‘ভাগ্য’ আর্জেন্টিনার পক্ষে ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস বলে, বিশ্বকাপে মেক্সিকো আহামরি কোনো দল নয়। ১৪ বার মূল মঞ্চে খেলে দুবার মাত্র কোয়ার্টার ফাইনাল। যার শেষটি ১৯৮৬ বিশ্বকাপে। ১৯৯০ বিশ্বকাপের ছাড়পত্রই জোগাড় করতে পারেনি তারা। ১৯৯৪ বিশ্বকাপ থেকে এটাই নিয়তি হয়ে দাঁড়িয়েছে, দ্বিতীয় রাউন্ডই মেক্সিকোর শেষ ঠিকানা!আগের চার বিশ্বকাপেই দ্বিতীয় রাউন্ডে বিদায় নেওয়া মেক্সিকো আরও একবার দ্বিতীয় রাউন্ডেই কুপোকাত। নিয়তির নিয়মরক্ষায় আর্জেন্টিনার কাছে হেরে দ্বিতীয় রাউন্ডেই বিদায় হলো বটে, তবে সেই বিদায়বেলায় ক্ষোভ আছে। আছে দুর্ভাগ্যকে মেনে নেওয়ার আকুতি। আর আছে নিজেদের করা ভুলের হা-হুতাশ।আর্জেন্টিনার প্রথম গোলটি ছিল অফসাইড। অধিনায়ক রাফায়েল মার্কেজ বিষয়টাকে মানছেন স্রেফ ভাগ্য বলে। ম্যাচ শেষে তাঁর পরিষ্কার উপলব্ধি, ভাগ্য তাদের সঙ্গে ছিল না, ‘বিশ্বকাপ থেকে ছিটকে পড়াটা আনন্দের নয়। আমরা ভালো খেলেছি। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। আসলে ভাগ্যই আমাদের সঙ্গে ছিল না।’আরেকবার দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়া সম্পর্কে বলেছেন, ‘এটা আরেকটি ব্যর্থতা। কিন্তু আমি আশা করি একদিন দল অবশ্যই পঞ্চম ম্যাচে (কোয়ার্টার ফাইনাল) পৌঁছাবে।’ ডিফেন্ডার কার্লোস সালসিদোর বিশ্বাস, তাঁর দল ভালো খেলেছে। এবং ওই অফসাইড গোলটি ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে, ‘কাউন্টার অ্যাটাকের মাধ্যমে দল ভালো শুরু করেছিল। প্রথম গোলের আগ পর্যন্ত আমরা ভালোই খেলছিলাম। কিন্তু শুরুর ওই গোলের পর ম্যাচে ফেরাটা ছিল কঠিন। এটাই ফুটবল। ভাগ্যও খেলার অংশ। এই ভাগ্যটা পক্ষে ছিল আর্জেন্টিনার, আমাদের নয়।’কোচ হাভিয়ের আগুইরে ভাগ্যের চেয়েও বড় করে দেখছেন ডিফেন্ডার রিকার্ডো ওসোরিওর করা ভুলকে, ‘শুরুর বাঁশি থেকেই মেক্সিকো ভালো খেলছিল। ওই ভুল ম্যাচটাকে নাটকীয়ভাবে বদলে দিয়েছে। আমরা আর সংগঠিত হতে পারিনি। ০-২ গোলে পিছিয়ে পড়া দলের কী-ই বা করার থাকে?’ রেফারিং নিয়ে কোনো কথা বলবেন না বললেও আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, আসল ক্ষোভটা ওখানেই, ‘রেফারিকে নিয়ে আমি কিছু বলতে চাই না। রেফারি অফসাইডের ওই গোলটি দেওয়ার পরই আমরা পিছিয়ে পড়ি। যেখান থেকে বেরিয়ে আসাটা ছিল কঠিন।’ ওয়েবসাইট।