'ভাগ্যও আমাদের পক্ষে নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন জার্গেনসেন
শেন জার্গেনসেন

কখনো বিতর্ক, কখনো চোটাঘাত—এশিয়া কাপে বাংলাদেশ দলটা যেন ঝড়ের মধ্যে পড়েছে। অস্ট্রেলিয়ান কোচ শেন জার্গেনসেন তবুও আশাবাদী। সিনিয়র ক্রিকেটারদের চোটাঘাতে পড়াটাকে দেখছেন তরুণদের জন্য সামর্থ্য প্রমাণের সুযোগ হিসেবে
 হঠাৎ করেই দলে চোটাঘাতের ধাক্কা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে এটাকে কীভাবে নিচ্ছেন?
শেন জার্গেনসেন: এ মুহূর্তে ভালো খেলা ছাড়া আর কিছু করার নেই আমাদের। দুর্ভাগ্যজনকভাবে কয়েকজন খেলোয়াড় একসঙ্গে চোট পেয়ে গেছে। এর মধ্যেও আমি দলের সবাইকে বলেছি, তারা যেন দেশের জন্য এগিয়ে আসে। গত দেড় বছরে আমাদের ওয়ানডে সাফল্য ভালো এবং সেটার কারণও সবার একসঙ্গে এগিয়ে আসা। গত ম্যাচে আমরা আগের ম্যাচগুলোর চেয়ে ভালো খেলেছি। আমি চাই, উন্নতির এই ধারাটা যেন ধরে রাখতে পারি।
 একসঙ্গে এত বেশি খেলোয়াড় চোটগ্রস্ত। দলের পারফরম্যান্সে কি তার প্রভাব পড়বে না?
জার্গেনসেন: ক্রিকেট দল হিসেবে এটা আমাদের গভীরতা বাড়ানোরও একটা সুযোগ। এই টুর্নামেন্টের জন্য আমরা অনুশীলনে যা যা করেছি, তরুণ খেলোয়াড়দের জন্য সেসব কাজে লাগানোর ভালো সুযোগ এটা। বিশ্বকাপের আর বছর খানেক বাকি। তার আগে আমি এটাকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখছি। বিশেষ করে তরুণ খেলোয়াড়দের জন্য এটা সামর্থ্য প্রমাণের মঞ্চ।
 আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তো বাংলাদেশ দলেরই ফেবারিট থাকার কথা। আপনি কী মনে করেন?
জার্গেনসেন: দেশের মাটিতে প্রত্যাশার চাপ সব সময়ই থাকে। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সেটা একটু বেশি এবং আমাদের তার সঙ্গে মানিয়ে নিতে হবে। শ্রীলঙ্কা সিরিজেও অনেক প্রত্যাশা ছিল। আমাদের এসবের সঙ্গে মানিয়ে নিয়ে মৌলিক কাজগুলো ঠিকঠাকভাবে করতে হবে।
 আফগানিস্তানের কোচ বলেছেন, টুর্নামেন্টে বাংলাদেশকে হারানোটাই তাদের লক্ষ্য। আপনিও কি আফগানিস্তানকে হারানোর কথাই বলবেন?
জার্গেনসেন: আফগানিস্তানকে আমরা অবশ্যই সমীহ করছি। দলটা উন্নতির ধারায় আছে। আর তারা খুব তরুণ দলও নয়। কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছে তাদের দলে এবং তারা অনেক দিন ধরেই ক্রিকেট খেলছে। কাজেই কোনো সন্দেহ নেই, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচই হবে কাল (আজ)। দুটি তরুণ দলের মুখোমুখি হওয়াটা দেখার অপেক্ষায় আছি আমি।
 আফগানিস্তানের ব্যাটসম্যানরা স্পিনে দুর্বল। নিশ্চয়ই স্পিননির্ভর বোলিং আক্রমণই সাজাবে বাংলাদেশ...।
জার্গেনসেন: এটা ঠিক যে আমাদের অন্যতম শক্তি স্পিন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্পিনারদের ঠিকঠাকভাবে কাজে লাগানো। আপনি প্রথমে বোলিং করলে একরকম পরিস্থিতি থাকবে, পরে বল করলে আরেক রকম। ম্যাচের পরিস্থিতি বুঝে স্পিনারদের কাজে লাগাতে হবে। কৌশলগতভাবে আমাদের ঠিক থাকতে হবে।
 মাশরাফি নেই। মুশফিকেরও না খেলার সম্ভাবনা আছে। এ অবস্থায় একাদশে কী রকম পরিবর্তন আসতে পারে?
জার্গেনসেন: মুশফিক না খেললে তার জায়গায় অন্য কেউ আসবে। তখন ব্যাটিং-অর্ডার পরিবর্তনের জন্য কিছু এদিক-সেদিক তো হবেই। তবে দলটার ভারসাম্য এখনো ভালো। জিয়া সম্প্রতি ভালো বল করেছে, ব্যাট হাতেও নিজেকে কাজে লাগাতে পারে ও।
 দিবারাত্রির ম্যাচ হচ্ছে এশিয়া কাপে। পরের ম্যাচে শিশির কি একটা ব্যাপার হতে পারে?
জার্গেনসেন: আগের ম্যাচে আমরা শিশির দেখেছি। আশা করব কাল (আজ) রাতে সেটা থাকবে না। তবে একটা বিষয়, আমার মনে হয় ভাগ্যও আমাদের পক্ষে নেই। আমাদের এর বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে। খেলোয়াড়েরা পরিশ্রমের কমতি রাখছে না এবং আমি তা নিয়ে প্রশ্নও তুলতে পারি না। কোচ হিসেবে শুধু একটা কথাই বলেছি—কেউ যেন ধৈর্য না হারায়। আগামী ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।