বাংলাদেশে এর আগে দুবার কাজ করে গেছেন। দুবারই জাতীয় দলের সঙ্গে। কাল তৃতীয়বারের মতো ঢাকায় এলেন আরিয়েল কোলম্যান। শেখ জামালের হয়ে এবার কাজ করবেন আর্জেন্টাইন ফিটনেস ট্রেনার বাংলাদেশে আবার ফিরলেন। স্বাগত...আরিয়েল কোলম্যান: ধন্যবাদ। এ দেশে আবার আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। ভাবিনি আবার কখনো ফেরা হবে। ভাগ্যই আসলে টেনে আনল আবার। পেশাদার ট্রেনার আমি। কাজেই কাজ যেখানেই পাই, সেটিই হয় আমার ঠিকানা। আগের দুবার বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। এবার ক্লাব দল। ভিন্ন কোনো অনুভূতি হচ্ছে?কোলম্যান: না, ভিন্ন কোনো অনুভূতি নয়। ২০০৫ সালে ডিয়েগো ক্রুসিয়ানির সঙ্গে বাংলাদেশে প্রথম কাজ করতে আসি। পরে ২০০৮ সালে ডিডোর সময়েও আমাকে আবার আনা হয়। আগে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করেছি, এবার শেখ জামালে। আমার কাজটা আমাকে করতে হবে, এটাই আসল কথা। বাংলাদেশ থেকে ফিরে কোথায় কাজ করেছেন?কোলম্যান: আর্জেন্টিনার বাইরে বলিভিয়ার প্রিমিয়ার লিগের দল সান হোসে ও চিলির প্রিমিয়ার লিগের দল চোলার হয়ে কাজ করেছি। সর্বশেষ ছিলাম আর্জেন্টিনার একটি প্রিমিয়ার লিগের দলে। এ ছাড়া আর্জেন্টিনার আরও বেশ কিছু ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম। শেখ জামালের সঙ্গে কত দিনের চুক্তি?কোলম্যান: প্রাথমিকভাবে এই মৌসুমের জন্য। তারপর দেখা যাক, কী হয়। শেখ জামালের প্রেসিডেন্ট বলেছেন, তাঁর দল গত দুই মৌসুমে ৬০ মিনিটের বেশি ভালো খেলতে পারেনি। কাজেই এবার খেলোয়াড়দের ৯০ মিনিটের জন্য তৈরি করতে হবে। আমার কাজই হবে জামালের খেলোয়াড়দের শারীরিক ফিটনেস বাড়ানো। আপনি যে ঢাকায় এলেন, ক্রুসিয়ানি জানেন?কোলম্যান: জানে। আমি ওকে ফেসবুকে জানিয়েছি। এমনিতে আমরা দুই শহরে থাকি। আমি থাকি বুয়েনস এইরেসে। তো মাস ছয়েক আগে ক্রুসিয়ানি আমার বাসায় এসেছিল, আমারই আমন্ত্রণে। তখন সর্বশেষ দেখা হয়েছিল। আপনি তো বুয়েনস এইরেস থেকে এসেছেন। তা ম্যারাডোনার খবর কী?কোলম্যান: (হাসি) সে তো নতুন করে আবার আর্জেন্টাইন মিডিয়ার সঙ্গে গোলমাল বাধিয়েছে। এসব নিয়ে ওখানে হুলুস্থুল। নতুন প্রেমিকা নিয়ে সে এখন ঘোরের মধ্যে। এসব নিয়ে আর্জেন্টিনার ক্রীড়াঙ্গন বেশ সরগরম। বাংলাদেশকে ভালোবাসেন, এটা আগে কয়েকবারই বলেছেন। গত পাঁচ বছরে বাংলাদেশকে মনে পড়ত?কোলম্যান: যখন যেখানে থাকি না কেন, বাংলাদেশকে ভুলি না। এখানে অনেক বন্ধু হয়েছে। বাংলাদেশ জাতীয় দলে কাজ করার সময় খেলোয়াড়দের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। অনেক কর্মকর্তার সঙ্গেও হয়েছে সুসম্পর্ক। বাংলাদেশে আগে কাজ করেছেন আপনি, এখানকার সবকিছুর সঙ্গেই কমবেশি পরিচয় আছে। এটা কি এবার আপনার কাজটা সহজ করে দেবে?কোলম্যান: অবশ্যই আগে কাজ করার অভিজ্ঞতা বেশ কাজে আসবে। আসলে এখানকার সবকিছুই তো আমি জানি। এ কারণে এবার আমার জন্য মানিয়ে নেওয়া আরও সহজ হবে। শুনেছি পরিবারও নাকি আনতে পারেন ঢাকায়?কোলম্যান: আমার ১১ ও ৯ বছর বয়সের দুটি সন্তান আছে। ওদের আর স্ত্রীকে আনব ভাবছি। তবে এখনই নয়। যদি এখানে থিতু হতে পারি, তবেই আনব। এখন আমি আগে নিজের কাজটা মন দিয়ে করি। সেটাই বড় লক্ষ্য এখন।