‘ভারতীয় সূত্রে’ ভারত-বধের দাওয়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এমনকি ইংল্যান্ড—অতীতে ভারতে এসে নাকাল হয়েছে সবাই। কিন্তু গত বছর ইংল্যান্ড ভারতের অস্ত্র (স্পিন) দিয়েই ভারতকে ‘বধ’ করেছে। ভারতীয় সূত্র (দুই পেসার, দুই স্পিনার) ব্যবহার করেই ভারতে ২৮ বছর পর টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। আসন্ন ভারত সফরে অস্ট্রেলিয়াকেও তাই সেই পথেই হাঁটার পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোন্স। অস্ট্রেলিয়াকেও দুই পেসারের সঙ্গে দুই স্পিনার এবং একজন অলরাউন্ডার নিয়ে নামার পরামর্শ দেন জোন্স। স্পিন জুটি হিসেবে অফ স্পিনার নাথান লায়নের সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলকেই পছন্দ তাঁর। ম্যাক্সওয়েল ব্যাটিংটাও ভালোই পারেন। চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ানরা ভাগে ভাগে আসতে শুরু করেছে। জোন্স বলেছেন, ‘মানসিক ও শারীরিক দিক থেকে অস্ট্রেলিয়ার এ মাসের ভারত সফরটা হবে দারুণ এক পরীক্ষা। এটা কঠিনই হতে যাচ্ছে। কারণ, ২০০৪ সালের জয়টা ছিল ভারতে ১৯৬৯ সালের পর অস্ট্রেলিয়ার একমাত্র টেস্ট সিরিজ জয়।’ইংল্যান্ডের উদাহরণ টেনে সিডনি মর্নিং হেরাল্ড-এ নিজের কলামে জোন্স লিখেছেন, ‘ভারতীয়দের ফর্মুলা হলো, শুরুতে দুই উদ্বোধনী বোলার বোলিং করবে। এরপর দুই বিশেষজ্ঞ স্পিনার এবং দরকার হলে একজন পার্টটাইমারকে ব্যবহার করা। গত বছর ইংল্যান্ড ‘ভারতীয় তত্ত্ব’টাই অনুসরণ করেছে এবং ২-১-এ সিরিজ জিতেছে। আমি মনে করি, অস্ট্রেলিয়ারও তাই করা উচিত।’প্রথম টেস্ট শুরু হবে ২১ ফেব্রুয়ারি থেকে। টিম ম্যানেজমেন্টের ঝামেলা কমাতে দলের ব্যাটিং লাইনআপটাও জোন্স ঠিক করে দিচ্ছেন এখনই! অস্ট্রেলিয়ার অগ্রগামী দলটির গতকালই ভারতে পা রাখার কথা। যে দলে থাকছেন দলে ঢুকেই নিজেকে প্রমাণ করা পেসার মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড এবং ম্যাক্সওয়েল। টেস্ট সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ওয়েবসাইট।