'ভাবতেই আনন্দ হচ্ছে'
>বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে সরাসরি অলিম্পিক গেমসে খেলার ছাড়পত্র পেতে যাচ্ছেন সিদ্দিকুর রহমান। আগামী ২ আগস্ট রিও ডি জেনিরোতে যাওয়ার টিকিটও কেটে রেখেছেন তিনি। চীনা তাইপের টুর্নামেন্টে ৫৯তম হওয়ার পর অলিম্পিকে অংশ নেওয়া প্রায় নিশ্চিতই হয়ে গেছে তাঁর। গত পরশু তাইপে থেকে টেলিফোনে নেওয়া সাক্ষাৎকারে এই গলফারের কণ্ঠে স্বপ্নযাত্রার রোমাঞ্চ টের পেলেন বদিউজ্জামান
* আপনার অলিম্পিকে যাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত, এটা তো বলাই যায়?
সিদ্দিকুর: সব ঠিক থাকলে আমি অলিম্পিকে যাচ্ছি। যদিও ১১ জুলাই পর্যন্ত ডেডলাইন আছে। অলিম্পিক র্যা ঙ্কিংয়ে এখন ভালো অবস্থানে আছি (৫৫তম)। আশা করি, বাকি কটা দিন এই অবস্থানেই থাকতে পারব। বাকিটা আল্লাহর ওপর।
* তাইপেতে অল্পের জন্য কাট বাঁচিয়েছেন। তখন কি কোনো দুশ্চিন্তা হচ্ছিল?

সিদ্দিকুর: আসলে ওখানে প্রথম রাউন্ড এতটা বাজে খেলার কারণ ছিল না। পরে অবশ্য খেলার দিকে মনঃসংযোগটা বাড়াতে পেরেছি। এটা গলফের স্বাভাবিক ঘটনা। তবে আল্লাহকে ধন্যবাদ যে, ফাইনাল দুই রাউন্ড খেলতে পেরেছি। এতে আত্মবিশ্বাসও বেড়েছে। ব্রাজিলে যাওয়ার ব্যাপারে আরও আশাবাদী হয়ে উঠেছি।
* এত আশাবাদী হওয়ার কারণ কী?
সিদ্দিকুর: র্যা ঙ্কিংয়ের অনেক সেরা গলফারই ব্রাজিল যাচ্ছেন না জিকা ভাইরাস আতঙ্কে। শুনেছি জেসন ডে, ব্রেন্ডন গ্রেস, লুইস অসথুইজেন, ররি ম্যাকইলরয়দের মতো গলফাররা নাম প্রত্যাহার করেছেন। এসব কারণেই র্যা ঙ্কিং অনুযায়ী আমার অলিম্পিকে যাওয়ার ব্যাপারে বড় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই বললেই চলে। ১১ জুলাইয়ের মধ্যে র্যা ঙ্কিংয়ে ৬০-এর মধ্যে থাকলেই চলবে।
* প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে খেলতে যাওয়ার অনুভূতি কেমন?
সিদ্দিকুর: একজন অলিম্পিয়ান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারা অনেক গর্বের ব্যাপার। অলিম্পিকে প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি খেলব, ভাবতেই আনন্দ হচ্ছে। এর আগে ফুল কার্ড পেয়ে কেউ অলিম্পিকে যেতে পারেনি। যাঁরা গেছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। তাই এটা আমার একার নয়, বাংলাদেশের জন্যও বড় অর্জন।
* কবে থেকে অলিম্পিকে খেলার স্বপ্ন দেখতে শুরু করলেন?
সিদ্দিকুর: গত মে মাসে যখন মরিশাসে খুব ভালো খেলছিলাম, তখনই মনে হচ্ছিল যে ব্রাজিলে যেতে পারব। ওই টুর্নামেন্টে রানার্সআপ হওয়ায় সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। আমি বাংলাদেশের পতাকা বুকে নিয়ে সারা বিশ্ব ঘুরি। এই পতাকাটাই আমার জন্য বড় অনুপ্রেরণা। এর আগে অলিম্পিকের ব্যাপার-স্যাপার এত গভীরভাবে বুঝতাম না। কিন্তু যখন থেকে বুঝতে পারলাম, তখন মনে হলো এটা যেকোনো অ্যাথলেটের জীবনের সবচেয়ে বড় ঘটনা। এটা একজন অ্যাথলেটের সারা জীবনের স্বপ্ন। এবার যখন অলিম্পিকে গলফ অন্তর্ভুক্ত হলো, তখন সব গলফারের স্বপ্ন বেড়ে গেল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ যে গলফের বিষয়টা তারা চিন্তাভাবনায় রেখেছিল।