‘ভারতীয়’ হয়ে যাচ্ছেন লি!
ব্রাট সিং নামটা কেমন? শুনতে মন্দ নয়। ব্রেট লি চাইলে অনায়াসে নিয়ে নিতে পারেন এই নাম। তাতে পাঞ্জাবি একটা ভাব থাকবে। ফাস্ট বোলারের সঙ্গে মানায় ভালো। কিন্তু লির নাম পাল্টানোর প্রশ্ন আসছে কেন?আসছে তাঁর ভারত প্রেম নিয়ে। অস্ট্রেলীয় ফাস্ট বোলার এই দেশটিকে যে নিজেদের দ্বিতীয় জন্মভূমি মানেন, সেই তথ্য তো সবার জানা। ভারতীয়রাও তাঁকে ভালোবাসে ভীষণ। ভারতের সংস্কৃতি আর আতিথেয়তার টানে বহুবার এসেছেন। শুধু ক্রিকেট খেলতে নয়, ক্রিকেটের বাইরেও।লি আবার এসেছেন। এবার বিশ্বকাপ খেলতে। এবার ভারতের সঙ্গে নিজের সম্পর্কটা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে। লি নিজেই জানালেন, তিনি চেষ্টা করছেন ভারতীয় সংস্কৃতি আত্মস্থ করতে, ‘ভারতের সংস্কৃতি আমি খুব ভালোবাসি। এখন আমি হিন্দি শেখার চেষ্টা করছি। প্রায় ৫০ বারের মতো এসেছি এখানে। ভারত অনেকটা আমার দ্বিতীয় বাড়ির মতো।’ভারতীয়দের সাদাসিধে জীবনযাপন, সরল জীবনদর্শন, একটু পাওয়াকেই পরম পাওয়া ধরে নেওয়ার মানসিকতাতেই মুগ্ধ লি। ‘আপনি যখনই এখানে আসবেন, মানুষ আপনাকে স্বাগত জানাবে। ভারতের সংস্কৃতিটাই এমন। আন্তরিকতায় তারা পৃথিবীর সেরা’—রায়টা লির।প্রিয় ভারতে বিশ্বকাপ খেলাটাও যে দারুণ উপভোগ করছেন, সেটা বলে না দিলেও চলছে। লি করছেন। পেস আক্রমণে তাঁর বাকি তিন সতীর্থ শন টেইট, মিচেল জনসন আর শেন ওয়াটসনও করছেন। এই চারজনের কারণে এবার বিশ্বকাপের সেরা আক্রমণটা অস্ট্রেলিয়ারই। দাবিটা লির।তিনি নিজে অবশ্য মাত্র ৩ উইকেট পেয়েছেন। যদিও উইকেট নেওয়ার চেয়ে রান না দেওয়াতেই বেশি সাফল্য তাঁর। পাওয়ার প্লের চাপটা ভালোই সামলাচ্ছেন ১৯৫ ম্যাচে ৩৩৮ উইকেটের মালিক। অবশ্য শুধু রান আটকেই সন্তুষ্ট নন, ‘আমি আরও জোরে বল করতে চাই। ছয় মাস আগেই আমি বলেছি, যদি ১৫০ কিলোমিটারে বল করতে না পারি তাহলে আর ক্রিকেটই খেলতে চাইব না।’ ওয়েবসাইট।