‘ভারতীয়’ বানিয়ে আইপিএলে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তন্ময় মিশ্র নামটি কি খুব চেনা চেনা মনে হচ্ছে? চিনতে না পারলে মনে করে দেখুন, এই খেলোয়াড় গত বিশ্বকাপে খেলেছিলেন। বিশ্বকাপ খেলেছিলেন তিনি সহযোগী সদস্য দেশ কেনিয়ার হয়ে। কেনিয়ার তথৈবচ পারফরম্যান্সের মধ্যে এই তন্ময় মিশ্র একটু আলাদাভাবেই আলো ছড়িয়েছিলেন।ভারতের মুম্বাইয়ে জন্ম তাঁর। কেনিয়ায় বসবাস এবং দেশটির হয়ে খেললেও এখনো ধারণ করেন ভারতীয় পাসপোর্ট। আর সে কারণেই কিনা এবারের আইপিএলে তিনি ডেকান চার্জার্সের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে।আইপিএল ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু তন্ময় মিশ্র ভারতীয় পাসপোর্ট ধারণ করেন, তাই তাঁকে ভারতীয় ক্রিকেটার হিসেবে দলে অন্তর্ভুক্ত করতে বাধা নেই। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মানুয়ায়ী আইপিএলে খেলতে হলে একজন ভারতীয় ক্রিকেটারকে অবশ্যই প্রথম শ্রেণীর ক্রিকেট না হলেও কমপক্ষে ‘লিস্ট এ’ ক্যাটাগরির খেলায় প্রতিনিধিত্ব করতে হবে। তন্ময় মিশ্র কেনিয়ায় খেললেও ভারতে প্রথম শ্রেণীর ক্রিকেট দূরে থাক, ক্লাব ক্রিকেটেও কোনো দিন খেলেননি। এদিকে আইপিএলে এক দলে চারজন বিদেশি ক্রিকেটারের কোটা পূরণ করার পর তন্ময় মিশ্রকে ‘ভারতীয় ক্রিকেটার’ হিসেবে দলভুক্ত করায় ব্যাপারটি ইতিমধ্যেই বিতর্কের ডালপালা মেলেছে।তন্ময় মিশ্রকে যখন ডেকান চার্জার্স দলভুক্ত করেন, ঠিক তখনই তিনি কেনিয়ার হয়ে মোম্বাসায় ওয়ার্ল্ড ক্রিকেট লিগের ম্যাচ খেলছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে। ক্রিকইনফো।