
প্রথম দিন শেষে ৭৬ রানে অপরাজিত ছিলেন। দলের দুটি উইকেট ছিল অক্ষত। ওই অবস্থা থেকেই কাল বিকেএসপিতে বিসিবি উত্তরাঞ্চলের ফরহাদ রেজা তাঁর ইনিংস শেষ করলেন ১৫৩ রানে। তবে এই অলরাউন্ডার নিজেও ভাবেননি ইনিংসটা এত বড় হবে
সেঞ্চুরি করে কেমন লাগছে?
ফরহাদ রেজা: খুবই ভালো লাগছে। তবে শুরুতে খারাপ লাগছিল, কারণ আমার বাজে কলের জন্যই নাসির কাল (পরশু) রান আউট হয়ে যায়। সে জন্যই সেঞ্চুরি করে বেশি ভালো লাগছে।
প্রথম দিন শেষে খুব বেশি উইকেট তো হাতে ছিল না আপনাদের...
ফরহাদ: তাইজুল ইসলাম আর সাকলাইন সজীব জাতীয় লিগে আমাদের সঙ্গে একই বিভাগে খেলে। ওদের সাত-আট বছর ধরে চিনি, ওদের ওপর ভরসাও ছিল। যদি বলি উইকেটে টিকে থাকতে হবে, ওরা সেটি পারে।
কিন্তু আপনি অপরাজিত ছিলেন ৭৬ রানে, হাতে মাত্র দুই উইকেট—সেঞ্চুরির কথা কি ভেবেছিলেন?
ফরহাদ: না, অমন কোনো লক্ষ্য ছিল না। আমাদের প্রথম লক্ষ্য ছিল দলের রান ৩৫১ তে নিয়ে যাওয়া। নিজের ব্যাপারে ভাবিনি যে দেড় শ হবে।
সামনে অনেক আন্তর্জাতিক ক্রিকেট, বিসিএলে ভালো করলে জাতীয় দলে সুযোগ মিলতে পারে, এটা নিশ্চয়ই মাথায় কাজ করছে?
ফরহাদ: সে রকম না আসলে। আমার বাসা থেকেও বলেছিল যে চিন্তার কিছু নেই, ভালো খেলতে থাক। সেই ভালো খেললেই বাসার সবাই খুশি থাকে। ভালো খেললে কী হবে, সেটা নিয়ে ভাবি না।
আর নির্বাচকদের খুশি করার ব্যাপারটা?
ফরহাদ: এটি আসলে ওনাদের ওপরই নির্ভর করে। ওনারা যদি আমার পারফরম্যান্সে খুশি হন, তাহলে ভালো।
জাতীয় দলে আবার ফেরার লক্ষ্য কি নেই?
ফরহাদ: সে তো সব খেলোয়াড়েরই থাকে। আমি সর্বশেষ প্রিমিয়ার লিগে ব্যাটিং-বোলিং ভালো করেছি। টি-টোয়েন্টি, ওয়ানডে ফরম্যাটেও মোটামুটি ভালো খেলেছি। আমার কাজ ভালো পারফর্ম করা। বাকিটা নির্বাচকদের হাতে।
তার পরও প্রথম শ্রেণীর ক্রিকেটে দেড় শ রানের ইনিংস আপনাকে নিশ্চয়ই আরও বেশি আত্মবিশ্বাস জোগাবে...
ফরহাদ: তা তো অবশ্যই জোগাবে। এর আগেও আমার এমন একটি ইনিংস আছে। জাতীয় লিগে খুলনার বিপক্ষে ১৭৭ রান করেছিলাম।
আগের দিন সেঞ্চুরি থেকে ২৪ রান দূরে ছিলেন। সেখানে আজ (গতকাল) দেড় শর ওপরে রান করে ফেলবেন, এতটা ভেবেছিলেন?
ফরহাদ: আমি আসলে আত্মবিশ্বাসী ছিলাম। মুশিও (মুশফিকুর রহিম) ইতিবাচক কথা বলেছে। আর কোচ বাবুল স্যার (মিজানুর রহমান) গত জুন থেকে আমার সঙ্গে অনেক খেটেছেন। বলেছেন, ‘উইকেটে গিয়ে মারার বল মিস করবি না।’
নাসিরের রান আউটের কথাটি শুরুতে বলছিলেন। আপনার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যাওয়ায় কিছু বলেনি?
ফরহাদ: না না। ও আমাকে কিছু বলেনি। নাসির খুব হাসিখুশি ধরনের ছেলে। আমি উইকেটে দাঁড়িয়ে দেখলাম, ও আউট হয়ে এসে মাঠের পাশে বসে হাসছে। আমি সেঞ্চুরি করার পর মাঠের বাইরে এলে নাসিরই আমাকে সবার আগে জড়িয়ে ধরেছে।