৩২৯ করেও হার! অনেক প্রশ্ন উঠল সংবাদ সম্মেলনে। এই রানও কি কম হয়ে গেল মিরপুরের উইকেটে? নাকি পাকিস্তানের বাজে বোলিংই কারণ? কিংবা মিসবাহ-উল হকের রক্ষণাত্মক অধিনায়কত্ব! সব প্রশ্নের উত্তর এক কথায় দিয়ে দিলেন পাকিস্তান অধিনায়ক, ‘ভারত আমাদের দাঁড়াতেই দেয়নি।’যেকোনো উইকেটে ৩২৯ রানকে বড় স্কোর মনে করেন মিসবাহ। তা না করেও জয় না আসায় এলোমেলো বোলিংকে কিছুটা দায় দিয়েছেন পাকিস্তান অধিনায়ক। তবে মূল কৃতিত্ব দিলেন বিরাট কোহলির ১৮৩ রানের ইনিংসটিকে, ‘৩২৯ ভালো রান। আমাদের বোলাররা মাঝে একটু এলোমেলো বল করলেও ভারতের ব্যাটিংকে কৃতিত্ব দিতে হবে। কোহলি যেভাবে ব্যাটিং করেছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায়নি তাকে। অসাধারণ এক ইনিংস খেলেছে। ওকে কৃতিত্ব দিতেই হবে।’ব্যাটিংয়ের চেয়ে পাকিস্তানের বোলিংটাই বেশি ভালো। কাল ব্যর্থ হলেও মিসবাহ আরও একবার মনে করিয়ে দিয়েছেন সেটা। সঙ্গে স্বীকার করেছেন, ভারতীয় ব্যাটিংয়ের সামনে সব বোলিংই অসহায়, ‘গত এক-দেড় বছরে বোলিং দিয়ে আমরা অনেক ম্যাচ জিতেছি। কিন্তু ভারতের ব্যাটিংয়ের সামনে বোলারদের বরাবরই পরীক্ষা দিতে হয়। আজ (গতকাল) সে রকমই একটা দিন ছিল।’৩৩০ রানের লক্ষ্যকে শুরুতে ভারতের লম্বা ব্যাটিং লাইন আপের কাছেও মনে হচ্ছিল বিরাট কিছু। কিন্তু বিরাট কোহলির ব্যাটই বদলে দিয়েছে সব সমীকরণ। মিসবাহ প্রশংসার ঝাঁপি খুলে দিলেন ভারতের এই টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য, ‘বোলাররা চেষ্টা করেছে। কিন্তু ও (কোহলি) যেভাবে ব্যাটিং করছিল, আমরা বুঝতেই পারছিলাম না ওকে কীভাবে আটকাব। আমার দেখা অন্যতম সেরা ইনিংস এটি।’কোহলির আগে দুই ওপেনার নাসির জামশেদ আর মোহাম্মদ হাফিজের সেঞ্চুরির সৌজন্যেই রানের পাহাড় দাঁড় করায় পাকিস্তান। হেরে যাওয়া ম্যাচে এই দুই সেঞ্চুরিকেই প্রাপ্তি মনে হচ্ছে অধিনায়কের কাছে, ‘দুজনই খুব ভালো ব্যাটিং করে আমাদের ভালো একটা অবস্থায় নিয়ে গিয়েছিল। পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যতের জন্য এটা ভালো।’