‘ভারতে খেলতে আমার মজাই লাগে’
ভারতে খেলতে আমার মজাই লাগে। ভারতে খেলে যতটা উপভোগ করেছি, বিশ্বের আর কোথাও খেলে তা করতে পারিনি। ভারতে এর আগেও আমরা অনেক বড় বড় হুমকি উপেক্ষা করে খেলেছি। এবারও যাব। এসব হুমকি-ধামকি কোনো ব্যাপার নয়। ভারত-পাকিস্তানের সম্পর্ক সব সময়ই সম্প্রীতির, খেলাধুলা এই সম্প্রীতিকে আরও বাড়াতে পারে। সবাই জানে, ভারত-পাকিস্তান ম্যাচ স্নায়ুর ম্যাচ। চাপ যারা জয় করতে পারবে, ম্যাচও তারাই জিতবে।১৯৯৬ বিশ্বকাপের মতো এবারও কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। তবে ভেন্যু আলাদা, বেঙ্গালুরুর জায়গায় আহমেদাবাদ। বদলাবে কি ফলও? এই দুই দেশ তো বটেই, উত্তেজনায় থরথর পুরো ক্রিকেট-বিশ্ব। উত্তেজনার পারদটা আরও ওপরে তুলে নিলেন শহীদ আফ্রিদি। জানিয়ে দিলেন, দেশের বাইরে ভারতে খেলতেই তাঁর সবচেয়ে বেশি ভালো লাগে। আর উগ্র হিন্দুবাদী সংগঠনগুলোর হুমকিকে তাঁরা পাত্তাই দিচ্ছেন না।ধন্দে পড়ে যাচ্ছেন? পাকিস্তান কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে, কিন্তু এখনো গ্রুপে অবস্থান নিশ্চিত নয়। ভারত তো এখনো নিশ্চিতই করতে পারেনি। ভারত-পাকিস্তান কোয়ার্টার ফাইনাল তবে কীভাবে হবে! হ্যাঁ, এখনো ঠিক হয়নি। তবে হওয়ার সম্ভাবনা আছে। আর ক্রিকেট-বিশ্বে উত্তেজনার কাঁপন ধরিয়ে দিয়েছে এই সম্ভাবনাই। পাকিস্তান অধিনায়ককেও গাদা গাদা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল নিয়ে!কাল পি সারা ওভালে এই প্রসঙ্গটা উঠল অবশ্য আরেকটি প্রসঙ্গের সূত্রে। কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, কোয়ার্টার ফাইনালটা ভারতে খেলতে না হলেই নাকি খুশি পাকিস্তান অধিনায়ক। শ্রীলঙ্কা-বাংলাদেশ তাঁর কাছে অনেক বেশি পছন্দের। একটু আগে রেহমান-আজমলদের যেভাবে মাঠের চারপাশে উড়িয়ে ফেলছিলেন, এই প্রশ্নেও তেমন একটা স্লগ সুইপ মারলেন আফ্রিদি, ‘জানি না, এসব খবর কোত্থেকে এল। আমি তো কোথাও পড়িওনি, দেখিওনি। যার যেভাবে ইচ্ছা, খবর বানাচ্ছে। আমার কথা হলো, বিশ্বকাপ খেলতে এসেছি ভাই, যেখানে খেলা হবে, সেখানেই খুশিমনে খেলব। আর সত্যি বলতে, আমার তো ভারতে খেলতে মজা লাগে, খেলতে চাইব না কেন!’সম্পূরক প্রশ্ন হতে সময় লাগে না, ভারতে খেলতে সবচেয়ে ভালো লাগে, তবে কি কোয়ার্টার ফাইনাল ভারতে হলেই সবচেয়ে খুশি? আফ্রিদির কণ্ঠে আত্মবিশ্বাস, ‘দেখুন, আমরা যেভাবে খেলছি, তাতে যে দেশেই হোক, যে শহরেই হোক, বা যে মাঠে, আমরা সবকিছুর জন্যই প্রস্তুত। নিজেদের খেলা খেলতে পারলে প্রতিপক্ষ নিয়ে ভাবি না।’ ‘সম্ভাবনার ম্যাচ’ প্রসঙ্গ তবু শেষ হয় না। এক ভারতীয় সাংবাদিকের কৌতূহল, ভারতের দর্শকদের কাছ থেকে কেমন ‘আতিথেয়তা’ আশা করছেন? আফ্রিদি এবার হাসেন, ‘ওটা তো গেলেই বোঝা যাবে। আমিসহ এই দলের আরও অনেকেই ভারতে খেলেছে, কখনো কোনো সমস্যা হয়নি। যাকেই জিজ্ঞাসা করুন, আমি নিশ্চিত সবাই বলবে উপভোগ করেছে।’‘সম্ভাবনা’ এবার গড়াল ‘স্বপ্নের’ দিকে। বিশ্বকাপের সেমিফাইনাল-ফাইনালে কখনো মুখোমুখি হয়নি এই দুই দেশ। কোয়ার্টার ফাইনালের চেয়ে ফাইনালে দেখা হলেই তো সবচেয়ে রোমাঞ্চকর হয়! রোমাঞ্চ ছুঁইল না আফ্রিদিকে, ‘যেখানেই দেখা হোক, সমস্যা নেই। ভারতের জন্যও শুভ কামনা, আমাদের জন্যও!’হঠাৎ একজনের হয়তো মনে পড়ল, কোয়ার্টার ফাইনালের আগে পাকিস্তানের আরেকটি ম্যাচ আছে এবং সেটাও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বশেষ পরাজয় এই পাকিস্তানের বিপক্ষেই ১৯৯৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে। অস্ট্রেলিয়াকে আবারও পরাজয়ের স্বাদ উপহার দিতে আত্মবিশ্বাসী আফ্রিদি। তবে ৯৯-র ম্যাচ নয়, আত্মবিশ্বাসের উৎস কন্ডিশন, ‘৯৯ বিশ্বকাপের পর ক্রিকেট অনেক বদলে গেছে। তবে এখানকার কন্ডিশন আমাদের পক্ষে। অবশ্যই আমরা ওদের হারাতে পারি, কেন পারব না? প্রত্যেকেই অস্ট্রেলিয়া ম্যাচের জন্য অপেক্ষা করে আছে।’অবশ্যই অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব, তবে কণ্ঠের এই আত্মবিশ্বাসের প্রতিফলন পড়তে হবে মাঠের পারফরম্যান্সে!