয়ার-এর সঙ্গে কথা বললেন উৎপল শুভ্র বলতে গেলে এটা তো টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের পুনরাভিষেক। অভিষেক টেস্টের একজন হিসেবে আপনার আনন্দটা একটু বেশিই হওয়ার কথা, তাই না?গ্রান্ট ফ্লাওয়ার: ভেরি হ্যাপি। অনেক দিনের প্রতীক্ষা ছিল এ জন্য। আমাদের ভাগ্য ভালো যে এটা ফিরে পেয়েছি। এখন একটাই আশা, বিশ্বকে দেখাতে পারব, আমরা সত্যিই টেস্ট ক্রিকেটে ফিরে আসার যোগ্য। অভিষেক টেস্টের আগের দিনগুলোর সঙ্গে কোনো মিল কি খুঁজে পাচ্ছেন?ফ্লাওয়ার: মিল তো আছেই। সেই একই রকম উত্তেজনা, সংশয়, প্রত্যাশা...সবাই খুব নার্ভাস। তবে একই সঙ্গে রোমাঞ্চিতও। বিশ্বমঞ্চে নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ, নিজের দেশের হয়ে টেস্ট খেলা, এটাই তো একজন ক্রিকেটারের চূড়ান্ত স্বপ্ন। প্রায় ১৯ বছর আগে অভিষেক টেস্টের আগের সময়টায় যদি ফিরে যেতে বলি...ফ্লাওয়ার: উৎসব-উৎসব একটা ভাব ছিল। টিভি ক্যামেরার ভিড়, রিপোর্টারদের ভিড়। লোকজনের মুখে শুধু এই কথাই। ক্রিকেটারদের সবাই উত্তেজনায় টগবগ করে ফুটছিল...মনে মনে বড় কিছু করার প্রত্যাশা ছিল সবারই। আপনাদের বাড়িতেও তো বড় উৎসব হওয়ার কথা। আপনার বাবার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল—ক্রিকেট অন্তঃপ্রাণ এক ভদ্রলোক। হঠাৎই দুই ছেলেকে টেস্ট ক্রিকেটার হিসেবে আবিষ্কার করে তাঁর প্রতিক্রিয়াটা কী ছিল?ফ্লাওয়ার: দারুণ একটা মুহূর্ত। বাবা আমাদের নিয়ে খুব গর্বিত ছিলেন। সেটিই স্বাভাবিক ছিল, কারণ আমাদের ক্যারিয়ারে তাঁর অনেক অবদান। আমাদের মতো তাঁর জন্যও এটি ছিল বিরাট একটা মুহূর্ত। মনে আছে, টসে জিতে আমরা যখন প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিলাম, সবাই খুব নার্ভাস ছিলাম। তবে আমরা ভালো একটা শুরু করতে পেরেছিলাম। ভারতকে তো প্রায় ফলোঅনই করিয়ে ফেলেছিলাম। শেষ পর্যন্ত পারিনি, দুর্দান্ত একটা টেস্ট ম্যাচ ছিল ওটা। বাবা আপনাদের দুই ভাইকে কী বলেছিলেন?ফ্লাওয়ার: ঠিক মনে নেই। বোধ হয় ‘গুডলাক সানস্’ জাতীয় কিছু। ও হ্যাঁ, আর বলেছিলেন, ‘নিজের সেরাটা উজাড় করে দাও।’ ফ্লাওয়ার ভাইদের জন্য সবচেয়ে গৌরবময় মুহূর্ত তো এই হারারে স্পোর্টস ক্লাবেই। পাকিস্তানকে হারিয়ে দিলেন, যাতে আপনাদের দুই ভাইয়ের সবচেয়ে বড় ভূমিকা। এটাই কি আপনার ক্যারিয়ারের স্মরণীয়তম মুহূর্ত?ফ্লাওয়ার: হ্যাঁ, অবশ্যই। আমি ডাবল সেঞ্চুরি করেছিলাম (অপরাজিত ২০১), আমার ভাই দেড় শ (অপরাজিত ১৫৬)। গড়েছিলাম ভাইদের গড়া সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডও (২৬৯)। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা ম্যাচটা জিতেছিলাম। অবিশ্বাস্য এক ম্যাচ, কোনো দিন ভুলতে পারব না। ওই টেস্টের বিশেষ কিছু কি আলাদাভাবে মনে আছে?ফ্লাওয়ার: অনেক কিছু। অ্যান্ড্রুর সঙ্গে পার্টনারশিপটা...আমরা আলোচনা করছিলাম কীভাবে খেলব, ওয়াসিম আকরাম কীভাবে আমাদের আউট করার চেষ্টা করছে। মাঠের আরও অনেক মুহূর্তই মনে আছে...ভালো কিছু ক্যাচ নিয়েছিলাম আমরা, হিথ স্ট্রিক দুর্দান্ত বোলিং করেছিল। আমরা ডিক্লেয়ার করে দেওয়ার পর ওয়াসিম আকরাম এসে বলল, ‘রিয়েলি ওয়েল ব্যাটেড। আমার দেখা সেরা ইনিংসগুলোর একটি।’ এসব কি আর ভোলা যায়! ওয়াসিম আকরামই কি আপনার খেলা সেরা বোলার?ফ্লাওয়ার: ওয়াসিম অবশ্যই অন্যতম। তবে আমার সবচেয়ে কঠিন মুহূর্ত কেটেছে মুত্তিয়া মুরালিধরনের বিপক্ষে। আমাকে ও বলে বলে আউট করত (হাসি)।্প আপনার বাবা গল্প করছিলেন, ছোটবেলা থেকেই আপনার আর অ্যান্ডির মধ্যে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার প্রতিদ্বন্দ্বিতাটা খুব তীব্র ছিল?ফ্লাওয়ার: প্রতিদ্বন্দ্বিতা ছিল, তবে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। দুজনই দুজনের ভালো চেয়েছি। একসঙ্গে বেড়ে ওঠার সেই সময়টা তো দুর্দান্ত ছিল। খেলা নিয়ে একইসঙ্গে কঠিন পরিশ্রম করেছি। আমরা একে অন্যের খেলাটা খুব ভালো জানতাম বলে একে অন্যকে অনেক সাহায্য করতে পেরেছি। ভাইয়ের প্রতি ভালোবাসার রঙিন চশমা খুলে যদি বলতে বলি, অ্যান্ডি ফ্লাওয়ারের কোন গুণটা আপনার বেশি পছন্দ?ফ্লাওয়ার: ওর সততা। শক্ত মানসিকতা, সেটি যেমন ক্রিকেটে, তেমনি জীবনেও। ও খেলাটা যেভাবে খেলত, সেটিও খুব পছন্দ করার মতো। প্রস্তুতিতে কোনো খুঁত রাখত না। ও ছিল সত্যিকার এক পেশাদার ক্রিকেটার। অ্যান্ডি ফ্লাওয়ার যে একদিন ইংল্যান্ডের মতো দলের কোচ হয়ে যাবেন, এটা কি কখনো ভেবেছিলেন?ফ্লাওয়ার: ইংল্যান্ডের কোচ? সত্যি বললে, আমি কখনোই এটা ভাবিনি। জিম্বাবুয়ের কোচ ঠিক আছে, কিন্তু ইংল্যান্ড নয়। তবে এখন যখন চিন্তা করি, ও নিজের ক্রিকেট এবং জীবন নিয়ে কতটা গোছানো ও হিসাবি, মনে হয় বিস্ময়ের কী আছে! ও খুব পরিশীলিত, ওর ক্রিকেট-মস্তিষ্ক খুব ধারালো, মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষমতা ভালো, ম্যান ম্যানেজমেন্ট ভালো। ইংল্যান্ডের হয়ে ও যা করছে, তাতে আমি বিস্মিত নই। খেলোয়াড়দের বিদ্রোহে যোগ দিয়ে যখন ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন, ভেবেছিলেন আবার একদিন জিম্বাবুয়েতে ফিরে আসবেন?ফ্লাওয়ার: একদমই না। কোচের ভূমিকায় ফিরব, এটা তো আরও ভাবিনি। অ্যালিস্টার (ক্যাম্পবেল) আমাকে ফোন করে সুযোগ করে দিল। তখন এসেক্সের সঙ্গে আমার চুক্তিও শেষ, গত অক্টোবরে ফিরে এলাম। আসার পর কখনো মনে হয়নি, কেন ফিরে এলাম। এটা বড় একটা চ্যালেঞ্জ, আমি উপভোগই করছি। মাঝখানে খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্তটা খুব বিস্মিত করেছিল। কী চিন্তা ছিল এর পেছনে?ফ্লাওয়ার: এসেক্সে আমি খুব ভালো করেছিলাম, বিশেষ করে শেষ দুই বছরে ওয়ানডেতে তো খুবই ভালো। এখানে ফেরার পর অনেকে বলল, নিজে খেলে অন্য খেলোয়াড়দের সাহায্য করতে। হাতেকলমে শেখানো আর কি! আমি নিমরাজি হয়েছিলাম, কারণ মনে হচ্ছিল ব্যাটিং-কোচ ও ব্যাটসম্যান এই দুই ভূমিকায় স্বার্থের সংঘাত হতে পারে। দক্ষিণ আফ্রিকায় দুটি ম্যাচ খেললাম, তেমন ভালো করতে পারিনি। তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি, যেকোনো একটা করব। পুরোপুরি অবসর নিয়ে শুধুই ব্যাটিং কোচ হয়ে গেলাম।