‘ভারতীয় ভিলিয়ার্স’ হাসছেনই
অপরাজিত ১১৪, অপরাজিত ১০২, অপরাজিত ১০৭, ১৩৪...কী এগুলো? ভারতে খেলা এবি ডি ভিলিয়ার্সের সর্বশেষ চারটি ইনিংস! ১৩৪ রানের ইনিংসটি এল কাল, মোহালিতে। এই প্রশ্ন তোলাই যায়, ডি ভিলিয়ার্সের প্রতি ভারতের এই ভালোবাসার, উদারতার রহস্য কী? ভিলিয়ার্সের পূর্বপুরুষের কেউ কি ভারতীয় ছিলেন?না, ছিলেন না। তবে হাশিম আমলার পূর্বপুরুষ ভারতীয়। সেই আমলার ভারতে খেলা সর্বশেষ তিনটি টেস্ট ইনিংসে সেঞ্চুরি আছে বটে (অপরাজিত ২৫৩, ১১৪ ও অপরাজিত ১২৩); ওয়ানডেতে ছিল না। সেটি পেয়ে গেলেন কাল। আমলা-ডি ভিলিয়ার্সের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৫১ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। ১২০ রান করে অলআউট হয়ে হল্যান্ড ম্যাচটি হেরেছে ২৩১ রানে। বিশ্বকাপে যেটি চতুর্থ বৃহত্তম পরাজয়।আমলা ‘রান-মেশিন’ হয়ে আছেন এক বছরেরও বেশি সময় ধরে। তবে এই বিশ্বকাপের আসল রান-মেশিন হয়তো হয়ে উঠবেন ডি ভিলিয়ার্সই। বিশ্বকাপ শুরুর আগে বলেছিলেন, আইপিএলে খেলে যাওয়ার অভিজ্ঞতা দারুণ কাজে দিচ্ছে। ভারতীয় কন্ডিশন এখন তাঁর কাছে কেপটাউন-প্রিটোরিয়ার মতোই চেনা। চেনা বলেই টানা দুই ম্যাচে করলেন সেঞ্চুরি। প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা দুটো সেঞ্চুরির রেকর্ড।কাল ম্যাচের সবচেয়ে বড় জুটিটাও হলো দুই সেঞ্চুরিয়ানের মধ্যে। দলীয় ৫৮ রানের মধ্যে গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিস আউট হওয়ার পর তৃতীয় উইকেটে ২২১ রানের জুটি গড়েন ডি ভিলিয়ার্স-আমলা। তৃতীয় উইকেটে যেটি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ জুটির নতুন রেকর্ড। ব্যাটিং পাওয়ার প্লের শেষ দিকে দুজনই আউট হয়েছেন। তবে ওই পাঁচ ওভারে দক্ষিণ আফ্রিকাকে এনে দিয়েছেন ৬৯ রানও।আগের দিনের আইরিশ-বীরত্ব মাথায় নিয়ে মাঠে নামা হল্যান্ড অবশ্য শুরু থেকে এই রান তাড়া করার দুঃসাহস দেখায়নি। বরং ধরে খেলো নীতিই নিয়েছিল। ভালোই করছিল। একপর্যায়ে তাদের স্কোর ছিল ২ উইকেটে ৮১। কিন্তু মাত্র ৩৯ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারিয়ে তারা অলআউট হয় ১২০ রানে। ইংল্যান্ডের বিপক্ষে সেই দুর্দান্ত সেঞ্চুরির পর রায়ান টেন ডেসকাটের ওপর চোখ থাকে সবার। তার ওপর এদিন ডেসকাট নেমেছিলেন নিজের জন্মভূমির বিপক্ষে। মাত্র ১১ রান করা ডেসকাট ব্যর্থ হয়েছেন। যদিও বল হাতে নিয়েছেন ৩ উইকেট। এর মধ্যে আছে ক্যালিসের উইকেটটিও, আগের দিন যে ক্যালিস তাঁর কলামে ভূয়সী প্রশংসা করেছিলেন ‘টেনডো’র। ওয়েবসাইট।