‘ভাগ্য সঙ্গে থাকলে সবই সম্ভব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি নিয়ে এবার প্রশ্ন তোলার সুযোগ নেই। পরশু শ্রীলঙ্কায় পৌঁছে কথাটা বলেছেন মোহাম্মদ আশরাফুল। কাল কলম্বোতে এক সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিমও বললেন, বাংলাদেশ দল বিশ্বকাপে গেছে সেরা প্রস্তুতি নিয়েই। তবে চমক-জাগানিয়া কিছু করতে ভাগ্যের সহায়তাও চাইছেন বাংলাদেশ অধিনায়ক প্রস্তুতি ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস প্রসঙ্গে—মুশফিকুর রহিম: গত তিন মাসে খুব ভালো প্রস্তুতি হয়েছে আমাদের। জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছি। আয়ারল্যান্ড, হল্যান্ডে গিয়েছি। এরপর ত্রিনিদাদেও কিছুদিন আগে বেশ কয়েকটা ম্যাচ খেলেছি। মোট ১২টি ম্যাচ খেলে নয়টাতেই জিতেছি, এটা আমাদের জন্য ভালো একটা দিক। তবে টি-টোয়েন্টি ম্যাচে আগে থেকে কিছু বলা যায় না। দলে ভালো স্পিনার থাকায় শ্রীলঙ্কার উইকেটে বাড়তি সুবিধা পাওয়া যাবে—মুশফিক: দলের কয়েকজন সম্প্রতি এসএলপিএলে ভালো খেলেছে। সাকিবসহ দলে ভালো স্পিনারও আছে কয়েকজন। গ্রুপ পর্যায়ে আমাদের ম্যাচগুলো পাল্লেকেলেতে হবে। সেখানকার উইকেট স্পিনবান্ধব নয়। তবে আমাদের পেস আক্রমণও যথেষ্ট ভারসাম্যপূর্ণ। আশা করি, স্পিনার এবং পেসারদের সম্মিলিত আক্রমণ খারাপ হবে না। এটা আমাদের দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা তৈরি করবে। পাকিস্তানকে টি-টোয়েন্টি ম্যাচে কখনো হারাতে পারেনি বাংলাদেশ—মুশফিক: মনে হয় না এটা কোনো ব্যাপার হবে। শ্রীলঙ্কায় আমরা আগেও খেলেছি। এখানকার কন্ডিশন আমাদের চেনা। দেখা যাক কী হয়। দলের পেছনে থাকা সমর্থকদের বিশাল সমর্থন কতটা কাজে দেয়—মুশফিক: এটা অনেক বড় ব্যাপার। এশিয়া কাপে ভালো খেলার পর এটাই আমাদের প্রথম বড় টুর্নামেন্ট। এখানে ভিন্ন ধরনের ক্রিকেট হলেও আশা করি সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারব। আমরা যদি তিন বিভাগেই ভালো করতে পারি, দেশের জন্য ভালো ফলাফল আনতে পারব। এই টুর্নামেন্টে বাংলাদেশ দল বড় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে কি না—মুশফিক: টি-টোয়েন্টি ক্রিকেটে কে ফেবারিট, সেটা বলার উপায় নেই। নির্দিষ্ট দিনে যদি তিন বিভাগেই ভালো খেলেন, আপনি যে কাউকে হারাতে পারবেন। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখাও গুরুত্বপূর্ণ। আশা করি, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে আমরা ভালো করব। এশিয়া কাপের ফাইনালে ওঠা কতটা গুরুত্বপূর্ণ—মুশফিক: আমাদের জন্য বিশাল এক টুর্নামেন্ট ছিল সেটা। কারণ এই টুর্নামেন্টে আমরা ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়েছি। পাকিস্তানকেও দুবারই প্রায় হারিয়ে দিয়েছিলাম। এ রকম টুর্নামেন্টে আসলে দক্ষতার সঙ্গে ভাগ্যও লাগে। ফাইনালে সেই ভাগ্যের সহায়তাই পাইনি আমরা। এই টুর্নামেন্টে ভাগ্য সঙ্গে থাকলে আমরা যেকোনো কিছুই করতে পারব। আয়ারল্যান্ডকে বলা হচ্ছে পরবর্তী উদীয়মান দল। এ ব্যাপারে মন্তব্য—মুশফিক: দলটা খুবই ভালো। তবে আমি এখনো মনে করি, অন্য অনেক দলের চেয়েই আমাদের দলটা ভালো। আমাদের সেটা প্রমাণ করতে হবে। আর সেটা হবে যদি ছেলেরা সবাই সুযোগ কাজে লাগাতে পারে। টি-টোয়েন্টিতে খেলার গতি কতটা গুরুত্বপূর্ণ—মুশফিক: আমার মনে হয় দিন শেষে ভালো ফলাফল পাওয়ার জন্য মোমেন্টাম ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। দলে স্পিন বোলারদের মধ্যে বৈচিত্র্য অনেক। কতটা খুশি—মুশফিক: কিছু বাঁহাতি স্পিনার আছে। এ ছাড়া অলরাউন্ডার আর অফ স্পিনারও আছে দলে। এটা দলের জন্য খুবই ভালো। গ্রুপ পর্বের প্রতিপক্ষদের সম্পর্কে মূল্যায়ন—মুশফিক: খুবই ভালো দল তারা। পাকিস্তান ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন। নিউজিল্যান্ডও টি-টোয়েন্টিতে অনেক শক্তিশালী। কাজেই আমরা যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি এবং সঙ্গে ভাগ্যও সহায় থাকে, যেকোনো কিছু সম্ভব।