‘ভাবমূর্তি ফেরানোর’ সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইদানীং নেতিবাচক কারণেই খবর হচ্ছে বেশি। পিসিএল বিতর্ক, টি-টোয়েন্টি বিশ্বকাপে মিডিয়া ম্যানেজার না পাঠানো, হেড অব ডেলিগেশন বা পর্যবেক্ষক হিসেবে বোর্ড পরিচালকদের বিদেশ ভ্রমণ, একাডেমি প্রধান শাকিল কাসেমের পদত্যাগ কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগে দীর্ঘসূত্রতা—এসব কারণে প্রায় প্রতিদিনই সমালোচনার তীরবিদ্ধ বিসিবির বর্তমান পরিচালনা পরিষদ। কাল সংবাদ সম্মেলন ডেকে সব সমালোচনার জবাব দিতে চাইলেন বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিসিবির সিনিয়র সহসভাপতি মাহবুবুল আনাম এবং দুই পরিচালক জালাল ইউনুস ও এনায়েত হোসেন।যেসব বিষয়ে বোর্ডের সমালোচনা হচ্ছে তার অনেকগুলোরই দায়দায়িত্ব নিতে রাজি নন বর্তমান বোর্ড সভাপতি। কারণ, বিশ্বকাপে মিডিয়া ম্যানেজার না পাঠানো বা বিদেশে পর্যবেক্ষক পাঠানোর রীতি তিনি দায়িত্ব নেওয়ার আগে থেকেই চলে আসছে। রাতারাতি এসবে পরিবর্তন আনা সম্ভব নয়, তবে ভবিষ্যতে এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সভাপতি। কিন্তু মোস্তফা কামাল দায়িত্বে না থাকলেও সিনিয়র সহসভাপতি মাহবুবুল আনাম তো তখনো ছিলেন বোর্ডে! বিদেশ সফরে মিডিয়া ম্যানেজার না পাঠানোর সিদ্ধান্তটি কেন নেওয়া হয়েছিল—এ প্রশ্নের জবাবে তিঁনি বলেছেন, ‘কোনো ব্যক্তি বা পদের সঙ্গে আমাদের বিরোধ নেই। দলের সঙ্গে যাদের যাওয়া প্রয়োজন মনে করা হয়েছে তাদেরই টিম ম্যানেজমেন্টে রাখা হয়েছে।’ মিডিয়া ম্যানেজার পাঠানোর ব্যাপারটিকে কেন প্রয়োজনীয় মনে করা হলো না, সম্পূরক এ প্রশ্নটি এড়িয়েই গেছেন মাহবুবুল।বোর্ড সভাপতি বলেছেন, বিদেশ সফরে খেলার বাইরেও অন্য বোর্ডের সঙ্গে সম্পর্কোন্নয়ন বা বিসিবির দূতিয়ালি করার ব্যাপার থাকে। দলের সঙ্গে হেড অব ডেলিগেশন আর পর্যবেক্ষক পাঠানোর কারণ নাকি এটাই। কিন্তু আজ পর্যন্ত বোর্ডের টাকায় যেসব পরিচালক বিদেশে ‘আনন্দভ্রমণ’ করে এসেছেন তাঁরা কী দূতিয়ালি করেছেন এবং তাতে বাংলাদেশের ক্রিকেটের কী উন্নতি হয়েছে, সভাপতি নির্দিষ্ট করে বলতে পারেননি। বোর্ডের খরচে বিদেশে যাওয়া পরিচালকদের যোগ্যতা নিয়ে প্রশ্নের জবাবে মোস্তফা কামালের উত্তর যেন সবাইকে খুশি রাখার প্রয়াস, ‘সবাই-ই নির্বাচিত পরিচালক। সবার প্রতিই আমার সমান আস্থা। বোর্ড সভাপতি হিসেবে আমি বলতে পারি না উনি বেশি যোগ্য বা আরেকজনের যোগ্যতা নেই।’ কিন্তু হেড অব ডেলিগেশন বা পর্যবেক্ষকের ‘ছদ্মবেশে’ বোর্ড কর্মকর্তাদের বিদেশ সফরের রীতি ক্রিকেট উন্নত বোর্ডগুলোতেও তো নেই! অর্থনৈতিকভাবে পশ্চাত্পদ বাংলাদেশে কেন তাহলে এই অপচয়টা করবে? ‘কোন দেশ কী করে সেটা দিয়ে বিসিবি চলবে না। আমরা আমাদেরটা করব। তবে অপ্রয়োজনীয় কিছু করব না’—জবাবে বলেছেন বোর্ড সভাপতি।মোস্তফা কামালের অভিযোগ, পত্রপত্রিকায় বিসিবির সংবাদ নেতিবাচকভাবে আসছে। সমালোচনার ভাষাও নাকি বেশি রূঢ়। এতে তাঁদের মর্যাদাহানি হচ্ছে। কিন্তু বোর্ড পরিচালকেরা নিজেরাই যখন সভায় বসে একে অন্যের সঙ্গে বাজে ভাষায় কথায় বলেন, দুর্ব্যবহার করেন তখন তাঁদের মর্যাদা কতটা অক্ষুণ্ন থাকে? এমনও শোনা যায়, বোর্ডের সবকিছু নাকি এখন একজন পরিচালকের ইচ্ছাতেই চলছে! এসব প্রশ্নে কখনো কূটনৈতিক কখনো বা একটু গরমই হয়ে উঠলেন সভাপতি, ‘বোর্ড সভায় যুক্তিতর্ক হবে, সবাই সবার মতামত দেবেন, আপনাদের তো এটার প্রশংসাই করা উচিত...।’ এর পর একটু উত্তেজিত হয়ে বললেন, ‘...আমি বোর্ড সভাপতি আর বোর্ড চলবে আরেকজনের কথায় এটা হতে পারে না। আমার অনেক ক্ষমতা, আমি অনেক কিছুই একা করে ফেলতে পারি। কিন্তু আমি সেটা চাই না। আমি চাই, সবার মতামত নিয়ে গণতান্ত্রিকভাবে সব করতে।’সংবাদ সম্মেলনে শারজায় অনুষ্ঠিত গত পিসিএল নিয়ে বিতর্কেরও ব্যাখ্যা দেওয়া হয়েছে। যার উপসংহার, শারজাতেই শেষ দেখে ফেলেছে পিসিএল। সভাপতি বলেছেন, ‘চট্টগ্রামের ক্রিকেটের উন্নয়নের জন্য আমরা পিসিএল আয়োজনের অনুমতি দিয়েছিলাম। কিন্তু তাদের বিদেশে টুর্নামেন্ট করতে বলিনি। বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী ক্রিকেট থেকে আসা রাজস্ব বিসিবি ছাড়া আর কেউ নিতে পারবে না। কাজেই পিসিএল এবারই শেষ—নো মোর পিসিএল। যদি তারা এটা করতে চায়ও খেলা হবে চট্টগ্রামে এবং আয়োজনটা বোর্ডের মাধ্যমে হতে হবে।’জিপি-বিসিবি একাডেমির ব্যবস্থাপনা কমিটির প্রধান শাকিল কাসেমের পদত্যাগ সম্পর্কে মোস্তফা কামালের বক্তব্য, কমিটির পুনর্গঠনের ব্যাপারে তারা কখনোই সিদ্ধান্ত নেয়নি। তবে গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি বোর্ডের অধীনে না থেকে ডেভেলপমেন্ট কমিটির অধীনে থাকবে। শাকিল কাসেমের এভাবে যাওয়াটাও মেনে নিতে পারছেন না তিনি। শুধু শাকিল কাসেমই নন, পদত্যাগী মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের পদত্যাগপত্রও গ্রহণ করা হবে না জানিয়ে সভাপতি সংবাদ সম্মেলনের শেষ করলেন একটা ঘোষণা দিয়ে, ‘শাকিল কাসেম যাবেন না, রাবিদও যাবেন না। (হেসে) এটা ওয়ান ওয়ে ট্রাফিক। তাঁদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি তাঁদের সঙ্গে কথা বলেছি।’