‘ভাগ্য’ আর রুনিকে ইংল্যান্ডের ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েইন রুনির হেডের গোল ও ভাগ্যের একটু ছোঁয়া—ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপে শীর্ষে থেকেই শেষ আট নিশ্চিত করার জন্য যথেষ্ট হয়েছে ইংল্যান্ডের জন্য। তবে স্বাগতিক ইউক্রেন ইউরোর গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও তাদের মাথা উঁচুই থাকছে। স্কোরলাইনটা ১-০ হলেও ইউক্রেনের একটি গোল রেফারি বাতিল করে না দিলে ফলাফলটা অন্য রকমও হতে পারত।প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৮ মিনিটে) স্টিভেন জেরার্ডের ক্রস থেকে হেডে করা রুনির গোলে এগিয়ে যায় ইংলিশরা। শেষ পর্যন্ত দুই ম্যাচ পর বহিষ্কারাদেশ কাটিয়ে ফেরা রুনির ওই গোলটিই ইংল্যান্ডের জন্য যথেষ্ট হয়েছে। কোয়ার্টার ফাইনালে আগামী রোববার ইংল্যান্ড মুখোমুখি হবে ইতালির।এক গোলে পিছিয়ে পড়ার পর ইউক্রেনের মার্কো ডেভিচের শট ইংলিশ গোলরক্ষক জো হার্টকে ফাঁকি দিলেও তা গোললাইন থেকে ফেরান জন টেরি। টেলিভিশন রিপ্লে দেখে অবশ্য মনে হয়েছে কাল কিয়েভে ‘ফুটবল ঈশ্বর’ ইংল্যান্ডের পক্ষেই ছিলেন। ফুটবল ঈশ্বরকে পাশে না পেয়ে নিজেদের বঞ্চিত ভাবতেই পারে ইউক্রেন। ইংলিশ কোচ রয় হজসন অবশ্য আকারে-ইঙ্গিতে সৌভাগ্যের কথা স্বীকারও করেছেন। তাঁর মতে, অতীতে ভাগ্য ইংল্যান্ডের বিরুদ্ধাচরণ করলেও এবার তাঁদের পক্ষেই রয়েছে। তিনি বলেন, ‘খুব সম্ভবত মার্কো ডেভিচের শটটিতে বল গোললাইন অতিক্রম করেছিল। ব্যাপারটিতে আমরা নিজেদের ভাগ্যবানই মনে করতে পারি। কিন্তু অতীতের দিকে তাকিয়ে দেখুন, ভাগ্য আমাদের অনেকবারই বিড়ম্বিত করেছে।’ হজসন ২০০৪ সালের ইউরোয় পর্তুগাল ও ২০১০ সালের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে এমনই দুটো পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ‘ওই দুটো ক্ষেত্রে ভাগ্য আমাদের বিরুদ্ধে থাকলেও এবার পক্ষেই কথা বলেছে।’কালকের ম্যাচটি অন্য একটি ব্যাপারেও স্মরণীয় হয়ে থাকবে ইংল্যান্ডের জন্য। ভাগ্য যে তাদের হয়ে কথা বলছে, সেটা তারও একটি নিদর্শন হয়ে থাকবে। ১৯৫৪-এর বিশ্বকাপের পর এই প্রথম ইংল্যান্ড কোনো বড় প্রতিযোগিতায় স্বাগতিক দলকে হারাল। স্বাগতিক দল হিসেবে শেষবারের মতো ইংল্যান্ডের কাছে ১৯৫৪-এর বিশ্বকাপে হেরেছিল সুইজারল্যান্ড।আন্দ্রেই শেভচেঙ্কোর বিদায়ী আন্তর্জাতিক ম্যাচে অবশ্য কাল ইউক্রেনের পায়েই বল ছিল বেশি সময়জুড়ে। প্রথমার্ধে তারাই প্রাধান্য বিস্তার করে খেলে। কিন্তু দ্বিতীয়ার্ধে ইউক্রেনের বেশ কয়েকটি ভুলকে কাজে লাগিয়ে ইংলিশরা খেলায় ফিরে আসে। গ্রুপের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের বিপক্ষেও একই ভুল করে ইউক্রেন পরাজিত হয়েছিল। মার্কো ডেভিচের গোলটি বাতিল হওয়ার পাশাপাশি আরও একটি সুযোগ নষ্ট করার জন্য আফসোস হতে পারে ইউক্রেনের। গোলমুখের একেবারে সামনে থেকে আরতেম মিলেভিস্কি একটি বলে হেড করতে ব্যর্থ হন।ইউক্রেনের সঙ্গে ইংল্যান্ডের সবচেয়ে বড় পার্থক্য ছিল অভিজ্ঞতা ও নেতৃত্বের ক্ষেত্রে। আন্দ্রেই শেভচেঙ্কো অভিজ্ঞতম খেলোয়াড় হলেও তিনি হয়তো কাল নিজের বিদায়ী চিন্তায় বেশি মাত্রায় আবেগপ্রবণ ছিলেন। তিনি কোনোভাবেই দলকে যোগ্যতম নেতৃত্বটা দিতে পারেননি। যেটা পেরেছেন স্টিভেন জেরার্ড চোয়ালবদ্ধ প্রতিরোধ সৃষ্টির মাধ্যমে। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অনুপস্থিতিটা একেবারেই টের পেতে দিচ্ছেন না ইংলিশ অধিনায়ক। নিজে রক্ষণের দায়িত্ব পালন করেও দলের আক্রমণে তাঁর ভূমিকা ছিল অসাধারণ। এবারের ইউরোয় ইংল্যান্ডের করা পাঁচটি গোলের তিনটিতেই আছে তাঁর অবদান। জেরার্ডের অসামান্য ক্ষিপ্রতা ও সাবলীল বল-প্লেই মূলত এবারের ইউরোয় ইংল্যান্ডের সাফল্যের মূল অনুষঙ্গ হয়ে দেখা দিয়েছে। কোয়ার্টার ফাইনালেও ইতালির বিপক্ষে এমন জেরার্ডকেই দেখতে চায় ইংল্যান্ড। রয়টার্স।