‘ভারত খুব সংকীর্ণমনা’
দুই দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি বসে খেলা দেখেছেন। দুই দেশের ক্রিকেটারদের মধ্যেও ছিল বন্ধুত্বের প্রকাশ। দেশে ফিরে শহীদ আফ্রিদি এক প্রস্থ প্রশংসায় ভাসিয়েছিলেন ভারতীয় দলকে। কিন্তু চিরবৈরী দেশ দুটির খেলোয়াড়দের মধ্যে কখনোই যে ঐক্য সম্ভব নয়, দিন দুই পরই বুঝিয়ে দিলেন আফ্রিদি। সেমিফাইনালে হেরে দেশে ফিরে যাঁর কণ্ঠে ছিল ভারতের প্রশংসা, সেই আফ্রিদিই আঘাত হানলেন বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে থাকা ভারতীয়দের হূদয়ে। বললেন, পাকিস্তানিদের মতো ভারতীয়দের হূদয় বড় নয়।শুধু তা-ই নয়, সামা নিউজ চ্যানেলের আলোচনায় পাকিস্তান অধিনায়ক ধুয়ে দিয়েছেন ভারতীয় গণমাধ্যমকে। তাঁর দৃষ্টিতে ভারতীয় সংবাদমাধ্যমের দৃষ্টিভঙ্গি ‘খুবই নেতিবাচক’। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এবং বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীরকেও একহাত নিয়েছেন আফ্রিদি।‘আমি যদি সত্য বলি, তাদের (ভারতীয়দের) মন কখনোই মুসলমান এবং পাকিস্তানিদের মতো বড় নয়। আমি মনে করি না, তাদের মনটা বড় ও পরিষ্কার, যেমনটা আল্লাহ আমাদের দিয়েছেন’—দুই দেশের বন্ধুত্বের সম্ভাবনায় যেন নতুন করে আগুন জ্বেলে দিলেন আফ্রিদি।শত্রুতার বীজটা দুই দেশের মানুষের মননে, চেতনায়। সেটা যে কখনোই এক হওয়ার নয়, আফ্রিদি সেটা বুঝিয়ে দিয়েছেন পরের বক্তব্যেই, ‘তাদের (ভারতীয়দের) সঙ্গে একত্রে চলা কিংবা দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপন করা আমাদের জন্য খুবই কঠিন। গত ৬০ বছরে তাদের সঙ্গে কত দিন আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, আর কত দিন সেটা খারাপ গেছে, সেটা দেখলেই আপনি বুঝবেন।’তবে আফ্রিদির বিশ্বাস, প্রতিবেশী দেশ দুটির মানুষ বিবাদে জড়াতে চায় না। তৃতীয় একটি দেশের কারণেই ভারত-পাকিস্তানের সম্পর্কটা সাপে-নেউলে। ‘আমরা চাই না একে অপরের সঙ্গে যুদ্ধ করি। কিন্তু তৃতীয় একটি দেশ—প্রত্যেকেই জানে সেটি কোন দেশ, আমাদের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। (এই দেশটি) পাকিস্তানের কাছ থেকেও ফায়দা লুটতে চায়, আবার ভারতের কাছ থেকেও সুবিধা নিতে চায়। আমি বিস্তারিত বলতে চাই না। কিন্তু এই লোকগুলো আমাদের মিলিত হতে দেবে না’—ক্রিকেটার আফ্রিদি যেন কূটনীতিকের ভূমিকায়।সেমিফাইনাল সামনে রেখে বেশ কয়েকটা দিন আফ্রিদিরা কাটিয়েছে মোহালিতে। স্বাভাবিকভাবেই উত্তেজনাকর ওই মুহূর্তে হুমড়ি খেয়ে পড়েছিল ভারতীয় গণমাধ্যম। অসন্তুষ্ট আফ্রিদি বলেছেন, ‘ভারতীয় গণমাধ্যমের মনোভাব খুবই নেতিবাচক এবং খুবই নেতিবাচক চিন্তাভাবনা। জনগণ হয়তো এটা পছন্দ করে না, কিন্তু আমি মনে করি, আমাদের এবং ভারতের সম্পর্কটা নষ্ট করতে ভারতীয় গণমাধ্যম খুবই নোংরা ভূমিকা পালন করছে।’পাকিস্তানি গণমাধ্যমও জনগণের কাছে সমালোচিত। তবে ভারতীয় গণমাধ্যমের তুলনায় পাকিস্তানি গণমাধ্যম আফ্রিদির চোখে, ‘শতগুণ ভালো।’মোহালির সেমিফাইনালের আগে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ গড়াপেটা থেকে দূরে থাকার আহ্বান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক আর ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীর বিশ্বকাপটাকে উৎসর্গ করতে চেয়েছিলেন ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি। এই দুটোর কোনোটিই পছন্দ হয়নি আফ্রিদির, ‘আমি মনে করি, রেহমান মালিক এবং গৌতম গম্ভীর দুজনেই নির্বোধের মতো মন্তব্য করেছেন। গৌতমের কাছে আমি এমনটা আশা করিনি। এটা সম্পূর্ণই রাজনৈতিক বিষয়, মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা কারা করেছিল সে সম্পর্কে আপনি কতটা জানেন?’মুম্বাইয়ের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিল ১৬৬ জন। হামলা চালিয়েছিল পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর-ই-তাইয়েবা। ওয়েবসাইট।