
ঘরোয়া ফুটবলে এবার কোনো শিরোপা জেতেনি আবাহনী। নেপালে এএফসি প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল মঙ্গোলিয়ার দল আর্চিমের কাছে হেরে টুর্নামেন্ট থেকেও বিদায় নিয়েছে। হারের পর কাঠমান্ডু থেকে টেলিফোনে আবাহনীর পারফরম্যান্সের ময়নাতদন্ত করলেন অধিনায়ক ওয়ালি ফয়সাল
l আরও একটি হার। এএফসি প্রেসিডেন্টস কাপে এভাবে বিদায় নেবেন, ভেবেছিলেন?
ওয়ালি ফয়সাল: এ ম্যাচে হারব, এটা আমরা মোটেও ভাবতে পারিনি। কারণ আগের দুই ম্যাচে কঠিন প্রতিপক্ষের সঙ্গে ড্র করেছি। কিন্তু আর্চিমের কাছে হারটা কল্পনাই করতে পারিনি। আমাদের মন খুবই খারাপ। সবাই হতাশ। হারের পর কেউ কারোর মুখের দিকে তাকাতেই পারছে না।
l আপনার কী মনে হয়েছে, ম্যাচে কোথায় সমস্যা ছিল?
ওয়ালি: আসলে আমরা গোলের সহজ সুযোগ নষ্ট করেছি। বল নিয়ে এগিয়েছি, কিন্তু গোল করতে পারিনি। এখানে ভাগ্যের দোষ দিয়ে লাভ নেই। কঠিন দলের সঙ্গে পয়েন্ট নিয়ে আজ এই ম্যাচে হেরে গেলাম। হারের জন্য আমি কোনো অজুহাতই দেব না। আমি বলব, নিজেরাই পয়েন্ট দিয়ে এসেছি। অন্তত ৪-৫টা গোল তো হতোই। রনি ২টি সহজ সুযোগ নষ্ট করেছে। তৌহিদ, এনামুল, চৌম্রিনও সুযোগ নষ্ট করেছে।
l এই গোলটা নিয়ে নাকি বিতর্ক আছে, ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সহকারী কোচ অমলেশ সেন তো এমন অভিযোগই করেছেন?
ওয়ালি: উনি ঠিকই বলেছেন। গোলটা হান্ড্রেড পার্সেন্ট অফসাইড ছিল। ভিডিও রিপ্লে দেখলে পরিষ্কার বোঝা যাবে। মাঠের দর্শকেরা পর্যন্ত গোলের পর ‘শেম শেম’ বলে চিৎকার করেছে। রেফারি আর সহকারী রেফারি দুজনের কাছেই গোলের পর আমি গিয়ে বলেছিলাম ব্যাপারটা। কিন্তু আমার দিকে উল্টো ওনারা তেড়ে আসেন।
l আবাহনীর পুরো মৌসুমটাই তো বাজে গেল...
ওয়ালি: ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হতে পারিনি। আশা করেছিলাম লিগে চ্যাম্পিয়ন হব। সেভাবেই এগোচ্ছিলাম আমরা। কিন্তু লিগের শেষ দুই ম্যাচ খুবই বাজে খেলেছি। মোহামেডানের সঙ্গে ড্র করেও কিন্তু পয়েন্ট ব্যবধানে শেখ রাসেলের পাশাপাশিই ছিলাম। আমাদের দুর্ভাগ্য যে এবার মোটেও মনের মতো খেলতে পারিনি। আমরা গুরুত্বপূর্ণ ম্যাচে গোল বের করতে পারিনি। এর একটাই কারণ, এবার দলে ভালো স্ট্রাইকার ছিল না।
l আর্চিমের বিপক্ষে ম্যাচে আউডু ইব্রাহিমকে না খেলানোর কারণ কী?
ওয়ালি: কার্ড-সমস্যার কারণে ও আজ খেলতে পারেনি। এই কার্ড আর ইনজুরি-সমস্যা তো পুরো মৌসুমেই আমাদের ভুগিয়েছে। দেখা গেছে একজন সেরে উঠেছে তো দুজন ইনজুরিতে পড়েছে। সুজন ঢুকল তো সামাদ বাইরে গেল। এমনও হয়েছে মাঠে নামানোর জন্য সেরা একাদশও গড়তে হিমশিম খেয়েছেন কোচ।
l এবার কোচ আরদেশির পোরনেমাতের ব্যাপারে বলুন...
ওয়ালি: এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। কোচের ব্যাপারে ক্লাব কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।
l আগামী মৌসুমের জন্য কী ভাবছেন?
ওয়ালি: আবাহনী সব সময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়ে। এবার চ্যাম্পিয়ন হতে পারলাম না, আগামী মৌসুমে চেষ্টা করব। এমন বাজে মৌসুম ভুলে যেতে চাইব সবাই।