‘ভারত সফরে পাকিস্তানের ট্রাম্পকার্ড আজমল’
দীর্ঘ পাঁচ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। এই মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ভারত সফরে পাকিস্তানের বোলিং আক্রমণের প্রধান সেনানী হিসেবে দেখা যাবে সাঈদ আজমলকে। ভারতের স্পিনসহায়ক উইকেটে আজমলই পাকিস্তানের ট্রাম্পকার্ড হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন কোচ ডেভ হোয়াটমোর। নিজের প্রতিভার প্রমাণ দিয়ে বর্তমানে আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা নিজের দখলে রেখেছেন সাঈদ আজমল। ৩৫ বছর বয়সী এই অফস্পিনার ৭১টি ওয়ানডে খেলে শিকার করেছেন ১০৯ উইকেট। আসন্ন ভারত সফরেও আজমল নিজের সক্ষমতার প্রমাণ দিতে পারবেন বলে বিশ্বাস পাকিস্তানের কোচ ডেভ হোয়াটমোরের। তিনি বলেছেন, ‘আজমল সব সময় পাকিস্তানের ট্রাম্পকার্ড হিসেবে থাকবেন। তিনি প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য একটা হুমকি।’ বর্তমানে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলছেন সাঈদ আজমল।দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ২২ ডিসেম্বর ভারতের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান ক্রিকেট দল।— ডন অনলাইন